বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ১২ নম্বর প্রশ্ন: কবিতার চরণ
সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১২ নম্বর প্রশ্নটি থাকবে ‘কবিতার চরণ সাজিয়ে লেখো’। নিচে নির্বাচিত কবিতার নমুনা দেওয়া হলো।

# নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. নিচে কবিতার চরণগুলো পরপর সাজিয়ে লেখো।
সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে,
মেসের চাকর হয় লবেজান সেঁক দিতে ভাঙা হাড়ে,
সারারাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে।
হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার।
মালিশ মাখিছে প্রতি গিঁটে গিঁটে কাত্ হয়ে বিছানাতে।
আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়
খ. কবিতাংশটুকু কোন কবিতার তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. ইমদাদ হক সম্পর্কে চারটি বাক্য লেখো।
উত্তর:
ক. নিচে কবিতার চরণগুলো সাজিয়ে লেখা হলো।
আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়
হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার।
সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে,
মালিশ মাখিছে প্রতি গিঁটে গিঁটে কাত্ হয়ে বিছানাতে।
মেসের চাকর হয় লবেজান সেঁক দিতে ভাঙা হাড়ে,
সারারাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে।
খ. কবিতাংশটুকু ‘ফুটবল খেলোয়াড়’ কবিতার অংশ।
গ. কবিতাটির কবির নাম জসীমউদ্দীন।
ঘ. ইমদাদ হক একজন জাত খেলোয়াড়। খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। খেলতে গিয়ে ইমদাদ অন্তহীন আঘাত পায়। তবু সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে এবং তার জন্যই খেলায় জিতে আসে।

# নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার চরণগুলো পরপর সাজিয়ে লেখো।
তোমারি করুণাকামী।
সরল সঠিক পুণ্য পন্থা
দ্যুলোকে-ভূলোকে সবারে ছাড়িয়া
মোদের দাও গো বলি
তোমারি সকাশে যাচি হে শকতি
তোমারি চরণে পড়ি লুটাইয়া
খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. আমরা কোন পথে চলতে চাই না? কেন?
উত্তর:
ক. নিচে কবিতার চরণগুলো সাজিয়ে লেখা হলো।
দ্যুলোকে-ভূলোকে সবারে ছাড়িয়া
তোমারি চরণে পড়ি লুটাইয়া
তোমারি সকাশে যাচি হে শকতি
তোমারি করুণাকামী।
সরল সঠিক পুণ্য পন্থা
মোদের দাও গো বলি
খ. কবিতার অংশটুকু ‘প্রার্থনা’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম গোলাম মোস্তফা।
ঘ. যে পথ ভালো নয় যে পথ চির অভিশাপের, যে পথ ভুল, যে পথ চির পরিতাপের, সেই পথে আমরা চলতে চাই না। সত্য ও সুন্দর পথ আমাদের সবারই কাম্য। কিন্তু এই কল্যাণ ও মঙ্গলময় পথের পাশাপাশি অভিশপ্ত আর পরিতাপের পথও রয়েছে। এই ভুল পথে একবার প্রবেশ করলে দুঃখের সীমা থাকে না। জীবনে নেমে আসে গভীর শোক ও দুঃখ। আমরা এ রকম জীবন কামনা করি না। তাই আমরা অভিশাপ ও অশান্তির পথে চলতে চাই না।
# নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
কাল যেখানে পরাজয়ের
আজ সেখানে আলো।
কাল যেখানে আঁধার ছিল
কালো সন্ধ্যা হয়,
আজ সেখানে ভালো।
কাল যেখানে মন্দ ছিল
খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. ‘কাল যেখানে আঁধার ছিল আজ সেখানে আলো।’—কথাটির অর্থ কী?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো।
কাল যেখানে আঁধার ছিল
আজ সেখানে আলো।
কাল যেখানে মন্দ ছিল,
আজ সেখানে ভালো।
কাল যেখানে পরাজয়ের
কালো সন্ধ্যা হয়,
খ. কবিতাংশটুকু ‘রৌদ্র লেখে জয়’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম শামসুর রাহমান।
ঘ. ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। পাকিস্তানিরা এ দেশের মানুষের ওপর নানা রকম অত্যাচার ও নির্যাতন চালিয়েছিল। কিন্তু বাংলার মানুষ তাদের এই অত্যাচার মেনে না নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। অনেক রক্ত ও প্রাণের বিনিময়ে অর্জিত হয় আমাদের এই স্বাধীনতা। এ দেশের আকাশ থেকে অত্যাচারীর কালো মেঘ সরে গিয়ে নীল আকাশে ছড়িয়ে পড়ে স্বাধীন সূর্যের আলো। কবি এ বিষয়টি স্পষ্টভাবে বোঝানোর জন্যই বলেছেন, কাল যেখানে আঁধার ছিল, আজ সেখানে আলো।
# নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
তাদের কথা দেশের মানুষ
কখনো ভুলবে না।
আবার দেখি নীল আকাশে
পায়রা মেলে পাখা,
হানাদারের সঙ্গে জোরে
লড়ে মুক্তি-সেনা,
খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. দেশের মানুষ কাদের কথা কখনো ভুলবে না? বুঝিয়ে লেখো।
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো।
হানাদারের সঙ্গে জোরে
লড়ে মুক্তি-সেনা,
তাদের কথা দেশের মানুষ
কখনো ভুলবে না।
আবার দেখি নীল আকাশে
পায়রা মেলে পাখা,
খ. কবিতাংশটুকু ‘রৌদ্র লেখে জয়’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম শামসুর রাহমান।
ঘ. ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। কারণ, তাঁরাই হানাদার পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করে তাদের এ দেশ থেকে বিতাড়িত করেছিলেন। সেই সব সাহসী মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা