বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যবই-বহির্ভূত

  যোগ্যতাভিত্তিক প্রশ্ন

প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্ন থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরে থেকে। এই প্রশ্নগুলো হবে যোগ্যতাভিত্তিক।

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর লেখো।

দিপু একজন ছাত্র। সে সাভার প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও তার বেশ আগ্রহ রয়েছে। স্কুলের মাঠে ‘আন্তস্কুল ক্রিকেট’ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আজ ফাইনাল খেলা। দিপু আগ্রহসহকারে ক্রিকেট খেলা দেখছে। ওয়ানডে ক্রিকেট খেলা হচ্ছে। দুই দলে ১১ জন করে মোট ২২ জন খেলোয়াড় রয়েছে। মাঠে খেলার সময় এক দলের দুজন ক্রিকেটার ব্যাট করছে। অন্য দলের ১১ জন ক্রিকেটার ফিল্ডিং করছে। এই ১১ জন ক্রিকেটারের মধ্যে একজন বল করছে, একজন উইকেটের পেছনে উইকেট কিপিং করছে আর বাকি নয়জন সারা মাঠে ফিল্ডিং করছে। তাদের মধ্যে একজন অধিনায়ক হিসেবে মাঠে খেলার নেতৃত্ব দিচ্ছে। সে ফিল্ডিং সাজানো ও কোন বোলার কখন বল করবে, তাও ঠিক করে দেয়। খেলা পরিচালনা করছে দুজন আম্পায়ার। মোট ৫০ ওভারের খেলা। প্রতি ওভারে ছয়টি করে বল করা হয়। বুদ্ধিমত্তা, স্থিরতা ও সহিষ্ণুতা হচ্ছে এই খেলার প্রাণ।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।

১। অনুচ্ছেদটিতে কোন খেলা সম্পর্কে বলা হয়েছে?

ক. ফুটবল খেলা খ. ক্রিকেট খেলা

গ. হকি খেলা ঘ. কাবাডি খেলা

২। ক্রিকেট খেলায় প্রতি দলে কয়জন খেলোয়াড় থাকে?

ক. ৭ জন খ. ৯ জন গ. ১১ জন ঘ. ১৩ জন

৩। ‘পঞ্চাশ’ শব্দের ‘ঞ্চ’ যুক্তবর্ণটি গঠিত হয়েছে কোন কোন শব্দ দিয়ে?

ক. ণ + চ খ. চ + চ গ. ঞ + ঞ ঘ. ঞ + চ

৪। খেলায় সাফল্য লাভের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কোনটি?

ক. শারীরিক শক্তি ও সাহস খ. পরিশ্রম ও সাহস

গ. ধৈর্য ও সহিষ্ণুতা ঘ. আদর্শ ও জ্ঞান

৫। সবচেয়ে বেশি সময় ধরে খেলা হয় কোনটি?

ক. ফুটবল খ. কাবাডি গ. হকি ঘ. ক্রিকেট

৬। ছকে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া আছে। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো।

শব্দ                     শব্দার্থ

ক্রিকেট                  একটি খেলার নামবিশেষ

অনুষ্ঠিত                       সম্পাদিত

ফাইনাল                      চূড়ান্ত

অধিনায়ক                    দলনেতা

টুর্নামেন্ট                      ক্রীড়া প্রতিযোগিতা

আম্পায়ার                    বিচারক 

ক. প্রতিবছর আমাদের খেলার মাঠে ক্রিকেট — অনুষ্ঠিত হয়।

খ. ক্রিকেট টুর্নামেন্টে আমাদের বিদ্যালয় — খেলবে।

গ. বাংলাদেশের বর্তমান ওয়ানডে ক্রিকেট দলের — মাশরাফি বিন মুর্তজা।

ঘ. আজ বিকেলবেলা আমাদের স্কুলমাঠে ফুটবল খেলা — হবে।

ঙ. — একটি জনপ্রিয় খেলা।

৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:

ক. ‘ওয়ানডে’ ক্রিকেট খেলা বলতে কী বোঝায়?

খ. ক্রিকেট খেলা থেকে আমরা কী শিক্ষা লাভ করতে পারি? পাঁচটি বাক্যে লেখো।

গ. ক্রিকেট খেলায় আম্পায়ারের ভূমিকা পাঁচটি

বাক্যে লেখো।

৫ নম্বর প্রশ্নের উত্তর

১. খ. ক্রিকেট খেলা ২. গ. ১১ জন ৩. ঘ. ঞ + চ ৪. গ. ধৈর্য ও সহিষ্ণুতা ৫. ঘ. ক্রিকেট

৬ নম্বর প্রশ্নের উত্তর

ক. প্রতিবছর আমাদের খেলার মাঠে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খ. ক্রিকেট টুর্নামেন্টে আমাদের বিদ্যালয় ফাইনাল খেলবে।

গ. বাংলাদেশের বর্তমান ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ঘ. আজ বিকেলবেলা আমাদের স্কুলমাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।

ঙ. ক্রিকেট একটি জনপ্রিয় খেলা।

৭ নম্বর প্রশ্নের উত্তর

ক.

ক্রিকেট খেলার একটি সংস্করণ হলো ‘ওয়ানডে ক্রিকেট’। এই সংস্করণে দুটি দলের প্রতিটি দল ৫০ ওভার করে ব্যাটিং করে থাকে এবং সাত ঘণ্টার মধ্যে এই খেলা সম্পন্ন হয়। রঙিন পোশাকে এই খেলা অনুষ্ঠিত হয়। ওয়ানডে ক্রিকেট সংস্করণে এক দলের একজন বোলার সর্বোচ্চ ১০ ওভার বল করতে পারে। প্রতি ওভারে ছয়টি করে বল করা হয়।

খ.

ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। এই খেলাটি ধৈর্য ধরে খেলতে হয়। এই খেলায় নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। দলের অন্যান্য খেলোয়াড়ের সঙ্গে খুব ভালো বোঝাপড়া থাকতে হয়। তাই এই খেলার মাধ্যমে আমরা ধৈর্য, সমঝোতা, সতর্কতা ও দায়িত্বশীলতা সম্পর্কে শিক্ষালাভ করতে পারি।

গ.

আম্পায়ার মাঠে ক্রিকেট খেলা পরিচালনার দায়িত্ব পালন করে থাকে। ওভারের প্রতিটি বল সে গণনা করে। আম্পায়ার একজন ব্যাটসম্যানের কোন বলে কত রান হলো এবং বোলারের ওয়াইড বল ও নো বলের সংকেত দেয়। খেলার মাঠের শৃঙ্খলা রক্ষার দায়িত্বও তার। একজন খেলোয়াড় আউট হলে সে সংকেত দেয়।

সিনিয়র শিক্ষক

আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা