বাংলা
বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল’ প্রবন্ধ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: ১৯৭১ সালের ১৬ এপ্রিল মোস্তফা কামাল কমান্ডারের কাছে কী খবর পাঠিয়ে ছিলেন?উত্তর: ১৯৭১ সালের ১৬ এপ্রিল মোস্তফা কামাল খবর পেলেন, পাকিস্তানি হানাদার বাহিনী কুমিল্লা-আখাউড়া রেললাইন ধরে এগিয়ে আসছে। তাদের লক্ষ্য, মুক্তিবাহিনীর প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া দখল করা। মাত্র ১০ জন সৈন্য নিয়ে শক্তিশালী পাকিস্তানি বাহিনীকে মোকাবিলা করা বাস্তবে অসম্ভব। তাই তিনি আরও মুক্তিসেনা পাঠানোর জন্য কমান্ডারের কাছে খবর পাঠিয়ে ছিলেন। প্রশ্ন: দরুইন নিরাপত্তা ঘাঁটিতে স্বস্তির নিঃশ্বাস বইল কেন?উত্তর: ১৯৭১ সালের ১৭ এপ্রিল ভোরবেলা পাকিস্তানি বাহিনী গোলা বর্ষণ শুরু করলে মোস্তফা কামাল বুঝতে পারলেন, এত কম শক্তি নিয়ে ওদের মোকাবিলা করা সম্ভব নয়। তাই তিনি আবারও কমান্ডারের কাছে জরুরি সেনা-সহায়তার জন্য সংবাদ পাঠালেন। কিন্তু বাড়তি সেনা তো দূরের কথা, দু-তিন দিন ধরে তাঁদের নিয়মিত খাবার সরবরাহও বন্ধ। চিন্তায় অস্থির মোস্তফা কামালসহ সবাই মিলে পরিখার মধ্যে অবস্থান নেন। দুপুরের দিকে হাবিলদার মুনির আহমদের নেতৃত্বে এক প্লাটুন মুক্তিসেনা দরুইন গ্রামে এসে পৌঁছল। সেই সঙ্গে খাবারও এল। ফলে দরুইন নিরাপত্তা ঘাঁটিতে স্বস্তির নিঃশ্বাস বইল। প্রশ্ন: মুক্তিসেনারা কেন হতবিহ্বল হয়ে পড়লেন? তাঁদের সামনে কোন দুটি পথ খোলা ছিল? উত্তর: ১৯৭১ সালের ১৮ এপ্রিল বেলা ১১টার সময় পাকিস্তানি সেনারা গোলা বর্ষণ করতে করতে এগিয়ে আসতে থাকে দরুইন ঘাঁটির দিকে। প্রথমে তারা অবস্থান নিল মোগরাবাজারে ও গঙ্গাসাগরে। দুপুর ১২টায় পাকিস্তানি সেনাদের আক্রমণ আরও প্রবল হয়ে উঠল। মুক্তিযোদ্ধাদের পাল্টা গুলি তাদের তেমন কিছু করতে পারল না। হঠাৎ একটা গুলি এসে মুক্তিবাহিনীর মেশিনগান ম্যানের বুকে বিঁধল। সঙ্গে সঙ্গে মেশিনগান বন্ধ হয়ে গেল। শত্রুর আক্রমণের এই আকস্মিকতা, দ্রুততা ও তীব্রতায় মুক্তিসেনারা হতবিহ্বল হয়ে পড়লেন। এ অবস্থায় তাঁদের সামনে কেবল দুটি পথ খোলা ছিল। আর এই দুটি পথ হলো—হয় সামনা-সামনি যুদ্ধ করে মৃত্যুবরণ করা, না হয় পূর্বদিক দিয়ে পিছু হটে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া। প্রশ্ন: অবশিষ্ট সহযোদ্ধাদের জীবন রক্ষার জন্য মোস্তফা কামাল কী সিদ্ধান্ত নিলেন?উত্তর: ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীর আকস্মিক আক্রমণের দ্রুততা ও তীব্রতায় মুক্তিসেনারা হতবিহ্বল হয়ে পড়লেও মোস্তফা কামাল সাহস হারাননি। পরিখার মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে উত্তরে, দক্ষিণে, পশ্চিমে গুলি চালাতে লাগলেন। এরই মধ্যে নয়জন মুক্তিসেনা নিহত হলেন। আরও ১০জন হলেন আহত। পিছু না হটলে সবার মৃত্যু অবধারিত। এ পরিস্থিতিতে অবশিষ্ট সহযোদ্ধাদের জীবন রক্ষার জন্য মোস্তফা কামাল সিদ্ধান্ত নিলেন, তিনি একাই শত্রু ঠেকাবেন। একাই গুলি চালিয়ে যাবেন। যেমন করেই হোক, মুক্তিসেনাদের জীবন বাঁচাতে হবে। তিনি সহযোদ্ধাদের দ্রুত পিছু হটার নির্দেশ দিলেন।প্রশ্ন: বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের কবর কোথায়? বাংলাদেশ সরকার মোস্তফা কামালকে কী উপধিতে ভূষিত করেছে? উত্তর: ১৯৭১ সালের ১৮ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী ব্রাহ্মণবাড়িয়ার দরুইন গ্রাম আক্রমণ করে। প্রচণ্ড যুদ্ধে আত্মরক্ষার জন্য সহযোদ্ধাদের পিছু হটতে সাহায্য করে মোস্তফা কামাল একাই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হন দরুইন গ্রামে। বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের কবর এই দরুইন গ্রামেই অবস্থিত।মোস্তফা কামালের অনমনীয় দৃঢ়তা ও আত্মদানের জন্য তিনি আমাদের গর্ব, আমাদের গৌরব। অসীম সাহস আর বীরত্বের জন্য মোস্তফা কামালকে ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়েছে। বীরশ্রেষ্ঠ আমাদের দেশের বীরত্বের সবচেয়ে বড় উপাধি।