বাংলা
সবার আমি ছাত্রপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘সবার আমি ছাত্র’ কবিতা থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: খোলা মাঠ কী উপদেশ দেয়?উত্তর: কবি সুনির্মল বসু রচিত ‘সবার আমি ছাত্র’ কবিতায় খোলামাঠের উপদেশের কথা বলা হয়েছে।খোলামাঠ বন্ধনহীন মুক্তাঙ্গন। মনের আনন্দে সেখানে আমরা ইচ্ছেমতো ঘুরে বেড়াতে পারি। খোলামাঠ উদারতার প্রতীক। খোলামাঠ আমাদের মুক্তপ্রাণ—উদার হূদয়ের অধিকারী হওয়ার উপদেশ দেয়।প্রশ্ন: সূর্য ও চাঁদ আমাদের কী শেখায়?উত্তর: সূর্য ও চাঁদ প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। কবি সুনির্মল বসু রচিত ‘সবার আমি ছাত্র’ কবিতায় প্রকৃতির অনন্য সম্পদ সূর্য ও চাঁদের নির্মল শিক্ষা দানের কথা উল্লেখ করা হয়েছে।সূর্য তার নিজস্ব আলোয় সারা পৃথিবী আলোকিত করে। সূর্যের আলোয় অন্ধকার দূর হয়। সূর্য আমাদের স্বকীয় বৈশিষ্ট্যে নিজস্ব প্রখরতায় মানবীয় গুণাবলিকে উদ্ভাসিত করতে শেখায়। অপর দিকে চাঁদের স্নিগ্ধতা আমাদের হূদয়কে ভাবাবেগে আপ্লুত করে। চাঁদ আমাদের মিষ্টি হাসি হাসতে এবং মধুর কথা বলতে শেখায়। অর্থাৎ এই পৃথিবীর সবকিছুকে নির্মল ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে শেখায় চাঁদ।প্রশ্ন: মাটি কীভাবে আমাদের সহিষ্ণুতা শিক্ষা দেয়?উত্তর: সহিষ্ণুতা কথাটির অর্থ হলো সহনশীলতা। সহিষ্ণুতা মানবজীবনের একটি বিশেষ গুণ। সার্থক ও সফল জীবনের জন্য প্রত্যেক মানুষেরই এই গুণ থাকা দরকার।আমাদের আবাসভূমি এই পৃথিবীর অন্যতম উপাদান মাটি। এই মাটির ওপর আমরা চলাফেরা করি, ঘরবাড়ি তৈরি করে, মাটির বুক চিরে আমরা ফসল ফলাই। কিন্তু মাটি কখনো আমাদের এসব কর্মকাণ্ডের জন্য প্রতিবাদ করে না। আমাদের সব রকম অত্যাচার মাটি নীরবে সহ্য করে যায়। মাটি ধৈর্য ও সহ্য শক্তির প্রতীক। মাটি তার সহ্য গুণের মাধ্যমে আমাদের সহিষ্ণুতার শিক্ষা দেয়।প্রশ্ন: ‘বিশ্বজোড়া পাঠশালা মোর’—এ কথার অর্থ কী?উত্তর: পাঠশালা হলো শিক্ষা গ্রহণের স্থান। ‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি সুনির্মল বসু এই পৃথিবীকে শিক্ষা গ্রহণের বিশাল পাঠশালা হিসেবে উপস্থাপন করেছেন।আমাদের এই পৃথিবী অনেক বড়। পৃথিবীর বিশাল প্রকৃতিতে বিরাজ করছে আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী প্রভৃতি। এদের সবার কাছে এ সবকিছুর মধ্যে রয়েছে অনেক শিক্ষণীয় বিষয়। শুধু তাই নয়, এই পৃথিবীর প্রাকৃতিক রূপ, নানা জাতি, নানা দেশ থেকেও আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। সত্যিকার অর্থে এই পৃথিবী স্বয়ং একটি বিশাল পাঠশালা এবং অফুরন্ত জ্ঞানের ভান্ডার। এর কাছ থেকে শিক্ষার শেষ নেই। ‘বিশ্বজোড়া পাঠশালা মোর’-এ কথার মধ্য দিয়ে কবি ওই বিষয়গুলোই বোঝাতে চেয়েছেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল