বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকল্প
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘সংকল্প’ কবিতা নিয়ে আলোচনা করব।

প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো।
সংকল্প, বদ্ধ, যুগান্তর, দেশান্তর, কিসের নেশায়, বরণ, মরণ-যন্ত্রণা, ডুবুরি, দুঃসাহসী, চন্দ্রলোক, অচিনপুর, ফেড়ে।
উত্তর:
প্রদত্ত শব্দ শব্দের অর্থ
সংকল্প প্রতিজ্ঞা, ইচ্ছা।
বদ্ধ বন্ধ।
যুগান্তর এক যুগ পর আরেক যুগ।
দেশান্তর এক দেশ থেকে আরেক দেশ।
কিসের নেশায় কী আকর্ষণে, কী উদ্দেশ্যে।
বরণ কোনো কিছু সাদরে গ্রহণ।
মরণ-যন্ত্রণা মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা।
ডুবুরি যারা গভীর পানিতে ডুব দিয়ে কোনো
জিনিস উদ্ধার করে আনে।
দুঃসাহসী অত্যধিক সাহসী।
চন্দ্রলোক চাঁদের দেশ।
অচিনপুর অচেনা জায়গা।
ফেড়ে চিরে।

প্রশ্ন: প্রদত্ত শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো।
সংকল্প, বদ্ধ, যুগান্তর, কিসের নেশায়, বরণ, মরণ-যন্ত্রণা, ডুবুরি, দুঃসাহসী, চন্দ্রলোক, অচিনপুর, ফেড়ে।
উত্তর:
প্রদত্ত শব্দ বাক্য রচনা
সংকল্প ভালো কাজ করার জন্য দৃঢ় সংকল্প থাকা দরকার।
বদ্ধ আলো-বাতাস ঢোকে না, এমন বদ্ধ ঘরে থাকা স্বাস্থ্যকর নয়।
কিসের নেশায় আকমল কিসের নেশায় এমন ছোটাছুটি করছে?
বরণ পয়লা বৈশাখে আমরা বাংলা নতুন বছরকে বরণ করে নিই।
মরণ-যন্ত্রণা যারা সাহসী, তারা মরণ-যন্ত্রণাকে ভয় পায় না।
ডুবুরি ডুবুরি মেঘনা নদীর গভীর তলদেশে নিমজ্জিত লঞ্চটি উদ্ধার করেছেন।
দুঃসাহসী দুঃসাহসী মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন।
চন্দ্রলোক মানুষ এখন চন্দ্রলোক ছাড়িয়ে মঙ্গল গ্রহেও যাত্রা শুরু করছেন।
অচিনপুর দাদু আমাকে অচিনপুরের রাজকন্যার গল্প শুনিয়েছেন।
ফেড়ে কাঠুরে কুড়াল দিয়ে কাঠ ফেড়ে ফেলল।

প্রশ্ন: কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন?
উত্তর: অজানাকে জানার, অদেখাকে দেখার কৌতূহল মানুষের চিরন্তন। কবিও এর ব্যতিক্রম নন। তিনি বদ্ধ ঘরে থাকতে চান না। কারণ, তিনি জগতের সমস্ত রহস্য জানতে চান। তিনি জানতে চান, সারা বিশ্বের মানুষ যুগ যুগ ধরে কীভাবে নিত্যনতুন আবিষ্কারের নেশায় মৃত্যুভয়কে তুচ্ছ করে এগিয়ে চলছে। সমুদ্রের তলদেশে গিয়ে ডুবুরি কীভাবে মুক্তা সংগ্রহ করে কিংবা দুঃসাহসী বৈমানিক কীভাবে আকাশে পাড়ি জমায়—এ সবকিছুও কবি জানতে চান।
বদ্ধ ঘরে আবর্জনা থেকে কবি রহস্যঘেরা অসীম বিশ্ব, তথা বিশ্বজগত্টাকে হাতের মুঠোয় পুরে পরখ করে দেখতে চান।
প্রশ্ন: যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কী বোঝো লেখো।
উত্তর: ‘যুগান্তর’ শব্দটির অর্থ হলো এক যুগের পর আরেক যুগ। দেশি গণনামতে, ১২ বছরে এক যুগ হয়। আপন গতিতে এগিয়ে যাওয়া, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় পৃথিবীর অনেক কিছু। নতুন নতুন রহস্য ও ঘটনার সৃষ্টি হয়। সময়ের গতির সঙ্গে তাল মিলিয়ে মানুষও এগিয়ে চলে রহস্য অনুসন্ধান ও ঘটনার মূল উদ্ঘাটনের জন্য। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের এই এগিয়ে যাওয়ার কৌতূহলী প্রবণতাকে বোঝানোর জন্যই বলা হয়েছে যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে।