এই দেশ এই মানুষ
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। আজ বাংলা বিষয়ের ‘এই দেশ এই মানুষ’ প্রবন্ধ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগসহকারে প্রতিটি প্রশ্নোত্তর পড়বে ও বোঝার চেষ্টা করবে।
প্রশ্ন: বাংলাদেশের বিভিন্ন ধর্মের কয়েকটি উত্সবের নাম লেখো।
উত্তর: বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষ পালন করে থাকে নানা ধরনের উত্সব। এই উত্সবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
১. মুসলমানদের ঈদুল ফিতর ও ঈদুল আজহা।
২. হিন্দুদের দুর্গাপূজাসহ নানা উত্সব-পার্বণ।
৩. বৌদ্ধদের বুদ্ধপূর্ণিমা।
৪. খ্রিষ্টানদের ইস্টার সানডে আর বড়দিন।
প্রশ্ন: ‘দেশ হলো জননীর মতো।’ দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন?
উত্তর: জননী যেমন আমাদের স্নেহ-মমতা আর ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনই তার আলো, বাতাস, সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে। দেশ হলো জননীর মতো। আমরা এ দেশকে অন্তর দিয়ে ভালোবাসব।
প্রশ্ন: জেলেদের পেশা কী? তাঁরা যদি কাজ না করেন, তাহলে আমাদের কী হতে পারে?
উত্তর: জেলেদের পেশা হলো মাছ ধরা। জেলেরা বাংলাদেশের এক অন্যতম পেশাজীবী। তাঁরা পুকুর, খাল, বিল, নদী ও সাগরে মাছ ধরার কাজ করেন। তাঁরা যদি কাজ না করেন, তাহলে আমাদের মাছের চাহিদা পূরণ হবে না।
মাছের চাহিদা পূরণ না হলে আমরা নানা রোগে আক্রান্ত হতে পারি। কারণ, মাছ আমাদের একটি অন্যতম সহযোগী খাবার। এটি আমিষজাতীয় খাদ্যের প্রধান উত্স, আর আমিষের অভাবে আমাদের অনেক ধরনের শারীরিক সমস্যা হতে পারে।
প্রশ্ন: ‘ধর্ম যার যার, উত্সব যেন সবার’—এ কথা দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: ভারি বৈচিত্র্যময় বাংলাদেশের জনজীবন। এ দেশে আছে নানা ধরনের উত্সব। মুসলমানদের রয়েছে দুটি ঈদ—ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের দুর্গাপূজাসহ আছে নানা উত্সব আর পার্বণ। বৌদ্ধদের আছে বুদ্ধপূর্ণিমা, খ্রিষ্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এ ছাড়া রয়েছে আরও নানা উত্সব। পয়লা বৈশাখ নববর্ষের উত্সব, রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উত্সব। প্রতিটি ধর্মের মানুষই স্বাধীনভাবে তাদের ধর্মীয় উত্সব পালন করে থাকে। এক ধর্মের উত্সব-আনন্দ অন্য ধর্মের লোকেরাও উপভোগ করতে পারে। এভাবে এক ধর্মের উত্সব সব ধর্মের উত্সবে পরিণত হয়। তাই বলা হয়েছে, ‘ধর্ম যার যার, উত্সব যেন সবার।’
প্রশ্ন: দেশকে কেন ভালোবাসতে হবে?
উত্তর: দেশ মানে এর মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র—এসব। দেশ হলো জননীর মতো। জননী যেমন স্নেহ-মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই তার আলো, বাতাস আর সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই জননীকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনই ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
প্রশ্ন: নিচের অনুচ্ছেদ অবলম্বনে ৩টি প্রশ্ন তৈরি করো।
দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র—এসব। দেশ হলো জননীর মতো। জননী যেমন আমাদের স্নেহ-মমতা, ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনই তার সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। এ দেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
উত্তর: প্রদত্ত অনুচ্ছেদ অবলম্বনে ৩টি প্রশ্ন তৈরি করা হলো:
১. ‘দেশ’ মানে কী?
২. দেশকে ভালোবাসতে হবে কেন?
৩. আমাদের জীবন কীভাবে সার্থক হয়ে উঠবে?
প্রশ্ন: নিচের তালিকায় কয়েকটি বিপরীত শব্দ দেওয়া হলো। খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করো।
বাঙালি/অবাঙালি বন্ধু/শত্রু দেশ/বিদেশ সার্থকতা/ব্যর্থতা
ক) আমাদের বাংলাদেশের বাইরেও অনেক — আছে।
খ) সবাই আমরা পরস্পরের —।
গ) — হলো জননীর মতো।
ঘ) আমাদের — যে, আমরা এ দেশে জন্মেছি।
উত্তর:
ক) আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে।
খ) সবাই আমরা পরস্পরের বন্ধু।
গ) দেশ হলো জননীর মতো।
ঘ) আমাদের সার্থকতা যে, আমরা এ দেশে জন্মেছি।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা