বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ নম্বর প্রশ্ন: আবেদনপত্র

প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ১৪ নম্বর প্রশ্নটি থাকবে আবেদনপত্র ও চিঠিপত্র লেখার ওপর। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।

প্রশ্ন: মনে করো তোমার নাম নিগার/সুভাষ। তুমি পাথরাইল প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ো। এখন বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।

উত্তর:

নভেম্বর ১৩, ২০১৬

বরাবর

প্রধান শিক্ষক

পাথরাইল প্রাথমিক বিদ্যালয়, টাঙ্গাইল।

বিষয়: অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। হঠাত্ জ্বর হওয়ার কারণে গত ১০.১১.২০১৬ তারিখ থেকে ১২.১১.২০১৬ তারিখ পর্যন্ত তিন দিন আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।

অতএব, আমার আকুল আবেদন, বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত তিন দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করতে মহোদয়ের আজ্ঞা হয়।

বিনীত

আপনার অনুগত ছাত্র

সুভাষ

পঞ্চম শ্রেণি, রোল নম্বর ১

প্রশ্ন: মনে করো, তোমার নাম সিফাত/তানজিল। তুমি শ্যামলপুর প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ো। বিদ্যালয়ের পাশে অবস্থিত স্থানীয় খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। চতুর্থ পিরিয়ডের পর ফুটবল খেলা দেখতে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।

উত্তর:

নভেম্বর ১৩, ২০১৬

বরাবর

প্রধান শিক্ষক

শ্যামলপুর প্রাথমিক বিদ্যালয়

ঘিওর, মানিকগঞ্জ।

বিষয়: ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য চতুর্থ পিরিয়ডের পর ছুটির আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে আমরা আপনার স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আজ আমাদের গ্রামের পাশের মহিমপুর উচ্চবিদ্যালয়ের সাথে নগরপুর উচ্চবিদ্যালয়ের একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হবে। খেলাটি পরিচালনা করবেন আমাদের ক্রীড়া শিক্ষক সুজা উদ্দিন। আমরা খেলাটি দেখতে আগ্রহী।

অতএব, বিনীত নিবেদন, উক্ত খেলা দেখার জন্য চতুর্থ পিরিয়ডের পর আমাদের সব শিক্ষার্থীকে সাময়িক ছুটিদানে বাধিত করবেন।

বিনীত

শ্যামলপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে

সিফাত

পঞ্চম শ্রেণি

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা