আমাদের এই দেশপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের বিষয়ভিত্তিক ধারাবাহিক পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ওপর বিভিন্ন আলোচনা ও পরামর্শ নিশ্চয় এরই মধ্যে পড়ে নিয়েছ এবং নিজেকে তৈরি করতে শুরু করেছ—তাই না? গতকাল থেকে শুরু হয়েছে বাংলা বিষয়ের ওপর ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা। এ পর্যায়ে আজ রয়েছে বাংলা বইয়ের ‘আমাদের এই দেশ’ প্রবন্ধের ওপর আলোচনা। প্রশ্ন: ‘নদীর সঙ্গে এ দেশের মানুষের গভীর মিতালী’—এ কথার অর্থ কী?উত্তর: ‘নদীর সঙ্গে এ দেশের মানুষের গভীর মিতালী’—এ কথার মধ্য দিয়ে এ দেশের মানুষের জন্য নদীর নিঃস্বার্থ উপকারিতার কথা বোঝানো হয়েছে। মিতালী শব্দের অর্থ বন্ধুত্ব। বন্ধু যেমন বন্ধুকে নানাভাবে সাহায্য-সহযোগিতা করে, তেমনি এ দেশের ওপর দিয়ে প্রবাহিত ছোট-বড় সব নদীই এ দেশের মানুষকে যুগ যুগ ধরে বিভিন্নভাবে সহযোগিতা ও সাহায্য করে আসছে। নদীর বানে ভেসে আসা পলি এ দেশের মাটিকে উর্বর করেছে। নদীর কারণেই এ দেশে কৃষি কাজের বিকাশ ঘটেছে। নদীর তীরে গড়ে উঠেছে এ দেশের প্রধান প্রধান শহর, বন্দর ও ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র। বর্ষাকালে নদীই গ্রামের যাতায়াতের প্রধান উপায়। এ দেশের জেলে ও মাঝিসমাজ নদীর ওপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করে। এ দেশের মানুষ নদীর সঙ্গে সত্যিকার অর্থেই গভীর মিতালীর বন্ধনে আবদ্ধ।প্রশ্ন: আমাদের ‘মাছে-ভাতে বাঙালি’ বলা হয় কেন?উত্তর: আমরা বাঙালি। আমাদের প্রধান খাদ্য ভাত, আর সবচেয়ে প্রিয় খাবার হলো মাছ। সোনালি ধানে ভরা মাঠ, খাল-বিল, পুকুর ও নদী ভরা মাছ এ দেশের অন্যতম বৈশিষ্ট্য। এ দেশের উর্বর মাটিতে উৎপাদিত নানা রকমের ধান থেকে যেমন আমরা ভাতের চাল পেয়ে থাকি, তেমনি খাল, বিল, পুকুর ও নদী থেকে পেয়ে থাকি নানা জাতের নানা নামের সুস্বাদু মাছ। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ভাতের সঙ্গে কোনো না কোনো ধরনের মাছ থাকেই। তাই আমাদের ‘মাছে-ভাতে বাঙালি’ বলা হয়।প্রশ্ন: কয়েকটি ক্ষুদ্র জাতিসত্তার নাম লেখো।উত্তর: সবুজ শ্যামলিমায় ঘেরা বিস্তৃত সমতল ভূমি ছড়িয়ে আছে বাংলাদেশের হূদয় জুড়ে। অন্যদিকে আছে ঘন সবুজ গাছে ঘেরা পাহাড়ি টিলা। এসব পাহাড়ি এলাকা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বাস করে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তাগুলোর মধ্যে প্রধান হলো চাকমা, মুরং, মারমা, লুসাই, গারো ইত্যাদি। এরা পাহাড়ে জুমচাষ করে।প্রশ্ন: নদী, খাল-বিল ও সমুদ্রে পাওয়া যায় এমন ১০টি মাছের নাম লেখো।উত্তর: বাংলাদেশের নদী, খাল-বিল ও সমুদ্রে সারা বছর বিভিন্ন জাতের মাছ পাওয়া যায়। নদী, খাল-বিল ও সমুদ্রে পাওয়া যায় এমন ১০টি মাছের নাম নিচে লিপিবদ্ধ করা হলো:১। ইলিশ—নদীর মাছ ৬। কোরাল—সমুদ্রের মাছ২। চিতল—নদীর মাছ ৭। লাক্ষা—সমুদ্রের মাছ৩। শোল—খাল-বিলের মাছ ৮। লইট্যা—সমুদ্রের মাছ৪। কই—খাল-বিলের মাছ ৯। ফাইস্যা—সমুদ্রের মাছ৫। রুপচাঁদা—সমুদ্রের মাছ ১০। শিং—খাল-বিলের মাছপ্রশ্ন: কখন নবান্ন উৎসবে সবাই মেতে ওঠে? এ দেশের কয়েক প্রকার ধানের নাম লেখো।উত্তর: নবান্ন উৎসব বাংলাদেশের জনজীবনের একটি অন্যতম সামাজিক উৎসব। শরৎঋতুর শেষে হিমেল হাওয়ার ভেলায় ভেসে আসে হেমন্ত। নতুন ধানের মিষ্টি গন্ধে আমোদিত হয় হেমন্তের প্রকৃতি। ঘরে ঘরে জাগে আনন্দের ঢেউ। ঢেঁকির তালে ধান ভানার গানে তখন নবান্ন উৎসবে সবাই মেতে ওঠে।এ দেশের উর্বর মাটিতে ফলে অনেক রকমের ধান। এসব ধানের মধ্যে উল্লেখযোগ্য কয়েক প্রকারের ধানের নাম হলো: অঞ্জন লক্ষ্মী, আকাশমণি, পক্ষীরাজ, কাশফুল, বাঁশফুল, বাসমতি, বিন্নি, কালিজিরা, বাদশাভোগ, কাটারিভোগ, বালাম ও বিরুই।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল