পাঠ্যবই-বহির্ভূত যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্ন থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরে থেকে। এই প্রশ্নগুলো হবে যোগ্যতাভিত্তিক।
অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর লেখো।
বাংলাদেশ একটি স্বাধীন দেশ। একসময় এ দেশ পাকিস্তানের একটি অংশ ছিল। তখন পাকিস্তানিরা আমাদের শাসন করেছে। তারা নানাভাবে এ দেশকে শোষণও করেছে। পাকিস্তানিদের শাসন ও শোষণের বিরুদ্ধে অনেক আন্দোলন-সংগ্রাম হয়েছে। অবশেষে ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন। শুরু হলো মুক্তিযুদ্ধ। দেশকে পরাধীনতা থেকে মুক্ত করার জন্য শুরু হয়েছিল এই যুদ্ধ। তাই একে বলে মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধে যোগ দিলেন কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, পুলিশ, সশস্ত্র বাহিনীর সদস্য, জনতাসহ সর্বস্তরের অগণিত মানুষ। জীবন বাজি রেখে তাঁরা ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতার সংগ্রামে। পাকিস্তানি হানাদার বাহিনীকে যেভাবেই হোক পরাজিত করতে হবে। শত্রুমুক্ত করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ অর্জন করবে স্বাধীনতা। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ শত্রুমুক্ত হলো। এল আমাদের চূড়ান্ত বিজয়। দেশকে মুক্ত করার জন্য মুক্তিযোদ্ধারা যে সাহস ও বীরত্ব দেখিয়েছেন, তার তুলনা নেই। যুদ্ধ শেষে সেরা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন উপাধিতে ভূষিত করা হয়েছে। ‘বীরশ্রেষ্ঠ’ হলো মুক্তিযুদ্ধে বীরত্বের সবচেয়ে বড় উপাধি। মাত্র সাতজন বীর এই সম্মান লাভ করেছেন। মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব, আমাদের অহংকার। মুক্তিযোদ্ধাদের কথা আমরা ভুলিনি, ভুলব না। তাঁদের আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১। পাঠটি কোন বিষয় নিয়ে লেখা?
ক. দেশ নিয়ে খ. দেশ ও মাটি নিয়ে
গ. মুক্তিযুদ্ধ নিয়ে ঘ. মাকে নিয়ে
২। কত সময় ধরে মুক্তিযুদ্ধ হয়েছিল?
ক. দীর্ঘ ৫ মাস খ. দীর্ঘ ৬ মাস
গ. দীর্ঘ ৮ মাস ঘ. দীর্ঘ ৯ মাস
৩। উষ্ণ শব্দটির ‘ষ্ণ’ যুক্ত বর্ণটিতে আছে—
ক. ষ+ঞ খ. ষ+ন গ. ষ+ণ ঘ. ষ+ঙ
৪। বাঙালিদের প্রতি অন্যায় ও শাসনের নামে শোষণ মেনে না নেওয়ার কারণ কোনটি?
ক. এরা সংগ্রামী খ. এরা বিদ্রোহী
গ. এরা স্বাধীনচেতা ঘ. এরা স্বেচ্ছাচারী
৫। বারবার বিদ্রোহ আর প্রতিবাদের কারণে ভিনদেশি শাসকেরা কখনো এ দেশে কী করতে পারেননি?
ক. শাসন প্রয়োগ করেননি
খ. আইন প্রয়োগ করতে পারেননি
গ. নিজেদের অধিকার পাননি
ঘ. স্থায়ীভাবে শাসনের ভিত্তি গড়তে পারেননি
৬। ছকে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো।
শব্দ শব্দার্থ
অহংকার গর্ব
সর্বস্তরের সব শ্রেণি ও পেশার
গৌরব মর্যাদা
অগণিত অসংখ্য
পরাজিত পরাস্ত
বীরশ্রেষ্ঠ বীরদের মধ্যে সেরা
ক. মুক্তিযোদ্ধারা আমাদের —।
খ. নিজেকে বড় মনে করায় কোনো — নেই।
গ.মুক্তিযুদ্ধে দেশের— মানুষ অংশগ্রহণ করেছিলেন।
ঘ. আকাশে আছে — তারা।
ঙ. মুক্তিযোদ্ধাদের একটাই লক্ষ্য ছিল যে হানাদার বাহিনীকে — করতে হয়।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. বাঙালির মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পাঁচটি কারণ লেখো।
খ. বাংলাদেশের মানুষ কেন মুক্তিযুদ্ধ করেছিলেন? পাঁচটি বাক্যে লেখো।
গ. মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠর নাম লেখো।
৫ নম্বর প্রশ্নের উত্তর
১. গ. মুক্তিযুদ্ধ ২. ঘ. দীর্ঘ ৯ মাস ৩. গ. ষ+ণ
৪. গ. এরা স্বাধীনচেতা। ৫. ঘ. স্থায়ীভাবে শাসনের ভিত্তি গড়তে পারেননি।
৬ নম্বর প্রশ্নের উত্তর
ক. মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার।
খ. নিজেকে বড় মনে করায় কোনো গৌরব নেই।
গ.মুক্তিযুদ্ধে দেশের সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেছিলেন।
ঘ. আকাশে আছে অগণিত তারা।
ঙ. মুক্তিযোদ্ধাদের একটাই লক্ষ্য ছিল যে হানাদার বাহিনীকে পরাজিত করতে হবে।
৭ নম্বর প্রশ্নের উত্তর
ক.
বাঙালির মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পাঁচটি কারণ নিচে দেওয়া হলো:
১। দেশকে শোষকের হাত থেকে রক্ষা করা।
২। দেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করা।
৩। হানাদার বাহিনীর অন্যায় ও অত্যাচার থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করা।
৪। শাসক ও শোষকদের অন্যায়-অবিচার থেকে দেশের মানুষকে মুক্ত করা।
৫। দেশকে স্বাধীন ও শত্রুমুক্ত করা।
খ.
পাকিস্তান সরকার এ দেশের মানুষের ওপর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে যে নিপীড়ন চালিয়েছিল, তা থেকে মুক্তি পাওয়ার জন্যই বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিলেন।
১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই পাকিস্তানি শাসকেরা এ দেশের মানুষের ওপর বৈষম্যমূলক আচরণ শুরু করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালিরা তখন প্রতিবাদী হয়ে ওঠেন। এতে পাকিস্তানি শাসকেরা বাঙালিদের দমাতে চেষ্টা করেন। তারই জবাবে ১৯৭১ সালে বাঙালিরা মুক্তিযুদ্ধ শুরু করেন।
গ.
মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠ হলেন—
১। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
২। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
৩। সিপাহি হামিদুর রহমান
৪। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
৫। সিপাহি মোস্তফা কামাল
৬। ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন
৭। ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা