পাঠ্যবই-বহির্ভূত যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্ন থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরে থেকে। প্রশ্নগুলো হবে যোগ্যতাভিত্তিক।
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর লেখো।
যোগাযোগের আধুনিকতম উপায় শুরু হয় রেডিও বা বেতার উদ্ভাবনের ফলে। আমরা বেতার বলতে কেবল অনুষ্ঠান শোনার যন্ত্রকে বুঝি। কিন্তু যোগাযোগের ক্ষেত্রে বেতারের ভূমিকা ব্যাপক। বেতার বলতে আসলে বোঝায় বেতার তরঙ্গের মাধ্যমে যোগাযোগ। আধুনিক মোবাইল ফোনও একধরনের বেতার যন্ত্র। জরুরি যোগাযোগের জন্য সেনাবাহিনী, পুলিশ, অগ্নিনির্বাপক বাহিনী, সড়ক, রেল, নৌ, বিমানসহ বিভিন্ন সংস্থার যোগাযোগের কাজে আজকাল বেতার যোগাযোগ অপরিহার্য। হাতের মুঠোয় যে যোগাযোগ যন্ত্রটি থাকে, তাকে বলা হয় ‘ওয়াকিটকি’।
যোগাযোগের আর একটি আধুনিক মাধ্যম হচ্ছে টেলিভিশন। বেতারে আমরা কেবল ধ্বনি শুনতে পাই। ছবি দেখতে পাই না। টেলিভিশনে আমরা ছবিও দেখতে পাই। বিশ্বকাপ ফুটবল বা ক্রিকেট খেলা যে আমরা সরাসরি দেখতে পাই, তা সম্ভব হচ্ছে টেলিভিশনের বদৌলতে।
যোগাযোগের ক্ষেত্রে সর্বশেষ সংযোজন হচ্ছে ইন্টারনেট। এটা বিশ্বব্যাপী যোগাযোগের এক বিশাল নেটওয়ার্ক। বিশ্বের কোটি কোটি কম্পিউটার এর সঙ্গে যুক্ত। এর মাধ্যমে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারি। পারি যেকোনো তথ্য, উপাত্ত, বার্তা, ছবি ইত্যাদি আদান-প্রদান করতে, এমনকি পরস্পরের চেহারাও দেখতে। ইন্টারনেটের মাধ্যমে এখন সারা বিশ্বের জ্ঞানসম্পদের বিপুল তথ্য সংরক্ষণ করা হচ্ছে। একে সংক্ষেপে বলা হয় ওয়েব। পুরো নাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা www। এই জ্ঞানভান্ডার থেকে যেকোনো বিষয়ে ইচ্ছেমতো তথ্য আহরণ করা যায়। বস্তুত, যোগাযোগের ক্ষেত্রে সময় আর দূরত্ব এখন কোনো বাধাই নয়।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১) প্রদত্ত অনুচ্ছেদটি কোন বিষয়ের ওপর লেখা?
ক. যোগাযোগ খ. রেডিও
গ. টেলিভিশন ঘ. ওয়াকিটকি
২) যোগাযোগের আধুনিকতম উপায় শুরু হয়েছে—
ক. ছাপাখানা প্রতিষ্ঠার ফলে
খ. রেডিও উদ্ভাবনের ফলে
গ. মোবাইল ফোন আবিষ্কারের ফলে
ঘ. টেলিগ্রাফ আবিষ্কারের ফলে
৩) যোগাযোগের ক্ষেত্রে সর্বশেষ সংযোজন কোনটি?
ক. টেলিভিশন খ. বেতার
গ. ইন্টারনেট ঘ. মোবাইল ফোন
৪) ‘শুরু’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ক. শেষ খ. আরম্ভ গ. প্রথম ঘ. প্রাথমিক
৫) যোগাযোগের ক্ষেত্রে এখন কোনটি কোনো
বাধাই নয়?
ক. সময় খ. দূরত্ব
গ. সময় ও দূরত্ব ঘ. তথ্য ও উপাত্ত
৬। ছকে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া আছে। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো।
শব্দ অর্থ
তথ্য জ্ঞাত হওয়ার মতো সঠিক বিষয়
উপাত্ত গবেষণাকাজের জন্য প্রয়োজনীয় তথ্য
বার্তা সংবাদ
রেডিও বেতার
বিশাল ব্যাপক, বিপুল
আহরণ সংগ্রহ করা
ক. সংবাদপত্রের মাধ্যমে আমরা অনেক — জানতে পারি।
খ. হাবিব সাহেব গবেষণার জন্য — সংগ্রহ করেছেন।
গ. হামিদা সময় পেলেই — অনুষ্ঠান শোনে।
ঘ. ইন্টারনেট হচ্ছে বিশ্বব্যাপী যোগাযোগের এক — নেটওয়ার্ক।
ঙ. জ্ঞান — জন্য বইপত্র পড়া আবশ্যক।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. যোগাযোগ বলতে কী বোঝায়? যোগাযোগের চারটি আধুনিকতম মাধ্যমের নাম লেখো।
খ. যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা পাঁচটি বাক্যে লেখো।
গ. ওয়েব-এর পুরো নাম কী? বেতার বলতে কী বোঝ? ‘ওয়াকিটকি’ সম্পর্কে দুটি বাক্য লেখো।
৫ নম্বর প্রশ্নের উত্তর
১। ক. যোগাযোগ
২। খ. রেডিও উদ্ভাবনের ফলে
৩। গ. ইন্টারনেট
৪। ক. শেষ
৫। গ. সময় ও দূরত্ব
৬ নম্বর প্রশ্নের উত্তর
ক. সংবাদপত্রের মাধ্যমে আমরা অনেক তথ্য জানতে পারি।
খ. হাবিব সাহেব গবেষণার জন্য উপাত্ত সংগ্রহ করেছেন।
গ. হামিদা সময় পেলেই রেডিওর অনুষ্ঠান শোনে।
ঘ. ইন্টারনেট হচ্ছে বিশ্বব্যাপী যোগাযোগের এক বিশাল নেটওয়ার্ক।
ঙ. জ্ঞান আহরণের জন্য বইপত্র পড়া আবশ্যক।
৭ নম্বর প্রশ্নের উত্তর
ক.
যোগাযোগ বলতে অন্যকে কোনো কিছু জানানোর সব উপায়কে বোঝায়। যোগাযোগের চারটি আধুনিকতম মাধ্যম হলো রেডিও বা বেতার, টেলিভিশন, সেল ফোন বা মোবাইল ফোন ও ইন্টারনেট।
খ.
যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট বিশ্বব্যাপী এক বিশাল নেটওয়ার্ক। এর মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সরাসরি যোগাযোগ স্থাপন করা যায়। কোনো তথ্য, উপাত্ত, বার্তা, ছবি ইত্যাদি আদান-প্রদান এমনকি পরস্পরের চেহারাও দেখতে পাওয়া যায়। ইন্টারনেটের মাধ্যমে এখন সারা বিশ্বের জ্ঞানসম্পদের বিপুল তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এই জ্ঞানভান্ডার থেকে যেকোনো বিষয়ে ইচ্ছেমতো তথ্য আহরণ
করা যায়।
গ.
ওয়েব-এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বেতার বলতে বোঝায় বেতার তরঙ্গের মাধ্যমে যোগাযোগ। ওয়াকিটকি হচ্ছে বেতার তরঙ্গের মাধ্যমে তথ্য আদান-প্রদানের বহনযোগ্য একধরনের যন্ত্র। সেনাবাহিনী, পুলিশ, রেড ক্রিসেন্ট, অগ্নিনির্বাপক বাহিনী, সড়ক, রেল, নৌ ও বিমান যোগাযোগের বিভিন্ন সংস্থার কাজে আজকাল ওয়াকিটকি একটি অপরিহার্য যন্ত্র।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা