বাংলা
কবিতা ‘কে?’প্রিয় শিক্ষার্থী, প্রীতি ও শুভেচ্ছাসহ স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পড়াশোনায়। ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে বাংলা বিষয়ের ‘কে?’ কবিতা। রচনা করেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। আশা করি, এরই মধ্যে কবিতাটি তোমাদের মুখস্থ হয়ে গেছে। এসো, তাহলে এবার কবিতার কিছু প্রশ্নোত্তর আলোচনা করা যাক।প্রশ্ন: প্রকৃত ধার্মিক ব্যক্তির কোন গুণ থাকা উচিত?উত্তর: স্রষ্টার সৃষ্ট সব জীবের প্রতি যার অসীম দয়া ও সহানুভূতি রয়েছে সেই প্রকৃত ধার্মিক। প্রকৃত ধার্মিক ব্যক্তির যেসব গুণ থাকা উচিত তা হলো: স্রষ্টার প্রতি আনুগত্য, স্রষ্টার সৃষ্ট সব জীবের প্রতি সমান দয়া ও সহানুভূতি, ধৈর্যশীল ও সর্বজীবে সেবা প্রদানের মনোবৃত্তি।প্রশ্ন: প্রকৃত সুখী মানুষ কে?উত্তর: সেই প্রকৃত সুখী, যার কোনো রোগ নেই। প্রচুর ধনসম্পদের মালিক হয়েও অনেকে সুখী জীবন যাপন করতে পারে না। আবার স্বল্প সম্পদে, সন্তুষ্টচিত্তে যে ব্যক্তি সব সময় রোগমুক্ত জীবন যাপন করে থাকে সুখ তার জীবনে আশীর্বাদ হয়ে আসে। কাজেই রোগমুক্ত বা নীরোগ ব্যক্তিই প্রকৃত সুখী মানুষ।প্রশ্ন: হিতাহিত বোধ আছে এমন ব্যক্তি কে?উত্তর: হিতাহিত শব্দটির অর্থ কল্যাণ ও অকল্যাণ। হিত শব্দের অর্থ কল্যাণ। অহিত অর্থ অকল্যাণ। আর বোধ শব্দটির অর্থ হলো বোঝার ক্ষমতা। হিতাহিত বোধ বলতে আমরা বুঝি কল্যাণ ও অকল্যাণ বোঝার ক্ষমতা। কাজেই যে ব্যক্তির ভালোমন্দ বোধ আছে, যিনি কল্যাণ ও অকল্যাণ বুঝে কাজ করে থাকে তিনিই হিতাহিত বোধসম্পন্ন ব্যক্তি। হিতাহিত বোধসম্পন্ন ব্যক্তি সমাজে বিজ্ঞ ব্যক্তি হিসেবে পরিচিত।প্রশ্ন: সাধু ও মূর্খ ব্যক্তির মধ্যে পার্থক্য কী?উত্তর: সাধু ও মূর্খ ব্যক্তির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। সাধু বলতে আমরা সেই ব্যক্তিকে বুঝে থাকি, যিনি পরের ভালো করে থাকেন, পরের কারণে স্বার্থ বলি দেন। সব সময় অপরের বিপদ-আপদে সাহায্য ও সহযোগিতার হাত প্রসারিত করেন। পরোপকারে সর্বদা নিজেকে নিয়োজিত রাখেন। অপর দিকে মূর্খ বলতে আমরা সেই ব্যক্তিকে বুঝে থাকি, যিনি নিতান্ত বোকা। যার বোধ শক্তি নেই। নিজের ভালোমন্দ বোঝে না, নিজের ক্ষতি নিজেই করে। সাধু হলেন সৎ ও ধার্মিক ব্যক্তি। আর মূর্খ হলেন নিতান্ত বোকা, নির্বোধ ব্যক্তি।প্রশ্ন: জ্ঞানী ব্যক্তি কে?উত্তর: নিজের সম্পর্কে যার ভালোমন্দ জ্ঞান আছে, যার ভালোমন্দ বোঝার ক্ষমতা আছে, তাকেই জ্ঞানী হিসেবে আখ্যায়িত করা হয়। সৃষ্টিশীল কাজে নিয়োজিত থেকে যে ব্যক্তি সুশীলসমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন এবং স্বীয় কর্মবৈশিষ্ট্যে সচেতন থেকে, মানব কল্যাণে নিবেদিত থেকে ভালোমন্দ মূল্যায়নের ক্ষমতা রাখেন, এ জগতে তিনিই জ্ঞানী ব্যক্তি।প্রশ্ন: ব্যাখ্যা লেখো: বিপদে যে স্থির থাকে, ধীর বলি তারে।উত্তর: আলোচ্য পদ্যাংশটুকু কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত রচিত ‘কে?’ শীর্ষক কবিতা থেকে চয়ন করা হয়েছে।এখানে ধীর স্বভাবসম্পন্ন ব্যক্তির প্রকৃতি ব্যক্ত করা হয়েছে। ভালোমন্দ, সুখ-দুঃখ নিয়ে মানব জীবন। যেকোনো সময় যেকোনো ধরনের বিপদ-আপদ মানুষের সুন্দর জীবনকে এলোমেলো করে দিতে পারে। যে ব্যক্তি বিপদ-আপদে, দুঃখ-শোকে স্থির থাকতে পারেন, বিচলিত না হয়ে সাহস ও ধৈর্যের সঙ্গে যেকোনো প্রতিকূল পরিস্থিতি, বিপদ-আপদ মোকাবিলা করতে জানেন, সেই ব্যক্তিই সমাজে ধীর স্বভাবের ব্যক্তি হিসেবে বিবেচিত হয়ে থাকেন। প্রকৃত অর্থে তিনিই প্রকৃত ধীর, যিনি বিপদে বিচলিত হন না।