বাংলা
অভিযানপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘অভিযান’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ দুটি অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বেপ্রশ্ন: গ. উদ্দীপকে মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণের যে দিকটি ফুটে উঠেছে, তোমার পঠিত কবিতায় তা কতটুকু বিধৃত হয়েছে বুঝিয়ে লেখো। উত্তর: গ. উদ্দীপকে গ্রামের কিছু যুবক মিলে যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত মহৎ এবং সাহসী পদক্ষেপ। তাদের একটু সাহায্য-সহযোগিতা গ্রামের দুস্থ মানুষের মুখে হাসি ফুটিয়েছে। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো, অন্যের সেবায় আত্মনিয়োগ করা, পরের কল্যাণে নিজের স্বার্থকে ত্যাগ করাই হলো মানবজীবনের সার্থকতা। আর এতেই মানুষের শ্রেষ্ঠত্বের প্রমাণ মেলে। উদ্দীপকের বিষয়বস্তুর সঙ্গে ‘অভিযান’ কবিতার যথেষ্ট মিল আছে। এখানেও কবি মানুষের শ্রেষ্ঠত্বকে উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন। একমাত্র মানুষই পারে নিজেকে মহৎ ও গৌরবময় করে তুলতে। সৃষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। পৃথিবীতে অন্যান্য প্রাণীর সঙ্গে মানুষের অসাধারণত্বের প্রমাণ হলো, মানুষের মুখে আছে ভাষা, বুকে আছে অসীম সাহস আর হূদয়ে আছে কঠিন মনোবল। কেবল ক্ষুদ্রতাকে মানুষ সহজেই মেনে নিতে পারে না। ‘এ পৃথিবীতে যা কিছু কল্যাণকর, যত বিস্ময়কর সৃষ্টি’ সবকিছুর মূলেই রয়েছে মানুষের বিদ্যা-বুদ্ধি আর প্রতিভার অপরাজেয় স্বাক্ষর। তুলনাহীন এই মানুষের প্রতি কবির একাত্মতা নিবিড়ভাবে প্রকাশ পেয়েছে। জগতে মানুষই শ্রেষ্ঠ, আর সর্বশ্রেষ্ঠ হলো তার কীর্তি। মহৎ উদ্দীপনা আর শৌর্যবলে পৃথিবীতে বহু আরাধ্য বস্তুই মানুষের নাগালের ভেতরে এসে ধরা দিয়েছে। তাই মানুষকে কবি অকপটে মহীয়ান বলে স্বীকৃতি দিতে পেরেছেন। এখানে তরুণ সমাজই আপন মহিমাবলে মানুষের শ্রেষ্ঠত্বের সে বড় প্রমাণটি দিতে পেরেছে। তাই উদ্দীপকের সঙ্গে অভিযান কবিতার মনুষ্যত্বের বিষয়টি অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ।প্রশ্ন: ঘ. উদ্দীপকের মূল কথার সঙ্গে তোমার পঠিত কবিতার মূলভাব কতটুকু সাদৃশ্যপূর্ণ—তা বিশ্লেষণ করো। উত্তর: ঘ. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিরচিত সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থের অন্তর্গত ‘অভিযান’ একটি উদ্দীপনামূলক কবিতা। এখানে কবি নতুন প্রজন্মকে সব বাধা ও ভয় তুচ্ছ করে সম্মুখ পানে অগ্রসর হওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন।এক নিশ্চল পৃথিবী যখন মানুষকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে, তখনই নবপ্রজন্মকে অগ্রগামী হওয়ার জন্য কবিমনের অশান্ত প্রত্যয় ব্যক্ত হয়েছে। ‘অভিযাত্রী’ অর্থ হলো বিশেষ উদ্দেশ্য নিয়ে গন্তব্যের পথে রওনা হওয়া। এখানে নতুন অভিযাত্রী হলো নবপ্রজন্ম। কবি এই তরুণ সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন, তারা যেন সম্মুখের সব অপশক্তিকে কঠোর হস্তে দমন করে। কবি আশা প্রকাশ করেন, তরুণদের চলার গতি হবে দ্রুত, বুকে থাকবে অসীম সাহস, আর কণ্ঠে ধারণ করবে বিজয়ের গান। অন্যায়ের বিরুদ্ধে তারা সোচ্চার আর প্রতিবাদী হয়ে উঠবে। চারদিকে শুধু ভীরু আর কাপুরুষদের অবস্থান—এরা যত কুসংস্কার আর ক্ষুদ্রনীতিতে আবদ্ধ হয়ে সমাজকে ঠেলে দিচ্ছে অন্ধকার কূপমণ্ডূকতার ভেতরে। সেখান থেকে মুক্তি পেতে হলে আজকের তরুণ সমাজকেই দুরন্ত বেগে এগিয়ে আসতে হবে। পৃথিবীতে চলছে পরস্পর যুদ্ধবিগ্রহ আর হানাহানি। আত্মঘাতী হামলায় নিজেদের মধ্যে তৈরি করেছে এক বৈরী পরিবেশ। এ অবস্থায় নানা প্রতিকূলতা সত্ত্বেও তরুণদের বিজয়ের মশাল হাতে এগিয়ে যেতে হবে। একমাত্র তারাই পারবে পৃথিবী বিপৎসংকুল পথকে অতিক্রম করে একটি নতুন দিনের সূচনা ঘটাতে। আর জীবনের এই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তরুণদের আপন শক্তিই তাদের অনুপ্রাণিত করবে। উদ্দীপকে তরুণেরা তাদের মহত্ত্ব দিয়ে দুঃখী মানুষের সেবায় আত্মনিয়োগ করেছে। আর ‘অভিযান’ কবিতায় তরুণ সমাজ পৃথিবীর সব বৈষম্যকে দূরীভূত করার প্রচেষ্টা নিবেদিত হয়েছে। তাই উদ্দীপকের মূলভাবের সঙ্গে অভিযান কবিতার মূলভাবটি সম্পূর্ণ মেলে না। তবে তরুণ সমাজের মহৎ মনোভাবটি এখানে একই দৃষ্টিভঙ্গিতে ফুটে উঠেছে।