বাংলা
আমাদের এই দেশপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ে ‘আমাদের এই দেশ’ প্রবন্ধ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: বাংলাদেশের শহরের একটি বর্ণনা লেখো।উত্তর: বাংলাদেশে রয়েছে ছোট-বড় অনেক শহর। এসব শহরের উঁচু উঁচু দালানকোঠা, ইট-কাঠ আর পাথর দিয়ে তৈরি। শহরের রাস্তাগুলো বেশ চওড়া। পিচ ও সিমেন্ট দিয়ে তৈরি এসব রাস্তার দুই পাশ দিয়ে বাস, ট্রাক, রিকশা, অটোরিকশা, সাইকেল ইত্যাদি যানবাহন চলাচল করে। শহরে রাস্তার পাশে ফুটপাত দিয়ে চলাচল করে পথচারী। বাংলাদেশের শহরের মানুষ বিচিত্র রকমের কাজে ব্যস্ত থাকে। কেউ অফিস আদালতে কাজ করে, কেউ ব্যবসা বাণিজ্য করে। শহরে শ্রমিকেরা কাজ করেন কলকারখানায়। এ ছাড়া নানা পেশার মানুষ জীবিকার জন্য শহরে এসে ভিড় করে।কাজের ফাঁকে অবসর সময়ে বেড়ানোর জন্য শহরে রয়েছে বিভিন্ন পার্ক ও উদ্যান। অনেক শহরে জাদুঘর ও চিড়িয়াখানা রয়েছে। ছুটির দিনে শহরের লোকজন পার্ক, উদ্যান, জাদুঘর ও চিড়িয়াখানায় বেড়াতে যায়। রাজধানী ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় শহর।প্রশ্ন: বাংলাদেশের শহরে ও গ্রামে কী কী ধরনের বাড়িঘর তৈরি হয়?উত্তর: বাংলাদেশের শহর ও গ্রামে ভিন্ন ভিন্ন ধরনের বাড়িঘর তৈরি হয়। নিচে শহর ও গ্রামের বাড়িঘরের ধরন বর্ণনা করা হলো:শহরের বাড়িঘর: বাংলাদেশের শহরের বাড়িঘর তৈরি করা হয় ইট, কাঠ আর পাথর দিয়ে। শহরের উঁচু উঁচু এসব বাড়িঘরকে দালানকোঠা বলা হয়।গ্রামের বাড়িঘর: বাংলাদেশের গ্রামের বাড়িঘরের কাঠামো তৈরি হয় বাঁশ ও কাঠ দিয়ে। ঘরের চাল ছাওয়া হয় ছন, খড়, গোলপাতা ও হোগলা পাতা দিয়ে। ঘরের চারপাশের দেয়াল তৈরি হয় বাঁশের চাঁচারি, পাটকাঠি বা মাটি দিয়ে। গ্রামের এসব বাড়িঘর সাধারণত দোচালা ও চৌচালা হয়ে থাকে। ঘরামিরা বাঁশের চাঁচারি, বেত ও শীতল পাটি দিয়ে ঘরের দেয়াল ও চালের ভেতরের দিকটা চমৎকারভাবে সাজিয়ে তোলেন। গ্রামে কোনো কোনো বাড়িঘর টিন দিয়েও তৈরি করা হয়। গ্রামের প্রায় প্রতি বাড়িতেই ঢেঁকিঘর ও রান্নাঘর থাকে।প্রশ্ন: ‘নদীর সঙ্গে এ দেশের মানুষের গভীর মিতালি।’ এ কথাটির অর্থ কী?উত্তর: ‘নদীর সঙ্গে এ দেশের মানুষের গভীর মিতালি।’এ কথাটির মধ্য দিয়ে এ দেশের মানুষের জন্য নদীর নিঃস্বার্থ উপকারিতার কথা বোঝানো হয়েছে। ‘মিতালি’ শব্দের অর্থ বন্ধুত্ব বা বন্ধু যেমন বন্ধুকে নানাভাবে সাহায্য-সহযোগিতা করে থাকে, তেমনি করে এ দেশের ওপর দিয়ে প্রবাহিত ছোট-বড় সব নদীই এ দেশের মানুষকে যুগ-যুগ ধরে বিভিন্নভাবে সহযোগিতা ও সাহায্য করে আসছে। নদীর বানে ভেসে আসা পলি এ দেশের মাটিকে উর্বরা করেছে। নদীর কারণেই এ দেশে সোনালি ফসলে ভরা কৃষিকাজের বিকাশ ঘটেছে। নদীর তীরে গড়ে উঠেছে এ দেশের প্রধান প্রধান শহর, বন্দর ও ব্যবসা-বাণিজ্যকেন্দ্র। বর্ষাকালে নদীই গ্রামের যাতায়াতের প্রধান উপায়। এ দেশের জেলে ও মাঝিসমাজ নদীর ওপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করে থাকে। এ দেশের মানুষ নদীর সঙ্গে সত্যিকার অর্থেই গভীর মিতালির বন্ধনে আবদ্ধ। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল