বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যবই-বহির্ভূত যোগ্যতাভিত্তিক প্রশ্ন

প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্ন থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরে থেকে। এই প্রশ্নগুলো হবে যোগ্যতাভিত্তিক।

অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর লেখো

১৯৫২ সাল। ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ। বাংলা মাসের হিসেবে ফাল্গুন মাস। বসন্তকাল। কোনো কোনো গাছ থেকে পাতা ঝরে পড়ছে। কোনো কোনো গাছে নতুন পাতা গজিয়েছে। পলাশ ফুল ফুটেছে। বাগানে ফুটেছে গাঁদা ও ডালিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। চারদিকে কেমন থমথমে ভাব। পুলিশ কোনো প্রকার মিছিল করতে নিষেধ করেছে। কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন চলছে ছাত্রদের। পাকিস্তান সরকার সেই দাবি মানছে না। তারা চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে। বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে। তারা ১৪৪ ধারা জারি করে। পুলিশ চারজনের বেশি লোককে জড়ো হতে দিচ্ছে না। কিন্তু ছাত্র-জনতা তা মানবেন না। তাঁরা মিছিল করবেন। শোনা গেল, পুলিশ মিছিলে গুলি করতে পারে। কিন্তু টগবগে তরুণেরা বেপরোয়া। তাঁরা জীবন দেবেন, কিন্তু মায়ের ভাষার দাবি ছাড়বেন না। তাঁরা ১৪৪ ধারা ভঙ্গ করলেন। মিছিল বের হলো। পুলিশ গুলি করল। গুলিতে নিহত হলেন রফিক, সালাম, বরকত, জব্বারসহ বাংলার আরও অনেক নাম না-জানা দামাল ছেলে। তাঁরা আমাদের ভাষাশহিদ। তাই কবির ভাষায় বলতে পারি, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’। একুশ আমার অহংকার, একুশ আমার গর্ব।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।

১। ১৯৫২ সালে কোন আন্দোলন হয়েছিল?

ক. স্বাধীনতা আন্দোলন খ. গণ আন্দোলন গ. ছাত্রআন্দোলন ঘ. ভাষা আন্দোলন

২। পুলিশ কেন মিছিলে গুলিবর্ষণ করেছিল?

ক. বাংলা ভাষার অধিকার দিতে খ. আন্দোলন দমন করার জন্য

গ. মিছিল ছত্রভঙ্গ করার জন্য ঘ. অন্যায়ভাবে মিছিল করায়

৩। ভাষা আন্দোলন হয়েছিল কত সালে?

ক. ১৯৪৭ খ. ১৯৫২ গ. ১৯৬৬ ঘ. ১৯৭১

৪। রাষ্ট্রভাষা বাংলা আমরা অর্জন করেছি কিসের বিনিময়ে?

ক. রক্তের খ. চুক্তির গ. অর্থের ঘ. সমঝোতার

৫। মাতৃভাষা বলতে কী বোঝো?

ক. কথ্য ভাষা খ. মায়ের মুখের ভাষা গ. বিদেশি ভাষা ঘ. লোকের ভাষায় বলে

৬। নিচের ছকে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো।

শব্দ                        শব্দার্থ

থমথমে                     নীরব অবস্থা

মিছিলে                     শোভাযাত্রায়

টগবগ                      গরম হয়ে ওঠা

বেপরোয়া                  কোনো বাধানিষেধ মানে না এমন

শহিদ                       ন্যায়ের জন্য যাঁরা জীবন দেন

ক. গভীর রাতে চারদিকে — ভাব বিরাজ করে।

খ. — জীবনযাপন কারও জন্য ভালো নয়।

গ. চায়ের পানি — করে ফুটছে।

ঘ. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি — পুলিশ গুলি করেছিল।

ঙ. প্রতিবছর ২১ ফেব্রুয়ারি আমরা ভাষা — স্মরণে শহিদ মিনারে ফুল দিই।

৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।

ক. কত সালে ভাষা আন্দোলন হয়েছিল? আমরা ২১ ফেব্রুয়ারি শহিদ মিনারে ফুল দিই কেন? চারটি বাক্যে লেখো।

খ. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ঘটনাটি পাঁচটি বাক্যে উল্লেখ করো।

গ. পাঁচটি বাক্যে বাংলার সন্তানদের ১৪৪ ধারা ভঙ্গ করার ঘটনাটি বর্ণনা করো।

৫ নম্বর প্রশ্নের উত্তর

১. ঘ. ভাষা আন্দোলন ২. খ. আন্দোলন দমন করার জন্য ৩. খ. ১৯৫২ সালে

৪. ক. রক্তের ৫. খ. মায়ের মুখের ভাষা

৬ নম্বর প্রশ্নের উত্তর

ক. গভীর রাতে চারদিকে থমথমে ভাব বিরাজ করে।

খ. বেপরোয়া জীবনযাপন কারও জন্য ভালো নয়।

গ. চায়ের পানি টগবগ করে ফুটছে।

ঘ. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মিছিলে পুলিশ গুলি করেছিল।

ঙ. প্রতিবছর ২১ ফেব্রুয়ারি আমরা ভাষাশহিদদের স্মরণে শহিদ মিনারে ফুল দিই।

৭ নম্বর প্রশ্নের উত্তর

ক.

ভাষা আন্দোলন হয়েছিল ১৯৫২ সালে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মত্যাগের দিন ২১ ফেব্রুয়ারি। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার দাবিতে বাংলামায়ের দামাল ছেলেরা এদিন বুকের রক্ত দিয়েছিলেন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা শহিদ মিনারে ফুল দিই। শহিদ মিনারে ফুল দেওয়ার মধ্য দিয়ে আমরা ভাষাশহিদদের আন্তরিকভাবে স্মরণ করি।

খ.

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের মিছিল এগিয়ে যাচ্ছিল। পাকিস্তানি শাসকগোষ্ঠীর পুলিশ বাহিনী এই মিছিলে গুলিবর্ষণ করে। এতে শহিদ হন রফিক, বরকত, সালাম, জব্বারসহ বাংলামায়ের আরও অনেক নাম না-জানা দামাল ছেলে। বুকের রক্ত দিয়ে তাঁরা সেদিন বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেন।

গ.

বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। অথচ পাকিস্তানি শাসকগোষ্ঠী তাদের উর্দু ভাষা আমাদের ওপর চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বাংলার বীর সন্তানেরা তা মেনে নেননি। তাঁরা এর তীব্র প্রতিবাদ করে আন্দোলনের প্রস্তুতি নেন। শাসকগোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে বাংলামায়ের দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়েন আন্দোলনে।

সিনিয়র শিক্ষক,আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা