বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*ফেব্রুয়ারির গান
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের লুত্ফর রহমান রিটন রচিত ‘ফেব্রুয়ারির গান’ কবিতা নিয়ে আলোচনা করব।

প্রশ্ন: কবি এই কবিতায় কত ধরনের সুরের কথা বলেছেন?
উত্তর: বাংলা ভাষার প্রতি গভীর মমতা আর ভাষাশহিদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধায় ভরা একটি অনবদ্য কবিতা ‘ফেব্রুয়ারির গান’। এই কবিতায় কবি লুত্ফর রহমান রিটন প্রকৃতির বিভিন্ন উপাদানের ছন্দ-সুরের সঙ্গে বাংলা ভাষার মাধুর্যের এক অনুপম চিত্রকল্পের বর্ণনা দিয়েছেন। প্রকৃতির নানা উপাদানে রয়েছে নানা রকম সুর। কবি এই কবিতায় ফুল, পাখি, প্রজাপতি, ঝরনা, পাহাড়, তরুলতার পাশাপাশি সাগর-নদীর ঊর্মিমালার মনভোলানো সুরের কথা বলেছেন।

প্রশ্ন: পাতা আর স্বর্ণলতা কিসে মুগ্ধ হচ্ছে?
উত্তর: ‘মুগ্ধ’ শব্দটির অর্থ বিমোহিত বা আনন্দিত। প্রকৃতির সবকিছুরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। কবির দৃষ্টিতে বাংলাদেশের প্রকৃতির প্রতিটি উপাদান নানাভাবে নিজেকে প্রকাশিত করে চলেছে। সাগর, নদী, পাহাড়, ঝরনা, পাখি যে মনভোলানো সুর আর গানে প্রকৃতিকে বিমোহিত করছে, ঠিক একইভাবে পাতা আর স্বর্ণলতাও মুগ্ধ হচ্ছে গাছের গানে।

প্রশ্ন: আমরা কোন ভাষায় আমাদের মনের কথা বলি?
উত্তর: ফুল, পাখি, পাহাড়, ঝরনা ও সাগর নিজস্ব অভিব্যক্তি প্রকাশ করছে তাদের নিজেদের মতো করে। তাদের নিজস্ব ভাষাবৈচিত্র্য ও বৈশিষ্ট্যে তারা গরীয়ান। আমরা ফুল-পাখি নই। কিংবা পাহাড় ঝরনা-সাগরও নই। আমরা মানুষ। বাংলাদেশের বাঙালি। আমাদের মায়ের মুখের ভাষা বাংলা। আর মায়ের মুখের এই মধুর ভাষা বাংলা ভাষাতেই আমরা আমাদের মনের কথা বলি।

প্রশ্ন: ‘শহিদ ছেলের দান’ হিসেবে আমরা কী পেয়েছি?
উত্তর: বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। এই ভাষায় আমরা মাকে মা বলে ডাকতে শিখেছি। এই বাংলা ভাষাতেই আমাদের সব চাওয়া আর সব পাওয়া এবং স্বপ্ন-আশা বাস্তবায়িত হয়। অথচ এই ভাষার ওপর আঘাত হেনেছিল পশ্চিমা শাসকগোষ্ঠী। চাপিয়ে দিতে চেয়েছিল তাদের উর্দু ভাষা। কিন্তু বাংলা মায়ের দামাল ছেলেরা তা হতে দেয়নি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বুকের রক্ত দিয়ে শহিদ হয়ে এই ভাষার মর্যাদা রক্ষা করেছে। একুশে ফেব্রুয়ারির সেই সব শহিদ ছেলের দান হিসেবে আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার। পেয়েছি রাষ্ট্রভাষা বাংলা ভাষা।

প্রশ্ন: প্রজাপতি ফুলের সঙ্গে কীভাবে কথা বলে?
উত্তর: বাংলা ভাষার প্রতি গভীর মমত্বে ভরা একটি অনবদ্য কবিতা ‘ফেব্রুয়ারির গান’। কবির দৃৃষ্টিতে বাংলাদেশের প্রকৃতির প্রতিটি উপাদান নানাভাবে নিজেকে প্রকাশ করে যাচ্ছে। পাখি, সাগর, নদী, পাহাড়, ঝরনা, বাতাস, গ্রীষ্ম, বর্ষা, শীত ঋতু ও গাছের গান আর স্বর্ণলতার মুগ্ধতার মতো প্রজাপতিও ফুলের সঙ্গে ছন্দসুরে কথা বলে।

প্রশ্ন: গ্রীষ্ম-বর্ষা-শীতের বাতাসে কিসের প্রতিধ্বনি ছড়ায়?
উত্তর: প্রতিধ্বনি বলতে আমরা বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে বুঝে থাকি। রূপে অপরূপা বাংলাদেশের প্রকৃতিতেও প্রতিনিয়ত চলছে প্রতিধ্বনির আনাগোনা। প্রকৃতির বিভিন্ন উপাদান বিভিন্নভাবে তাদের সৌন্দর্য বিতরণ করে থাকে। পাহাড়ও তার সুরের সৌন্দর্য বিকশিত করে ঝরনার ছন্দে। কবির দৃষ্টিতে গ্রীষ্ম, বর্ষা ও শীত ঋতুর বাতাসে পাহাড়ের সেই সুর সৌন্দর্যের প্রতিধ্বনি ছড়ায়।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা