বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শখের মৃৎশিল্পপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘শখের মৃৎশিল্প’ প্রবন্ধ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: শখের হাঁড়ি কী রকম?উত্তর: মাটির তৈরি যেসব শিল্পকর্ম রয়েছে এর মধ্যে শখের হাঁড়ি একটি অন্যতম শিল্পকর্ম। শখের হাঁড়ি বিভিন্ন রকম হয়ে থাকে। কোনো হাঁড়ি ফুল আঁকা, কোনো হাঁড়ি পাতা আঁকা আবার কোনো কোনো হাঁড়ি মাছের ছবি আকা। অপূর্ব সুন্দর কারুকাজ খচিত এসব হাঁড়ি সহজেই মানুষের দৃষ্টি কেড়ে নেয়। মানুষ শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখে। তাই এই হাঁড়িকে শখের হাঁড়ি বলা হয়। শখের হাঁড়ি দৃষ্টিনন্দিত ও শিল্প সৌকর্যে অতুলনীয়। প্রশ্ন: বৈশাখী মেলায় কী কী পাওয়া যায়?উত্তর: বৈশাখী মেলা বাংলাদেশের অন্যতম সামাজিক উৎসব। বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই মেলা বসে। বৈশাখী মেলায় অনেক কিছু পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মাটির তৈরি নানা বর্ণের, নানা রঙের বিচিত্র হাঁড়ি, মাটির ঘোড়া, হাতি, ষাঁড়, পুতুল, মাছ, বাঁশের তৈরি কুলা, ডালা, ঝুড়ি, চালন, মাছ ধরার চাঁই, খলই ইত্যাদি। বৈশাখী মেলায় আরও পাওয়া যায় বাঙি, তরমুজ, মুড়ি, মুড়কি, জিলাপি, বাতাসা আর কদমা। এ ছাড়া বৈশাখী মেলার অন্যতম আকর্ষণ হলো নাগরদোলা। প্রশ্ন: মৃৎশিল্পের প্রধান উপাদান কী?উত্তর: মাটির তৈরি শিল্পকর্মকে বলা হয় মৃৎশিল্প। এ শিল্পের প্রধান উপাদান হলো মাটি। তবে সব মাটি দিয়ে এ কাজ হয় না। দো-আঁশ মাটি তেমন আঠালো নয়, আর বেলে মাটি ঝরঝরে—তাই এগুলো দিয়ে মাটির শিল্প বা মৃৎশিল্প হয় না। মৃৎশিল্পের জন্য দরকার পরিষ্কার এঁটেল মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে তাও নয়। এর জন্য দরকার অনেক যত্ন আর শ্রম। দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। প্রয়োজন কিছু ছোটখাটো যন্ত্রপাতি ও সরঞ্জাম। মৃৎশিল্পের প্রধান উপাদান মাটি হলেও এর সঙ্গে দরকার একটা কাঠের চাকা। এই চাকায় নরম মাটির তাল লাগিয়ে নানা আকারের মাটির পাত্র ও নানা জিনিস তৈরি করেন কুমোরেরা। প্রশ্ন: কয়েকটি মৃৎশিল্পের নাম লেখো। উত্তর: মৃৎশিল্প আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প। এ দেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছেন নানা রঙের, নানা বর্ণের ও বিভিন্ন রকমের মৃৎশিল্প। আমাদের দেশের কুমারদের তৈরি কয়েকটি মৃৎশিল্পের নাম হলো—মাটির কলস, হাঁড়ি, সরা, মটকা, বাসন-কোসন, পেয়ালা, সরাই, জালা, পিঠা তৈরির ছাঁচ, পুতুল, নানা রকম পশু, পাখি, মাছ ইত্যাদি। এ ছাড়া আমাদের দেশে এক সময় গড়ে উঠেছিল অনিন্দ্যসুন্দর মৃৎশিল্প টেরাকোটা। বাংলার অনেক পুরোনো মৃৎশিল্প এই টেরাকোটা।