বাংলা
আমাদের এই দেশপ্রিয় শিক্ষার্থীরা আজ বাংলা বিষয়ে ‘আমাদের এই দেশ’ প্রবন্ধ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। প্রবন্ধ সংক্ষেপ: ছায়াঘেরা, পাখি ডাকা প্রকৃতির রূপসী কন্যা আমাদের এই বাংলাদেশ। এ দেশের আঁকাবাঁকা নদী, বন-পাহাড় আর দিগন্তজোড়া ফসলের মাঠ আমাদের মুগ্ধ করে। বাংলাদেশের রাজধানী ঢাকা। রাজধানী শহর ঢাকা ছাড়াও সারা দেশে আরও অনেক শহর রয়েছে। এসব শহরে রয়েছে উঁচু উঁচু দালানকোঠা। শহরের রাস্তাগুলো বেশ চওড়া। এসব রাস্তায় অনেক রকম যানবাহন চলাচল করে। শহরে অনেক পেশার মানুষ রয়েছে। কাজের ফাঁকে অবসর বিনোদনের জন্য শহরে রয়েছে পার্ক, উদ্যান, জাদুঘর ও চিড়িয়াখানা। শহরের চেয়ে আমাদের দেশে গ্রামের সংখ্যাই বেশি। গ্রামের বাড়িঘর শহরের মতো নয়। সাধারণত বাঁশ, কাঠ, ছন, খড়, গোলপাতা, হোগলাপাতা ইত্যাদি দিয়ে গ্রামের বাড়িঘর তৈরি হয়ে থাকে।আমাদের বাংলাদেশে রয়েছে ছোট-বড় অনেক নদী। নদীর সঙ্গে এ দেশের মানুষের গভীর মিতালি। পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র এ দেশের বড় নদী। তিস্তা, করতোয়া, ইছামতী, গড়াই, মহানন্দা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, সুরমা, কর্ণফুলী, সাংগু, মাতামুহুরী ইত্যাদি হলো ছোট নদী। নদীতে বিভিন্ন রকম নৌকা চলাচল করে। নৌকা আর জাল নিয়ে জেলেরা নদীর বুকে নানা রকমের মাছ ধরে। মাছ আমাদের প্রিয় খাবার। তাই আমাদের মাছে-ভাতে বাঙালি বলা হয়।কৃষিপ্রধান আমাদের এ দেশের কৃষকেরা খুব পরিশ্রমী। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে তাঁরা মাঠে মাঠে ফসল ফলান। এ দেশের উর্বর মাটিতে বিভিন্ন রকম ধান হয়। হেমন্তে নতুন ধানের আগমনে নবান্ন উৎসবে মেতে ওঠে সবাই। শীতকালে পিঠাপুলির উৎসব হয়।পাট বাংলাদেশের সোনালি আঁশ। কৃষকেরা বর্ষাকালে জাগ দেওয়া পাট ধোয়া শুরু করেন। কৃষকবধূরা ধোয়া পাটের সোনালি আঁশ রোদে শুকান। এ দেশের মেয়েরা অবসর সময়ে পাটের আঁশ দিয়ে নকশি শিকা তৈরি করেন। রঙিন সুতা দিয়ে তৈরি করে নকশি পাখা। বেত দিয়ে শীতল পাটি বোনে। বাংলাদেশের কামার, কুমার, স্বর্ণকারসহ বিভিন্ন পেশার লোক রয়েছে। সবুজ শ্যামলিমায় ঘেরা বাংলাদেশে বিস্তৃত সমতল ভূমির পাশাপাশি রয়েছে ঘন সবুজ গাছে ঘেরা পাহাড়ি টিলা। এসব পাহাড়ি এলাকায় বাস করে ক্ষুদ্র জাতিসত্তার বিভিন্ন মানুষ।প্রাচীনকালে বাংলাদেশ মসলিন কাপড়ের জন্য বিখ্যাত ছিল। এ দেশের তাঁতিরা এখনো রেশমি, জামদানি, টাঙ্গাইল, মসলিন, রেশম, তসর, গরদ, মুগা, মটকা, বালুচরি ইত্যাদি মূল্যবান কাপড় বোনেন। এ দেশ আমাদের জন্মভূমি। এ দেশ ও এ দেশের মাটিকে আমরা ভালোবাসি।প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো এবং মূল শব্দ দিয়ে বাক্য তৈরি করো।কলকাকলি, জাদুঘর, জনপদ, দিগন্ত, জাগ, শৌখিন, তৈজসপত্র, কুলঙ্গি, উপচার।উত্তর: কলকাকলি: মধুর ধ্বনি, পাখির ডাক।# ভোরবেলা পাখির কলকাকলি শুনতে ভালো লাগে।জাদুঘর: যেখানে পুরোনো দিনের আশ্চর্য জিনিসপত্র প্রদর্শনের জন্য সংরক্ষণ করা হয়।# সেদিন জাদুঘরে গিয়ে নানা জিনিস দেখে আনন্দ পেয়েছি।জনপদ: লোকালয়, যেখানে মানুষ বসবাস করে।# এই নদীতীরে এককালে সমৃদ্ধ জনপদ ছিল।দিগন্ত: দিকের শেষ, দূর থেকে দেখলে যেখানে আকাশ ও পৃথিবী মিলিত হয়েছে বলে মনে হয়। # পূর্ব দিগন্তে এখন মেঘ জমেছে।জাগ: খড়-পাতা দিয়ে পানিতে চাপা দেওয়া।# পাট কাটা হয়ে গেছে, এখন জাগ দেওয়ার পালা।শৌখিন: যাতে শখ মেটে, বিলাসী, মনোরম।# করিম চাচা খুব শৌখিন মানুষ।সংস্কৃতি: কৃষ্টি # জাতির পরিচয় হয় তার সংস্কৃতিতে।শ্যামলিমা: শ্যাম বা সবুজাভ রংবিশেষ।# শ্যামলিমায় ঘেরা আমাদের গ্রাম।ঘরামি: খড়ের ঘর নির্মাতা।# আমাদের গ্রামে বেশির ভাগ বাড়ি ঘরামি দ্বারা তৈরি।তৈজসপত্র: বাসনকোসন# বাবা ঘরের জন্য কিছু তৈজসপত্র কিনেছেন।কুলঙ্গি: মাটির ঘরের দেয়ালের ছোট খোপ।# কুলঙ্গিতে আয়না-চিরুনি রয়েছে।উপচার: উপাদান # উপহারের ডালাটি নানা উপচারে সাজানো।জাতিসত্তা: জাতি-পরিচয়।# পাহাড়ি এলাকায় অনেক ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বাস করে।প্রশ্ন: আমাদের ‘মাছে-ভাতে বাঙালি’ বলা হয় কেন?উত্তর: আমরা বাঙালি। আমাদের প্রধান খাদ্য ভাত, আর সবচেয়ে প্রিয় খাবার হলো মাছ। মাঠভরা সোনালি ধান আর খাল-বিল, পুকুর ও নদী ভরা মাছ এ দেশের অন্যতম বৈশিষ্ট্য। এ দেশের উর্বর মাটিতে উৎপাদিত নানা রকমের ধান থেকে যেমন আমরা ভাতের চাল পেয়ে থাকি, তেমনই খাল-বিল, পুকুর ও নদী থেকে পেয়ে থাকি নানা জাতের, নানা নামের সুস্বাদু মাছ। আমাদের প্রতিদিনের খাদ্য-তালিকায় ভাতের সঙ্গে কোনো না কোনো ধরনের মাছ থাকেই। তাই আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ বলা হয়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল