বাংলা

যোগ্যতাভিত্তিক প্রশ্ন: পাঠ্যবই বহির্ভূত
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৩৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন শুধুমাত্র পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ/ কবিতাংশ থেকে থাকবে। আজ রয়েছে যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা।
নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো:
পানির অপর নাম জীবন। পানি ছাড়া জীব বাঁচতে পারে না। কিন্তু সেই পানি নানাভাবে দূষিত হচ্ছে। জীবের ওপর খারাপ প্রভাব সৃষ্টিকারী যে কোনো উপাদান দ্বারা পানি যদি ব্যবহারের অনুপযোগী হয় তাকে পানি দূষণ বলে। বাংলাদেশের বিভিন্ন নদীর তীরে অজস্র কলকারখানা গড়ে উঠেছে। শিল্প উত্পাদনে নিয়োজিত বিভিন্ন ধরনের কলকারখানায় নানা রকম রাসায়নিক বর্জ্য নিয়মিতভাবে নদীতে ফেলা হচ্ছে। পানিতে ময়লা, বাসা বাড়ির আবর্জনা, কলকারখানার বর্জ্য পদার্থ, নর্দমার ময়লা, কৃষিকাজে ব্যবহূত রাসায়নিক সার ইত্যাদি মিশলে পানি দূষিত হয়। লঞ্চ ও জাহাজ থেকে নির্গত তেলও পানি দূষণের আরেকটি কারণ। শুধু নদীর পানি নয়, গ্রামের পুকুর, খাল-বিলের পানিও নানা কারণে দূষিত হয়। দূষিত পানি পান করলে পেটের পীড়া, আমাশয়, টাইফয়েড, কলেরা, জন্ডিস, ইত্যাদি রোগ হয়। অনেক সময় মাটির নিচের পানি আর্সেনিক যুক্ত হয়ে পানি দূষিত হয়। এই পানি ব্যবহার করলে চর্মরোগ হয়। পানিদূষণের ফলে জনস্বাস্থ্যের অবনতি ঘটার গুরুতর আশঙ্কা আছে। পানিদূষণ আধুনিক সভ্যতার এক অভিশাপ। এই অভিশাপ থেকে পরিত্রাণ পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১. শিল্প-কারখানার জন্য পানি দূষিত হচ্ছে। কারণ—
ক. কালো ধোঁয়া নির্গমন খ. কারখানার শব্দ
গ. কারখানার বর্জ্য মাটিতে পুঁতে ফেলা
ঘ. কারখানার বর্জ্য পানিতে ফেলা হচ্ছে
২. সাধারণত কোথায় বিভিন্ন কলকারখানা গড়ে উঠে?
ক. দিঘির তীরে খ. খালের তীরে
গ. নদীর তীরে ঘ. সাগর তীরে
৩. ‘পানির অপর নাম জীবন’ কারণ—
ক. পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না
খ. পানি ছাড়া গোসল করা যায় না
গ. পানি ছাড়া কাপড় ধোয়া যায় না
ঘ. পানি ছাড়া রান্না করা যায় না
৪. কোনটি নদীর পানি দূষিত হওয়ার আরেকটি অন্যতম কারণ?
ক. জেলেদের মাছ ধরা খ. নৌযান চলাচল
গ. পানি কমে যাওয়া ঘ. জাহাজ থেকে নির্গত তেল
৫. কোনটি আধুনিক সভ্যতার এক অভিশাপ?
ক. শব্দদূষণ খ. মাটিদূষণ গ. পানিদূষণ ঘ. বায়ুদূষণ।
১ নং প্রশ্নের উত্তর
১. ঘ. কলকারখানার বর্জ্য পানিতে ফেলা হচ্ছে
২. গ. নদীর তীরে ৩. ক. পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না
৪. ঘ. জাহাজ থেকে নির্গত তেল ৫. গ. পানিদূষণ।
২। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো:
শব্দ শব্দার্থ
দূষিত কলুষিত
অবনতি অনুন্নতি
অজস্র অনেক
নিক্ষিপ্ত ছুড়ে ফেলা হয়েছে এমন
পরিত্রাণ মুক্তি
আশঙ্কা সন্দেহ
ক) বর্ষাকালে পদ্মা নদীতে—ইলিশ ধরা পড়ে।
খ) পানি দূষণের অভিশাপ থেকে আমাদের—পেতে হবে।
গ) আজ ঝড় হওয়ার— আছে।
ঘ) কলকারখানার কালো ধোঁয়া বায়ু— করে।
ঙ) নদী গর্ভে—বর্জ্য পানি দূষিত করে।
২ নং প্রশ্নের উত্তর
ক. অজস্র খ. পরিত্রাণ গ. আশঙ্কা ঘ. দূষিত ঙ. নিক্ষিপ্ত।
৩। নিচের যুক্তবর্ণগুলো ভেঙে একটি করে শব্দ তৈরি করো এবং তৈরিকৃত শব্দ দিয়ে একটি করে নতুন বাক্য লেখো:
ম্ম, ষ্ম, ঞ্জ, জ্ঞ, স্ফ
৩ নং প্রশ্নের উত্তর
যুক্তবর্ণ যে যে বর্ণ দিয়ে তৈরি গঠিত শব্দ
ম্ম ম্+ম সম্মান
ষ্ম ষ্+ম গ্রীষ্ম
ঞ্জ ঞ্+জ গঞ্জ
জ্ঞ জ্+ঞ জ্ঞানী
স্ফ স্+ফ স্ফুলিঙ্গ
বাক্যে প্রয়োগ:
ক. বড়দের সম্মান করবে। খ. কাঁঠাল গ্রীষ্মকালীন ফল।
গ. শফিক আজ গঞ্জে যাবে। ঘ. জ্ঞানী ব্যক্তি দেশের সম্পদ।
ঙ. আগুনের স্ফুলিঙ্গ ঝরছে।
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
ক. নদীর পানি দূষিত হচ্ছে কেন?
খ. দূষিত পানি মানুষের কী ক্ষতি করে?
গ. ‘পানির অপর নাম জীবন’— বলতে তুমি কী বোঝ?
৪ নং প্রশ্নের উত্তর
(ক)
নদীর সঙ্গে আমাদের জীবনের গভীর সম্পর্ক। অথচ এখন প্রতিনিয়ত নদীর পানি দূষিত হচ্ছে। নদীর তীরে গড়ে ওঠা কলকারখানার বর্জ্য পদার্থ মিশে নদীর পানি দূষিত হচ্ছে। গৃহস্থালী ও বিভিন্ন আবর্জনা নদীতে ফেলা হচ্ছে বলে পানি ব্যবহারের উপযোগিতা হারাচ্ছে। এছাড়া লঞ্চ ও জাহাজ থেকে নির্গত তেল নদীতে পড়েও পানিদূষণ ঘটছে।
(খ)
দূষিত পানি মানব জীবনের জন্য হুমকিস্বরূপ। দূষিত পানি পান করলে মানুষ আমাশয়, টাইফয়েড, ডায়রিয়াসহ নানারকম পানিবাহিত রোগে আক্রান্ত হতে পারে। এছাড়া পেটের ব্যথা ও চর্মরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে।
(গ)
পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। পানি ছাড়া কোনো উদ্ভিদ বা প্রাণীই বেঁচে থাকতে পারে না। জীবনের জন্য পানি অবশ্যই প্রয়োজনীয়। তবে সেই পানি বিশুদ্ধ হওয়া প্রয়োজন। দূষিত পানি জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাই বলা হয়ে থাকে পানির অপর নাম জীবন।
৫। মনে করো, তোমার নাম মানিক/ময়না। তোমার বিদ্যালয়ের নাম রসুলনগর প্রাথমিক বিদ্যালয়। এলাকার ‘কিশোর সংঘ’ আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।
৫ নং প্রশ্নের উত্তর
২৯/০৯/২০১৪
বরাবর
প্রধান শিক্ষক
রসুলনগর প্রাথমিক বিদ্যালয়, পাবনা।
বিষয়: পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়ার অনুমতির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র/ছাত্রী। আমাদের বিদ্যালয় সংলগ্ন ‘কিশোর সংঘ’ আগামী ০৫.১০.২০১৪ তারিখ এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করেছে। উক্ত অভিযানে আমরাও অংশগ্রহণ করতে চাই।
অতএব, আমাদের আবেদন মঞ্জুর করে বাধিত করতে মহাশয়ের আজ্ঞা হয়।
নিবেদক
৫ম শ্রেণির ছাত্র/ছাত্রীদের পক্ষে—
মানিক/ময়না
পঞ্চম শ্রেণি, রোল নং-৫
রসুলনগর প্রাথমিক বিদ্যালয়
রসুলনগর, পাবনা।
দীদার চৌধুরী, শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা