বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রচনা লেখো: যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১৫ নম্বর প্রশ্ন থাকবে রচনা লেখার ওপর। প্রশ্নটি হবে যোগ্যতাভিত্তিক। রচনা থাকবে চারটি; এর মধ্যে একটির উত্তর লিখতে হবে। রচনায় ইঙ্গিত দেওয়া থাকবে। অনুশীলনের সুবিধার্থে আজ একটি রচনার নমুনা দেওয়া হলো।
জাতীয় ফল কাঁঠাল
(সংকেত: ভূমিকা, প্রাপ্তিস্থান, কাঁঠালের বর্ণনা, ফলনের সময়, চাষের নিয়ম, উপকারিতা, অপকারিতা ও উপসংহার।)
ভূমিকা: ফুলের দেশ, ফলের দেশ আমাদের এই বাংলাদেশ। এখানে বিভিন্ন ঋতুতে অসংখ্য ফলের সমারোহ দেখা যায়। এই অসংখ্য ফলের মধ্যে কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠাল গ্রীষ্মকালীন ফল।
প্রাপ্তিস্থান: কাঁঠাল বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার আদিম ফল। বাংলাদেশের ঢাকা, গাজীপুর, সিলেট, রংপুর, বান্দরবান ও চট্টগ্রামে প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায়। এ ছাড়া প্রায় সারা দেশেই কম-বেশি কাঁঠাল পাওয়া যায়।
কাঁঠালের বর্ণনা: কাঁঠালের সারা গায়ে ছোট ছোট কাঁটা থাকে। কাঁঠাল ছোট-বড় নানা আকৃতির হয়। দেখতে কিছুটা গোলাকার, আবার লম্বাটে আকৃতির কাঁঠালও দেখা যায়।
ফলনের সময়: কাঁঠাল উঁচু জমির ফল। যেখানে বৃষ্টির পানি জমে না, সেখানে কাঁঠাল গাছ ভালো জন্মে। ফাল্গুন মাসে কাঁঠালের গাছে অঙ্কুর দেখা দেয় এবং ক্রমে তা বড় হয়ে পূর্ণ কাঁঠালে রূপ নেয়। সাধারণত জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল পাকতে শুরু করে।
চাষের নিয়ম: উষ্ণ ও আর্দ্র জলবায়ু কাঁঠাল চাষের জন্য উপযোগী। এঁটেল-দোআঁশ মাটি কাঁঠাল চাষের জন্য ভালো। কাঁঠালের বিচি কোষসুদ্ধ বা কোষ ছাড়া দুভাবেই রোপণ করা যায়।
উপকারিতা: কাঁঠাল স্বাদে-গন্ধে একটি অনন্য ফল। কাঁচা কাঁঠালের তরকারি খাওয়া যায়। কাঁঠাল এমন একটি ফল, যার বিচিও নানাভাবে খাওয়া যায়।
অপকারিতা: কাঁঠাল মুখরোচক হলেও এটি গুরুপাক খাদ্য। কাঁঠাল সহজে হজম হয় না। কাঁঠাল অতিরিক্ত খাওয়া উচিত নয়। তবে কাঁঠালই সবচেয়ে আমিষসমৃদ্ধ ফল।
উপসংহার: কাঁঠাল বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। ফল হিসেবে কাঁঠাল অত্যন্ত জনপ্রিয়। শরীরে প্রচুর পুষ্টি জোগায় কাঁঠাল। গুণে-মানে অনন্য বলে এটি আমাদের জাতীয় ফল।

বৃক্ষরোপণ
(সংকেত: ভূমিকা, বৃক্ষের প্রয়োজনীয়তা, জীবন ও পরিবেশ রক্ষায় বৃক্ষ, বৃক্ষ সংরক্ষণে করণীয়, উপসংহার)
ভূমিকা: বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে।
বৃক্ষের প্রয়োজনীয়তা: আমাদের জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। বৃক্ষ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করেই আমরা বেঁচে থাকি। বৃক্ষ আমাদের পরিবেশের অতি গুরুত্বপূর্ণ উপাদান এবং অন্যতম বনজ সম্পদ। বৃক্ষের পাতা, ফল ও বীজ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। বৃক্ষ থেকে তন্তু আহরণ করে আমাদের পরিধেয় বস্ত্র প্রস্তুত করা হয়। বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ দিয়ে আমাদের বাড়িঘর ও আসবাব তৈরি করা হয়। আমাদের অতি প্রয়োজনীয় লেখার সামগ্রী কাগজ ও পেনসিল বৃক্ষের কাঠ দিয়েই তৈরি করা হয়। আমাদের রোগ নিরাময়ের ওষুধও এই বৃক্ষ থেকেই তৈরি করা হয়।
জীবন ও পরিবেশ রক্ষায় বৃক্ষ: জীবজগতকে ছায়া দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বৃক্ষ। বিস্তৃত বনাঞ্চলের বৃক্ষ জলীয়বাষ্পপূর্ণ বায়ুকে ঘনীভূত করে বৃষ্টিপাত ঘটায়। বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড গ্যাস গ্রহণ করে বৃক্ষ অক্সিজেন গ্যাস ছেড়ে দেয়, যা মানুষ ও অন্য প্রাণীকুল শ্বাস-প্রশ্বাসের জন্য গ্রহণ করে।
বৃক্ষ সংরক্ষণে করণীয়: বিভিন্ন প্রকার শিল্পের উপকরণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার সীমাহীন প্রয়োজনের তুলনায় আমাদের বৃক্ষের সংখ্যা নিতান্তই নগণ্য। আমাদের প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা। দেশের অর্থনীতি ও জনজীবনে স্বাচ্ছন্দ্য আনার জন্য আমাদের প্রত্যেকের প্রতিবছর অন্তত দুটি করে বৃক্ষ রোপণ করা দরকার।
উপসংহার: বৃক্ষহীন পরিবেশ জীবন ও জীবিকার জন্য মারাত্মক হুমকি। তাই এই সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি পূরণের জন্য লাগামহীন বৃক্ষনিধন বন্ধ করা দরকার। পাশাপাশি বৃক্ষরোপণ জোরদার করার প্রতি আমাদের সচেতন হওয়া উচিত। ‘আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’—এ স্লোগানকে যদি আমরা মিলিতভাবে গ্রহণ করি ও কাজে লাগাই, তাহলে আমাদের বৃক্ষসম্পদ বৃদ্ধি পাবে এবং পরিবেশও সুন্দর হবে।
সিনিয়র শিক্ষক,
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা