বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রচনা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের একটি রচনার নমুনা দেওয়া হলো। রচনাটি তোমরা নিজেদের মতো করে ২০০ শব্দের মধ্যে লিখবে। এই রচনায় দেওয়া উপশিরোনাম ছাড়াও তোমরা অন্য উপশিরোনাম ব্যবহার করতে পারবে।

বাংলাদেশের জনসংখ্যা সমস্যা
[উপশিরোনাম: ভূমিকা, জনসংখ্যা ও খাদ্য সমস্যা, জনসংখ্যা ও বাসস্থান সমস্যা, অন্যান্য সমস্যা, উপসংহার]
ভূমিকা: বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এ দেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এ দেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার। ২০১১ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ২৬৪। এর থেকে বোঝা যায়, আমাদের দেশে কম জায়গায় অনেক বেশি লোক বাস করে। এই জনসংখ্যা দেশ ও জাতির জন্য এক বিরাট সমস্যা।
জনসংখ্যা ও খাদ্য সমস্যা: বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু জমির পরিমাণ মোটেও বাড়ছে না। অথচ প্রতিববছর বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাদ্যের প্রয়োজন হচ্ছে। এই বাড়তি খাদ্যের জোগান দেওয়া সম্ভব হচ্ছে না বলে এ দেশের অধিকাংশ মানুষ অপুষ্টিতে ভুগছে এবং কর্মক্ষমতা হারিয়ে ফেলার আশঙ্কা দেখা দিচ্ছে।
জনসংখ্যা ও বাসস্থান সমস্যা: মানুষের মৌলিক চাহিদাগুলোর অন্যতম বাসস্থান। লোকসংখ্যা বৃদ্ধির ফলে বাসস্থানও বৃদ্ধি পাচ্ছে। হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর প্রায় আড়াই লাখ অতিরিক্ত ঘরবাড়ি তৈরি হচ্ছে। এই বাড়তি ঘরবাড়ি তৈরির ফলে কৃষি জমি কমে যাচ্ছে এবং গৃহসামগ্রীর প্রয়োজনে বনাঞ্চল উজাড় হচ্ছে। এ কারণে প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য হারিয়ে ফেলছে এবং নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ আমাদের জানমালের ক্ষতি করছে।
অন্যান্য সমস্যা: অতিরিক্ত জনসংখ্যা কেবল খাদ্য ও বাসস্থানের সমস্যাই সৃষ্টি করছে না, পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পোশাক-পরিচ্ছেদ, যাতায়াত ও উন্নত জীবনযাপনে মারাত্মক সমস্যার সৃষ্টি করছে। দেশের উন্নতির অন্যতম সহায়ক হলো শিক্ষিত জনগোষ্ঠী, কিন্তু সীমিত সম্পদের কারণে বাড়তি জনসংখ্যার জন্য প্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাসামগ্রীর ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে চিকিত্সা সুবিধাও কমে যাচ্ছে।
উপসংহার: বাংলাদেশ একটি দরিদ্রতম দেশ। এ দেশের জনসংখ্যা বর্তমান হারে বাড়তে থাকলে ভবিষ্যতে আমাদের খাদ্য, পোশাক-পরিচ্ছদ, বাসস্থান শিক্ষা ও চিকিত্সার প্রয়োজন মেটানো অসম্ভব হয়ে দাঁড়াবে এবং দেশের সামগ্রিক উন্নতির মারাত্মক ক্ষতি হবে। কাজেই দেশের জনসংখ্যা সীমিত রাখার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে।
দীদার চৌধুরী, শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা