সুন্দরবনের প্রাণী
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘সুন্দরবনের প্রাণী’ প্রবন্ধ নিয়ে আলোচনা করব।
প্রশ্ন: বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে তুমি যা জানো লেখো।
উত্তর: বাঘ বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রয়েল বেঙ্গল টাইগার। রয়েল বেঙ্গল টাইগার বাস করে বাংলাদেশের সুন্দরবনে। এই বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ংকর। এর চালচলনও রাজার মতো। সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোলপাতার বনে এই বাঘ ঘুরে বেড়ায়। শিকার করে জীবজন্তু, সুযোগ পেলে মানুষও খায়। একসময় সুন্দরবনে চিতাবাঘ ও ওলবাঘ ছিল। কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না। প্রাণিবিদেরা বলেছেন, সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এই বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে।
প্রশ্ন: দেশের জন্য পশুপাখি, জীবজন্তু কী উপকার করে তা নিজের ভাষায় লেখো।
উত্তর: পশুপাখি ও জীবজন্তু প্রকৃতির পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। যেকোনো দেশের জন্যই জীবজন্তু ও পশুপাখি তাই এক অমূল্য সম্পদ। প্রকৃতির গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলে পশুপাখি ও জীবজন্তু তথা প্রাণিকুলের জীবনধারণের উপকরণ-উপাদান হিসেবে ব্যবহূত হয়ে থাকে। যেমন শকুন পরিবেশের নানা আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে। একইভাবে বিভিন্ন পশুপাখি ও জীবজন্তু পরিবেশকে সুন্দর ও পরিচ্ছন্ন রেখে আমাদের উপকার করে থাকে।
প্রশ্ন: শকুন কীভাবে মানুষের উপকার করে?
উত্তর: শকুন একটি বিশেষ বৈশিষ্ট্যের পাখি। আচার-আচরণ ও স্বভাবের জন্য কেউ তাকে সুন্দর পাখি বলে না। অথচ এই শকুন মানুষের নানা উপকার করে থাকে। মানুষের পক্ষে যা ক্ষতিকর, সেসব আবর্জনা শুকুন খেয়ে ফেলে। আর সে কারণেই আমাদের চারদিকের পরিমণ্ডল বসবাসের উপযোগী রয়েছে। আমরা অস্বাস্থ্যকর পরিবেশ দ্বারা আক্রান্ত হচ্ছি না। শকুন প্রকৃতই এবং সত্যিকার অর্থেই মানুষের উপকার ছাড়া অপকার করে না। তবে বাংলাদেশে শকুনের সংখ্যা অনেক কমে গেছে। এদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য।
প্রশ্ন: পশুপাখি ও জীবজন্তু না থাকলে প্রকৃতির কী বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয়?
উত্তর: পশুপাখি ও জীবজন্তু যেকোনো দেশের জন্যই এক অমূল্য সম্পদ। প্রাকৃতিক পরিবেশে এরা মিলেমিশে থাকে। পশুপাখি ও জীবজন্তু না থাকলে প্রকৃতির নানা বিপর্যয় ঘটবে। প্রকৃতি তথা পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে মানবজীবন তথা সমগ্র প্রাণিকুল ও বৃক্ষলতা বিপর্যস্ত হয়ে পড়বে। তাই এদের ধ্বংস করতে নেই। এদের যত্ন ও সংরক্ষণে আমাদের সচেতন হতে হবে।
প্রশ্ন: ক্যাঙারু কোথায় দেখা যায়?
উত্তর: প্রাণিজগতের এক বিচিত্র প্রাণী হলো ক্যাঙারু। একমাত্র অস্ট্রেলিয়াতেই এই প্রাণীটি দেখা যায়। এদের চারটি পা। পেছনের দুই পা বড় আর সামনের দুই পা ছোট। এ জন্য অন্যান্য চতুষ্পদ প্রাণীর মতো ক্যাঙারু হাঁটাচলা করে না। পেছনের দুই পায়ে ভর দিয়ে এরা লাফিয়ে লাফিয়ে চলে। এদের বুকের নিচে একটি থলি আছে, এই থলিতে এরা বাচ্চা রাখে। এই বিচিত্র প্রাণী ক্যাঙারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হয়।
প্রশ্ন: সুন্দরবনে কি গণ্ডার পাওয়া যায়?
উত্তর: প্রাণিজগতের আরেক বিস্ময় গণ্ডার। এটি কালো রঙের চতুষ্পদ প্রাণী, উচ্চতা ও লম্বায় গরুর আকারের। এদের নাকের ওপরে একটি শিং থাকে। ইংরেজ আমলের প্রথম দিকে, অর্থাত্ শ তিনেক বছর আগে সুন্দরবনে গণ্ডারের সংখ্যাধিক্য ছিল। কিন্তু সেই গণ্ডার এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। ইংরেজ শাসক ও দেশীয় কর্মচারী এবং স্থানীয় দক্ষ শিকারি—সবাই মিলে ক্রমান্বয়ে গণ্ডারের বংশ ধ্বংস করেছে। বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ভ্রাতা নলিনীভূষণ রায় ১৮৮৫ সালে সুন্দরবনে শেষবারের মতো গণ্ডার দেখেছিলেন বলে জানা যায়। বর্তমানে সুন্দরবনে গণ্ডার সম্পূর্ণভাবে অবলুপ্ত।
প্রশ্ন: বাংলাদেশে হাতি কোন অঞ্চলে দেখা যায়?
উত্তর: ডাঙায় বাস করে এমন প্রাণীদের মধ্যে হাতির মতো বড় দ্বিতীয় কোনো প্রাণী নেই। একসময় এই বৃহত্ প্রাণী সুন্দরবনে দেখা যেত। এখন সুন্দরবনে কোনো হাতি নেই। বর্তমানে বাংলাদেশে একমাত্র পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে হাতি দেখা যায়। রাঙামাটি ও বান্দরবান জেলায় পাহাড়ি অঞ্চলের গভীর অরণ্যে বুনো হাতির দল ঘুরে বেড়ায়।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা