পাঠ্যবই-বহির্ভূত যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্ন থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরে থেকে। প্রশ্নগুলো হবে যোগ্যতাভিত্তিক।
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর লেখো।
রংপুরের পায়রাবন্দ গ্রাম। সেই গ্রামেই পায়রার পালকের মতো কোমল মনের এক শিশুর জন্ম হলো। নাম তার রোকেয়া। রোকেয়ার বড় বোন করিমুন্নেসা, বড় ভাই ইব্রাহিম সাবের। তাঁরা দুজনই রোকেয়াকে খুব স্নেহ করতেন। এই ভাইবোনের কাছেই রোকেয়ার যত আবদার। রোকেয়ার পড়াশোনা করার অদম্য আগ্রহ। বড় বোনের কাছে তিনি বাংলা শিখলেন। রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তাঁর জ্ঞানার্জন। মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসেছেন। সে বই থেকে ভাই সাবের দিচ্ছেন পাঠ। আর জ্ঞানের জন্য তৃষ্ণার্ত বোন রোকেয়া শিখছেন কত্ত কিছু! রাতের পর রাত এভাবেই কেটে গেছে। লুকিয়ে লুকিয়ে এভাবেই পড়া শিখেছেন রোকেয়া।
সেই সময়টা ছিল আসলে এমনই। মেয়েদের স্বাধীনতা ছিল না, ছিল না লেখাপড়া করার সুযোগ। যা কিছু করার অধিকার, সবই ছিল ছেলেদের। মেয়েরাও যে পড়াশোনা শিখে কিছু করতে পারে, সে কথা কেউ ভাবতে পারত না। খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হতো। রোকেয়ার বোন করিমুন্নেসার ১৪ বছর বয়সে বিয়ে হয়ে গেল। রোকেয়ার হলো ১৬ বছর বয়সে। বিয়ের পর স্বামীর নামানুসারে তাঁর নাম হলো রোকেয়া সাখাওয়াত হোসেন। এরপর স্বামীর সঙ্গে তিনি পাড়ি জমালেন ভাগলপুরে। ১৯০৯ সনে রোকেয়ার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের মৃত্যু হয়। মৃত্যুর আগে স্বামী কিছু অর্থ রেখে যান। এবার রোকেয়ার শুরু হলো আরেক জীবন। মুসলমান মেয়েরা তখন অনেক পিছিয়ে। সমাজ তাদের লেখাপড়া নিয়ে ভাবতেই পারেনি। তাদের লেখাপড়া করার কোনো স্কুলও ছিলনা। কিন্তু মেয়েদের যদি উন্নতি করতে হয়, লেখাপড়া শিখতেই হবে। নিজের জীবন দিয়ে তিনি সেটা বুঝেছিলেন। বুঝেছিলেন ছেলেদের যে অধিকার, মেয়েদেরও তো সেই অধিকার থাকার কথা। ছেলেদের তুলনায় মেয়েরা পিছিয়ে থাকলে সেই সমাজের উন্নতি হতে পারে না। দেশেরও নয়। তিনিই প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন।
৯ ডিসেম্বর ১৮৮০ সালে জন্মগ্রহণ করেছিলেন রোকেয়া। মৃত্যুও হয় ৯ ডিসেম্বর ১৯৩২ সালে। নারীজাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১। রোকেয়ার যত আবদার কার কাছে?
ক. ভাইয়ের কাছে খ. বড় বোনের কাছে গ. ভাইবোনের কাছে ঘ. মা-বাবার কাছে
২। রোকেয়া কার কাছে বাংলা শিখলেন?
ক. বাবার কাছে খ. মায়ের কাছে গ. বড় ভাইয়ের কাছে ঘ. বড় বোনের কাছে
৩। রোকেয়ার বিয়ে হয় কত বছর বয়সে?
ক. ১৬ বছর বয়সে খ. ১০ বছর বয়সে গ. ১৪ বছর বয়সে ঘ. ১২ বছর বয়সে
৪। রোকেয়ার আমলে মেয়েদের—
ক. যথেষ্ট স্বাধীনতা ছিল খ. স্বাধীনতা ছিল না গ. মেয়েদের লেখাপড়ার সুযোগ ছিল ঘ. মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হতো না
৫। রোকেয়া জন্মগ্রহণ করেন—
ক. ৯ ডিসেম্বর ১৮৮০ খ. ৯ নভেম্বর ১৮৮০ গ. ৯ ডিসেম্বর ১৯৩২ ঘ. ১৮ ডিসেম্বর ১৮৯০
৬। ছকে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া আছে। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো।
শব্দ অর্থ
অগ্রদূত যিনি পথ দেখান
চিরস্মরণীয় সব সময় যাঁকে মানুষ স্মরণ করে
স্নেহ ভালোবাসা
অধিকার দাবি
প্রতিষ্ঠা তৈরি
সমাজ আমাদের চারপাশের পরিবেশ, মানুষ
ক. বেগম রোকেয়া নারীজাগরণের — ছিলেন।
খ. কাজী নজরুল ইসলাম একজন — কবি।
গ. শিক্ষকেরা ছাত্রদের সব সময় — করেন।
ঘ. বেগম রোকেয়া আজীবন মেয়েদের — প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন।
ঙ. শফিক সাহেব একটি বিদ্যালয় — করেছেন।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? শৈশবে তিনি কার কার কাছে জ্ঞান অর্জন করেন এবং কীভাবে পড়াশোনা করতেন? চারটি বাক্যে লেখো।
খ. সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল? পাঁচটি বাক্যে লেখো।
গ. বেগম রোকেয়াকে কেন নারীজাগরণের অগ্রদূত বলা হয়? পাঁচটি বাক্যে লেখো।
৫ নম্বর প্রশ্নের উত্তর
১. গ. ভাইবোনের কাছে, ২. ঘ. বড় বোনের কাছে, ৩. ক. ১৬ বছর বয়সে,
৪. খ. স্বাধীনতা ছিল না,
৫. ক. ৯ ডিসেম্বর ১৮৮০।
৬ নম্বর প্রশ্নের উত্তর
ক. বেগম রোকেয়া নারীজাগরণের অগ্রদূত ছিলেন।
খ. কাজী নজরুল ইসলাম একজন চিরস্মরণীয় কবি।
গ. শিক্ষকেরা ছাত্রদের সব সময় স্নেহ করেন।
ঘ. বেগম রোকেয়া আজীবন মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন।
ঙ. শফিক সাহেব একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।
৭ নম্বর প্রশ্নের উত্তর
ক.
রংপুরের পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। রোকেয়ার বড় বোন করিমুন্নেসা ও বড় ভাই ইব্রাহিম সাবের রোকেয়াকে খুব স্নেহ করতেন। পড়াশোনায় অদম্য আগ্রহী রোকেয়া শৈশবে বড় বোন ও বড় ভাইয়ের কাছে জ্ঞানার্জন করেন। রাত গভীর হলে বড় ভাইয়ের কাছে তাঁর জ্ঞান অর্জন শুরু হতো। এভাবে লুকিয়ে লুকিয়ে বেগম রোকেয়া পড়াশোনা করতেন।
খ.
সেকালে মেয়েদের স্বাধীনতা ছিল না। লেখাপড়া করার সুযোগ ছিল না। যা কিছু অধিকার, সবই ছিল ছেলেদের। মেয়েরাও যে পড়াশোনা শিখে কিছু করতে পারে, সে কথা কেউ ভাবতে পারত না। খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হতো।
গ.
সেকালে মেয়েদের লেখাপড়া করার কোনো সুযোগ ছিল না। বেগম রোকেয়া বুঝেছিলেন, ছেলেদের যে অধিকার, মেয়েদেরও সেই অধিকার থাকার কথা। ছেলেদের তুলনায় মেয়েরা পিছিয়ে থাকলে সমাজ ও দেশের উন্নতি হতে পারে না। তিনিই প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। তাই তাঁকে নারীজাগরণের অগ্রদূত বলা হয়।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা