বাংলা
শহীদ তিতুমীরপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে শফিউল আলম রচিত ‘শহীদ তিতুমীর’। এসো তাহলে আজকের পাঠ শুরু করা যাক। প্রশ্ন: তিতুমীরের যখন জন্ম, তখন এ দেশ কাদের অধীন ছিল?উত্তর: পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার একটি গ্রাম চাঁদপুর। এই গ্রামের এক বনেদি মুসলিম পরিবারে সৈয়দ বংশে ১৭৮২ সালে তিতুমীরের জন্ম। তিতুমীরের যখন জন্ম তখন আমাদের বাংলাদেশসহ পুরো ভারতবর্ষ ছিল পরাধীন। ইংরেজ রাজত্ব আর অত্যাচারের পাশাপাশি এ দেশে চলছিল দেশি জমিদারদের জুলুম। ইংরেজ কর্মচারীরা এ দেশের সর্বত্র ঘোড়া ছুটিয়ে চলত প্রচণ্ড দাপটে। তখন এ দেশ পুরোপুরি ইংরেজদের অধীন ছিল। প্রশ্ন: তিতুমীর ছোটবেলায় ডনকুস্তি আর ব্যায়াম শিখেছিলেন কেন? উত্তর: তিতুমীরের জন্ম হয়েছিল পরাধীন ভারতবর্ষে। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন ইংরেজদের অত্যাচার। দেশি জমিদারদের জুলুম। তিতুমীর এসব দেখতেন আর ভাবতেন, এদের হাত থেকে কীভাবে মুক্তি পাবে এ দেশের মানুষ। ইংরেজ তাড়ানোর উদ্দেশ্যে গায়ে শক্তি সঞ্চয় করার জন্য সেকালে গ্রামে গ্রামে ডনকুস্তি আর শরীরচর্চার ব্যায়াম হতো। শেখানো হতো মুষ্টিযুদ্ধ, লাঠিখেলা, তীর ছোড়া আর অসিচালনা। তিতুমীরও ছোটবেলায় ডনকুস্তি আর ব্যায়াম শিখেছিলেন ইংরেজ তাড়ানোর জন্য। আর এতে তিনি সফলতাও লাভ করেন। পরিচিতি পান পাহলোয়ান হিসেবে। পাশাপাশি লাঠি খেলা, তীর ছোড়া আর অসি পরিচালনায় পারদর্শী হয়ে ওঠেন তিনি। প্রশ্ন: এ দেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার চিন্তা কেন তাঁর মনে এল?উত্তর: ছোটবেলা থেকেই তিতুমীর দেখে আসছেন ভারতবর্ষে ইংরেজদের অত্যাচার। তারপর একবার ওস্তাদের সঙ্গে তিনি বিহার সফরে বেরিয়ে ছিলেন। বিহার সফরের সময় তিনি মানুষের আরও দুরবস্থা প্রত্যক্ষ করেন। মানুষের দুরবস্থা স্বচক্ষে দেখার পর তিনি বুঝতে পেরেছিলেন ভারতবর্ষ থেকে ইংরেজদের তাড়াতে না পারলে এ দেশের মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই এ দেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার চিন্তা তার মনে এল, তাঁর মনে দেশকে স্বাধীন করার চিন্তা এল। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল