বাংলা
শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা মহাস্থানগড়ে একদিন প্রিয় শিক্ষার্থী,আলোচ্যসূচিতে আজ রয়েছে ‘মহাস্থানগড়ে একদিন’ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। প্রশ্ন: মহাস্থানগড় জাদুঘরের পাশে কী আছে?উত্তর: মহাস্থানগড় হলো ইতিহাসের স্বর্ণপুরী। বগুড়া শহর থেকে আট মাইল উত্তরে অবস্থিত। মহাস্থান গড়ে রয়েছে প্রত্মতাত্ত্বিক জাদুঘর। মহাস্থানগড় জাদুঘরের পাশেই রয়েছে গোবিন্দভিটা। গোবিন্দভিটা একটি প্রত্মতাত্ত্বিক নির্দশন। এটি টিলার মতো উঁচু জায়গা। মাটির ঢিবি খুঁড়ে বের করা হয়েছে প্রাচীন যুগের স্থাপত্য এই গোবিন্দভিটা। প্রশ্ন: প্রাচীন বাংলার অন্যতম প্রাচীন নগরের নাম কী?উত্তর: ‘মহাস্থানগড়ে একদিন’ রচনায় প্রাবন্ধিক, মনসুর মুসা প্রাচীন বাংলার অন্যতম প্রাচীন নগরের নাম উল্লেখ করেছেন। প্রাচীন বাংলার অন্যতম এই প্রাচীন নগরের নাম পুণ্ড্রবর্ধন। একসময় এই নগর জনকোলাহলে মুখরিত ছিল। এখন এটি একটি জনশূন্য বিরান ভূমি। প্রাচীনকালের বস্তু সামগ্রী ও ভগ্নাবশেষ ছাড়া এখানে আর কিছুই নেই। দেশি-বিদেশি পর্যটকেরা প্রাচীন বাংলার প্রত্মতাত্ত্বিক নিদর্শন দেখার জন্য এখানে এসে থাকেন। বর্তমানে এটি মহাস্থানগড় নামে পরিচিত।প্রশ্ন: পুণ্ড্রবর্ধনকে আর কী বলা হয়?উত্তর: প্রাচীন বাংলার অন্যতম প্রাচীন নগর পুণ্ড্রবর্ধন। একসময় এখানে রাজা ছিল, রানি ছিল, রাজকন্যা ছিল। ছিল মন্ত্রী, পাত্রমিত্র, অমাত্য, সেনাবাহিনী, প্রহরী, দ্বাররক্ষক। হাতিশালে হাতি ছিল, ঘোড়াশালে ছিল ঘোড়া। দেশ-বিদেশের বণিকেরা এখানে ব্যবসা করতে আসতেন, তীর্থযাত্রীরা আসত। জনকোলাহলমুখর এই পুণ্ড্রবর্ধকে পুণ্ড্রনগরও বলা হয়। এ দেশের সভ্যতার বিচিত্র উপাদান এখানে সঞ্চিত আছে। প্রশ্ন: প্রাচীন নগরীতে কী কী ছিল?উত্তর: প্রাচীন বাংলার অন্যতম নগর ছিল পুণ্ড্রবর্ধন। একসময় এই নগরীতে রাজা ছিল, রানি ছিল, রাজকন্যা ছিল, মন্ত্রী, পাত্রমিত্র, অমাত্য, সেনাবাহিনী, প্রহরী ও দ্বাররক্ষক ছিল। হাতিশালে হাতি ছিল, ঘোড়াশালে ঘোড়া ছিল। প্রাচীন নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর ঘাটে নৌকা ভিড়ত, দেশ-বিদেশের বণিকেরা এখানে আসতেন ব্যবসা করতে। আসত তীর্থ যাত্রীরা এবং দেশ-বিদেশের পর্যটক। জনকোলাহলে মুখরিত ছিল এই নগর। প্রাচীনকালের সমৃদ্ধ এই নগর এখন জনশূন্য বিরান ভূমি। প্রশ্ন: জলাধার দুটোর নাম কী?উত্তর: মহাস্থানগড় একটি ঐতিহাসিক স্থান। এখানে দুটো জলাধারের অস্তিত্ব লক্ষ করা যায়। জলাধার দুটোর মধ্যে একটি জলাধারের নাম জীয়ত কুণ্ড বা জীবন কূপ, আর অপর জলাধারটির নাম মানকলির কুণ্ড। লোকশ্রুতি আছে, জীয়ত কুণ্ডের পানি খেলে মৃত ব্যক্তি প্রাণ ফিরে পায়। মানকলির কুণ্ড সম্বন্ধে বলা হয়, এর নাম হয়েছে জৈনধর্ম প্রচারক গোশালা মানকলির নাম অনুসারে। মহাস্থান গড়ের এই জলাধার দুটোও ইতিহাস প্রসিদ্ধ। প্রশ্ন: পাথরটির ওজন কত?উত্তর: প্রাচীন পুণ্ড্রবর্ধন বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত। এই নগরের উত্তর-দক্ষিণে বিস্তৃত প্রাচীরটির উচ্চতা সমতল ভূমি থেকে ৪ দশমিক ৫৭ মিটার (১৫ ফুট)। আবার কোনো কোনো জায়গায় ১০ দশমিক ৬৭ মিটার (৩৫ ফুট) উঁচু। দুর্গের ভেতর দুটো মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। একটি ধ্বংসাবশেষ বৈরাগী ভিটা নামে পরিচিত। আরেকটি ধ্বংসাবশেষের নাম খোদার পাথর ভিটা। এখানে একটি বিরাট পাথর রয়েছে। এই পাথরটির ওজন প্রায় সাড়ে তিন টন। প্রশ্ন: কে কে মহাস্থানগড়ের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেন?উত্তর: মহাস্থানগড় হলো ইতিহাসের স্বর্ণপুরী মহাস্থানগড়। এর ধাপে ধাপে চাপা পড়ে ছিল আমাদের প্রাচীন সভ্যতার নিদর্শন। বুকানন-হ্যামিল্টন আর আলেকজান্ডার ক্যানিংহাম এ মহাস্থানগড়ের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেন। ধ্বংসাবশেষ খনন করে এখন পর্যন্ত যা পাওয়া গেছে, তাতে গড়ে উঠেছে মহাস্থানগড় জাদুঘর। প্রশ্ন: ধ্বংসাবশেষ থেকে কী কী নিদর্শন পাওয়া গেছে?উত্তর: মহাস্থান গড়ের প্রাচীন সভ্যতার নিদর্শন মাটির নিচে চাপা পড়ে ছিল দীর্ঘকাল। ঐতিহাসিক বুকানন-হ্যামিল্টন আর আলেকজান্ডার ক্যানিংহাম এ সম্বন্ধে সবার দৃষ্টি আকর্ষণ করার পর ধ্বংসাবশেষ খনন করে এখন পর্যন্ত যে সব নিদর্শন পাওয়া গেছে সে সবের মধ্যে রয়েছে শিলালিপি, ভগ্ন জৈন মূর্তি, বুদ্ধমূর্তি, অলংকৃত ইট, ধাতুর তৈরি একটি চক্র বা সূর্য, একটা ষাঁড়, একটা বাঘ, একটা ঘোড়া, একটা সিংহ এবং আরও অনেক কিছু। এসব নিদর্শন মহাস্থানগড় জাদুঘরে সুন্দরভাবে সাজানো আছে।