বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক প্রশ্ন: পাঠ্যবই বহির্ভূত

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।

# নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো:
জীবনের বিকাশ ঘটাতে হলে দরকার ইচ্ছা। ইচ্ছা থাকলে চেষ্টা সফল হয়। মানুষকে জীবনের পথে এগিয়ে যেতে হবে। বিশেষ উদ্দেশ্যে তার জীবন সফল করতে হবে। এ জন্য পালন করতে হবে দায়িত্ব ও কর্তব্য। নিশ্চেষ্ট হয়ে বসে থাকলে জীবনে কোনো কিছু লাভের আশা করা যায় না। বিশ্বসভ্যতার যে বিকাশ ঘটেছে, তার পেছনে কাজ করছে মানুষের ইচ্ছা ও আগ্রহ। দৃঢ় ইচ্ছাই কোনো কিছু সফল করার উপায় এনে দেয়। কর্মের ইচ্ছাশক্তিই তা বাস্তবায়নে প্রত্যয়ী করে তোলে। ইচ্ছাশক্তিকে নিষ্ঠার সঙ্গে কাজে লাগালেই জীবন সফল হয়ে ওঠে। এ জন্য উদ্দেশ্য ঠিক রেখে দৃঢ়প্রত্যয় নিয়ে কাজ করতে হবে। তাই বলা যায়, যদি উদ্দেশ্য স্থির থাকে এবং সে অনুসারে কাজ করা যায়, তাহলে সাফল্য অবশ্যম্ভাবী।

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১. ইচ্ছা কী করার উপায় এনে দেয়?
ক. কাজ সফল করার খ. দৃঢ়তার
গ. শক্তি সঞ্চয়ের ঘ. নিশ্চেষ্ট হয়ে বসে থাকার
২. জীবনের বিকাশ ঘটাতে হলে যা প্রয়োজন—
ক. ইচ্ছা খ. শক্তি গ. ক্ষমতা ঘ. সম্পদ
৩. বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য মানুষকে করতে হবে—
ক. প্রতিজ্ঞা খ. কৌশল
গ. পরিশ্রম ঘ. দায়িত্ব ও কর্তব্য পালন
৪. কিসের অভাবে জীবনে সফলতা লাভ করা সম্ভব হয় না?
ক. সম্পদ খ. টাকাপয়সা গ. জ্ঞান ঘ. ইচ্ছাশক্তি
৫. ইচ্ছাশক্তি কীভাবে কাজে লাগালে সফলতা সম্ভব?
ক. নিষ্ঠার সঙ্গে খ. আয়েশের সঙ্গে
গ. নিজের ইচ্ছা অনুসারে ঘ. অন্যের ইচ্ছা অনুসারে।
১ নং প্রশ্নের উত্তর:
১. ক. কাজ সফল করার, ২. ক. ইচ্ছা, ৩. ঘ. দায়িত্ব ও কর্তব্য পালন, ৪. ঘ. ইচ্ছাশক্তি, ৫. ক. নিষ্ঠার সঙ্গে।

২। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানে উপযুক্ত শব্দটি বসাও:
শব্দ শব্দার্থ
নিশ্চেষ্ট চেষ্টা না করে
বিকাশ প্রসার
প্রত্যয়ী বিশ্বাসী
নিষ্ঠা মনোযোগ
বাস্তবায়ন বাস্তবে রূপদান করা
ক. তুমি — সঙ্গে কাজ করবে। খ. কাজে — হলে সফল হবে। গ. বর্তমানে শিক্ষার — ঘটেছে। ঘ. ভাবনাগুলো — করা দরকার। ঙ. — হয়ে ঘরে বসে থাকলে চলবে না।
২ নং প্রশ্নের উত্তর:
ক. নিষ্ঠার খ. প্রত্যয়ী গ. বিকাশ ঘ. বাস্তবায়ন ঙ. নিশ্চেষ্ট।

৩. নিচের যুক্তবর্ণগুলো ভেঙে একটি করে শব্দ তৈরি করো এবং তৈরি করা শব্দ দিয়ে একটি করে নতুন বাক্য লেখো: ন্ধ, স্ম, ঙ্গ, ন্ত, স্থ
৩নং প্রশ্নের উত্তর:
যুক্তবর্ণ যে যে বর্ণ দিয়ে তৈরি গঠিত শব্দ
ন্ধ ন+ধ সন্ধ্যা
স্ম স+ম বিষ্ময়
ঙ্গ ঙ+গ পঙ্গু
ন্ত ন+ত অন্তর
স্থ স+থ আস্থা
বাক্যে প্রয়োগ:
ক. সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বলে।
খ. বিস্ময়ে শিশুটি তাকিয়ে আছে।
গ. পঙ্গু লোককে অসম্মান করবে না।
ঘ. দেশকে অন্তর দিয়ে ভালোবাসবে।
ঙ. তোমার প্রতি আমার আস্থা আছে।

৪. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
ক. মানুষের জীবনে ইচ্ছা থাকা জরুরি কেন তা পাঁচটি বাক্যে লেখো।
খ. আমরা জীবনে কীভাবে সফল হতে পারি, বুঝিয়ে লেখো।
গ. মানুষের জীবনকে সফল করতে হলে কী কী দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে, তা লেখো।
৪নং প্রশ্নের উত্তর:
(ক)
মানুষের জীবনে সফলতার জন্য ইচ্ছা থাকা জরুরি। এর কারণ হলো —
১. জীবনের বিকাশ ঘটাতে হলে দরকার ইচ্ছা। ইচ্ছা থাকলে চেষ্টা সফল হয়।
২. বিশ্বসভ্যতায় যে বিকাশ ঘটেছে, তার পেছনে কাজ করছে মানুষের ইচ্ছা ও আগ্রহ।
৩. দৃঢ় ইচ্ছাই কর্ম সফল করার উপায় এনে দেয়।
৪. ইচ্ছাশক্তিই মানুষকে কর্মমুখী করে তোলে।
৫. একান্ত ইচ্ছা থাকার কারণেই মানুষ চেষ্টা করে এবং সফল হয়। তাই প্রত্যেকের ইচ্ছা থাকা জরুরি।
(খ)
উত্তর: আমরা জীবনে সফল হতে চাইলে কর্মের প্রতি আমাদের আগ্রহ থাকতে হবে। কর্মের সফলতার জন্য থাকতে হবে নিষ্ঠা ও আগ্রহ। পরবর্তীকালে সেই আগ্রহকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। সবসময় কাজ করতে হবে নিষ্ঠা এবং জয়ের লক্ষ্য নিয়ে । পৃথিবীতে সব সফলতার পেছনে ছিল দৃঢ় আগ্রহ, নিষ্ঠা ও ইচ্ছাশক্তি। কাজেই প্রচণ্ড ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে আমরা জীবনে সফল হতে পারি।
(গ)
উত্তর: জীবনকে সফল করতে হলে মানুষকে অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়।
সফলতার জন্য প্রথমেই প্রয়োজন দৃঢ় ইচ্ছাশক্তি। নিশ্চেষ্ট হয়ে বসে না থেকে পরিকল্পনা অনুসারে কাজ করতে হবে। উদ্দেশ্য সফল করতে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। কেননা, মানুষের জীবনে সফলতা আসে দৃঢ় ও ঐকান্তিক চেষ্টা এবং ইচ্ছাশক্তির দ্বারাই। ইচ্ছাশক্তিকে নিষ্ঠার সঙ্গে কাজে লাগালেই জীবন সফল হয়ে ওঠে।

৫। মনে করো তোমার নাম সৌরভ/সুজানা। তুমি ঢাকায় লেখাপড়া করছ। তোমার জীবনের লক্ষ্য জানিয়ে তোমার মায়ের নিকট একটি পত্র লেখো।

৫নং প্রশ্নের উত্তর:

১১ গোড়ান, ঢাকা।
তারিখ: ২৪/৮/১৪
শ্রদ্ধেয় মা,
আমার সালাম গ্রহণ করবেন। গতকাল আপনার পত্র পেয়েছি। আপনি আমার জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছেন। আমার জীবনের লক্ষ্য কী, তা এখন আপনাকে জানাচ্ছি। আমি একজন ডাক্তার হতে চাই। কারণ, আমি মনে করি, মানুষের সেবা করার অনন্য সুযোগ অন্য কোনো পেশায় নেই।
গ্রামের অনেক লোক চিকিত্সার অভাবে মারা যায়। আমি আমার পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে তাদের সেবা দিতে চাই। তাই আমি ডাক্তার হওয়ার দৃঢ় ইচ্ছা লালন করছি। আজ আর নয়। আমার জন্য দোয়া করবেন। আপনি কেমন আছেন জানাবেন।

ইতি—
আপনার স্নেহের ছেলে
সৌরভ/সুজানা।
শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা