*বীরের রক্তে স্বাধীন এ দেশ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘বীরের রক্তে স্বাধীন এ দেশ’ প্রবন্ধের ওপর আলোচনা করা হলো। তোমরা মনোযোগসহকারে পাঠ আলোচনাটি পড়বে।
প্রশ্ন: ল্যান্সনায়েক মুন্সী আবদুর রউফের যুদ্ধের ঘটনা লেখো।
উত্তর: সিপাহি আবদুর রউফ ছিলেন ইপিআর বাহিনীর একজন দক্ষ মেশিনচালক। এ ক্ষেত্রে তিনি অনেক সুনাম অর্জন করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের মতো তিনিও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ১৯৭১ সালের ৮ এপ্রিল মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের ওপর আক্রমণ করার পরিকল্পনা করেন। এ জন্য তাঁরা মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান নেন। পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করার জন্য সাতটি স্পিডবোট আর দুটি মোটর লঞ্চ নিয়ে এগিয়ে আসে। মৃত্যু অবধারিত জেনেও মুক্তিযোদ্ধারা পালিয়ে যাননি। আবদুর রউফ দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার। হালকা একটি মেশিনগান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের সাতটি স্পিডবোটই ডুবে গেল।
বাকি লঞ্চ দুটি থেকে গুলি ছুড়তে ছুড়তে তারা পিছু হটতে থাকল। এ রকম মুহূর্তেই হঠাত্ একটি গোলা এসে পড়ল আবদুর রউফের ওপর। বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো মাটি। তিনি শহিদ হলেন। আবদুর রউফ আমাদের গৌরব। আমরা তাঁকে ভুলব না। শ্রদ্ধাভরে স্মরণ করব চিরদিন।
প্রশ্ন: গল্প থেকে মুক্তিযুদ্ধের সময় বীরযোদ্ধাদের সম্পর্কে যা জেনেছ তা নিজের ভাষায় লেখো।
উত্তর: গল্প থেকে মুক্তিযুদ্ধের সময় বীরযোদ্ধাদের দেশপ্রেম, অসীম সাহস, বীরত্ব ও আত্মত্যাগের গৌরব সম্পর্কে আমরা জেনেছি। নিজের জীবনকে তুচ্ছজ্ঞান করে বীরযোদ্ধারা যুদ্ধ করেছেন। শত্রুসেনাদের ঘায়েল করে মুক্তির রক্তিম সূর্য ছিনিয়ে এনেছেন। বীরযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা। জলে, স্থলে অন্তরিক্ষে বীরযোদ্ধারা সর্বাত্মক যুদ্ধে শত্রুসেনাদের পরাভূত করে জয়ী বাহিনী হিসেবে বয়ে এনেছেন অসীম গৌরব। এই বীরদের পূতপবিত্র রক্তস্রোতের বিনিময়ে বীরের জাতি হিসেবে আমরা বিশ্বসভায় স্থান করে নিয়েছি। নূর মোহাম্মদ শেখ, মুন্সী আবদুর রউফ, মোহাম্মদ রুহুল আমিন শ্রেষ্ঠ বীরের পরিচয় দিয়ে সম্মুখযুদ্ধে শহিদ হন। দেশের এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত।
প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো।
১। বাবা মারা যাওয়ার পর নূর মোহাম্মদ কিসে যোগ দেন?
ক. বাংলাদেশ রাইফেলসে
খ. ইস্ট পাকিস্তান রাইফেলসে
গ. বাংলাদেশ নেভিতে
ঘ. কোনোটিই না
উত্তর: খ. ইস্ট পাকিস্তান রাইফেলসে
২। বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখের জন্ম—
ক. ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি
খ. ১৯৩৮ সালের ২৬ ফেব্রুয়ারি
গ. ১৯৩৬ সালের ২৬ জানুয়ারি
ঘ. ১৯৩৭ সালের ২৬ জানুয়ারি
উত্তর: ক. ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি
৩। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের কয়টি স্পিডবোট ডুবে গিয়েছিল?
ক. পাঁচটি খ. আটটি গ. সাতটি ঘ. নয়টি
উত্তর: গ. সাতটি
৪। বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফকে সমাহিত করা হয়—
ক. বোয়ালমারীর সালামতপুরে
খ. বকশীবাজারে
গ. নানিয়ারচরের চিংড়িখালে
ঘ. বুড়িঘাটে
উত্তর: গ. নানিয়ারচরের চিংড়িখালে
৫। খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন বীর মুক্তিযোদ্ধা—
ক. নূর মোহাম্মদ শেখ
খ. মুন্সী আবদুর রউফ
গ. মোস্তফা কামাল
ঘ. মোহাম্মদ রুহুল আমিন
উত্তর: ঘ. মোহাম্মদ রুহুল আমিন
৬। নূর মোহাম্মদ শেখ কোথায় জন্মগ্রহণ করেন?
ক. নড়াইলের মহিষখোলা
খ. ফরিদপুরের বোয়ালমারী
গ. চট্টগ্রামের মহালছড়ি
ঘ. খুলনার নানিয়ারচর
উত্তর: ক. নড়াইলের মহিষখোলা
৭। নূর মোহাম্মদ শেখ ছোটবেলায় কেমন ছিলেন?
ক. খুব চুপচাপ
খ. দারুণ দুরন্ত
গ. শান্ত
ঘ. ঘরকুনো
উত্তর: খ. দারুণ দুরন্ত
৮। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন কোন জাহাজের ইঞ্জিনরুমে ছিলেন?
ক. বিএনএস পলাশের
খ. বিএনএস পদ্মার
গ. বিএনএস যমুনার
ঘ. বিএনএস খুলনার
উত্তর: ক. বিএনএস পলাশের
প্রশ্ন: আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখবাচক শব্দ লেখো।
(ক) শহিদ দিবস
(খ) স্বাধীনতা দিবস
(গ) বাংলা নববর্ষ
(ঘ) শহিদ বুদ্ধিজীবী দিবস
(ঙ) বিজয় দিবস
উত্তর:
(ক) শহিদ দিবস—২১ ফেব্রুয়ারি
(খ) স্বাধীনতা দিবস—২৬ মার্চ
(খ) বাংলা নববর্ষ—১ বৈশাখ
(ঘ) শহিদ বুদ্ধিজীবী দিবস—১৪ ডিসেম্বর
(ঙ) বিজয় দিবস—১৬ ডিসেম্বর
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা