বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক প্রশ্ন 
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৪ সালের প্রশ্ন কাঠামো অনুসারে প্রতিটি বিষয়ে ৩৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন থাকছে। প্রিয় শিক্ষার্থী, এই যোগ্যতাভিত্তিক প্রশ্ন ও এর উত্তর লেখা নিয়ে তোমরা হয়তো অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগছ। আসলে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রাথমিক স্তরে বিভিন্ন শ্রেণিতে বিভিন্ন পরীক্ষায় তোমরা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে পঞ্চম শ্রেণিতে এসেছ। পূর্বের এই পরীক্ষাগুলো বেশির ভাগই ছিল মুখস্থনির্ভর। এই মুখস্থবিদ্যায় নিরুত্সাহিত করে কিছু স্বীকৃত নিয়ম অনুসরণের মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে আরও মানসম্মত করাই যোগ্যতাভিত্তিক প্রশ্ন কাঠামোর লক্ষ্য-উদ্দেশ্য। কারণ, সুশিক্ষিত জাতি গঠনের প্রাথমিক ধাপ হলো মানসম্মত প্রাথমিক শিক্ষা। তোমরা শুধু মুখস্থনির্ভর হয়ে বেড়ে উঠবে, এটা নিশ্চয় কাম্য নয়। প্রয়োজনীয় তত্ত্ব ও তথ্য স্বরণ রাখার পাশাপাশি পাঠ্যপুস্তকে প্রদত্ত তত্ত্ব ও তথ্য বুঝে তার যুক্তিসংগত ব্যাখ্যা দেওয়ার দক্ষতা এবং তোমার অর্জিত জ্ঞান বাস্তব জীবনে যথার্থভাবে কতটুকু কাজে লাগাতে পারছ—তারই মূল্যায়ন এই যোগ্যতাভিত্তিক প্রশ্ন। শিক্ষার্থীর সামর্থ্যের বাইরে অতিরিক্ত কোনো কিছুর উত্তর দেওয়ার মতো প্রশ্নপত্র প্রণীত হবে না। শুধু তোমার ধারণক্ষমতা ও মানসিক পরিপক্বতা কোন স্তরে রয়েছে তারই মূল্যায়ন করা হবে এই যোগ্যতাভিত্তিক প্রশ্নমালার মাধ্যমে। কাজেই বলা যায়, শিক্ষার্থীর অনুধাবন ক্ষমতা, প্রয়োগ ক্ষমতা, সৃষ্টিশীল মানসিক শক্তির বিকাশ মূল্যায়ন বা পরিমাপের জন্য যে আঙ্গিকে প্রশ্ন প্রণয়ন করা হয়ে থাকে, তাকেই বলা হয়ে থাকে যোগ্যতাভিত্তিক প্রশ্ন। প্রাথমিক স্তরের এই যোগ্যতাভিত্তিক প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে সাধারণভাবে তিনটি বিশেষ বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। ১. জ্ঞান, ২. অনুধাবন ও ৩. প্রয়োগ।
জ্ঞান: এ স্তরে প্রশ্নের মাধ্যমে পঠিত বা আহরিত তথ্য স্মরণ রাখার দক্ষতা যাচাই করা হয়।
অনুধাবন: কোনো বিষয়ে বা বক্তব্য শিক্ষার্থী যথার্থভাবে বুঝতে পেরেছে কি না তা যাচাই করার স্তর হলো অনুধাবনমূলক প্রশ্ন।
প্রয়োগ: এই স্তরে প্রশ্নের ধরন হয় প্রয়োগ-দক্ষতা নিরূপণের জন্য। অর্থাত্ শিক্ষার্থী কোনো নতুন পরিস্থিতির কোনো বিষয় পাঠ্যবইয়ে উল্লিখিত বিষয়সমূহের আলোকে কতটা সৃষ্টিশীলতা, স্বকীয়তা ও সৃজনশীলতা প্রদর্শন করে উত্তর লেখার সক্ষমতা অর্জন করতে পেরেছে, তা যাচাই করা হয় এই প্রয়োগ স্তরের প্রশ্নের মাধ্যমে।
প্রিয় শিক্ষার্থী, যোগ্যতাভিত্তিক প্রশ্ন-ভীতি কাটিয়ে তোমাদের এখন স্বাভাবিকভাবে পাঠ তৈরি করতে এবং পরীক্ষার জন্য সার্বিক প্রস্তুতি নিতে আর কোনো অসুবিধা হবে না।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা