
যোগ্যতাভিত্তিক প্রশ্ন: পাঠ্যবই বহির্ভূত
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৩৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন শুধুমাত্র পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ/ কবিতাংশ থেকে থাকবে। সে হিসেবে আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা।
নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো:
এশিয়া মহাদেশের ম্যাগনেশিয়া নামের একটি জায়গায় মানুষ এক অদ্ভুত পাথরের সন্ধান পেল। আশ্চর্য তার গুণ। দেখা গেল ওই পাথরের রয়েছে লোহার টুকরোকে টেনে ধরার চমত্কার ক্ষমতা। কৌতূহলী মানুষ লোহার টুকরো সেই পাথরের কাছে নিয়ে বারবার পরখ করে দেখল। প্রতিবারই দেখা গেল অদৃশ্য কোনো এক শক্তিতে এই পাথর লোহাকে কাছে টানছে। আর লোহা পাথরের গায়ের সঙ্গে এসে লেপ্টে বসছে। পাথরের এ অদৃশ্য আকর্ষণশক্তি দেখে মানুষ বিস্মিত হলো। এভাবেই আবিষ্কৃত হলো চুম্বকপাথর। ম্যাগনেশিয়াতে এ পাথর পাওয়া গেল বলে সে জায়গার নাম অনুসারে এই আশ্চর্য পাথরের নাম রাখা হলো ম্যাগনেটাইট। দন্ড চুম্বকের ধর্ম হলো এটিকে ঝুলিয়ে দিলে তা উত্তর-দক্ষিণমুখী হয়ে থাকে। এই গুণকে কাজে লাগিয়ে পরে বিজ্ঞানী আর্কিমিডিস আবিষ্কার করেছিলেন এক মহা প্রয়োজনীয় যন্ত্র। আমরা সে যন্ত্রকে কম্পাস বা দিগ্দর্শন যন্ত্র বলে জানি।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১. চুম্বক হলো এক ধরনের—
ক. স্থানবিশেষ খ. অদ্ভুত পাথর গ. অদৃশ্যশক্তি ঘ. ভারী পাথর
২. ‘জ্ঞ’ যুক্তবর্ণটিতে আছে—
ক. ঞ+জ খ. ঝ+ঞ গ. জ+ঞ ঘ. গ+ঘ
৩. পাথরটি দেখে মানুষ কৌতূহলী হয়েছিল কারণ—
ক. পাথরটি প্রাচীন যুগের
খ. পাথরটি আগুন জ্বালাতে সাহায্য করে
গ. পাথরটি দেখতে খুব সুন্দর
ঘ. পাথরটির ছিল আশ্চর্য ক্ষমতা
৪. চুম্বকের যে ধর্মকে কাজে লাগিয়ে বিজ্ঞানী আর্কিমিডিস দিগ্দর্শন যন্ত্র আবিষ্কার করেন—
ক. আকর্ষণশক্তি খ. বিকর্ষণশক্তি গ. উত্তর-দক্ষিণমুখী ঘ. দূরদর্শনশক্তি
৫. কোন জায়গায় অদ্ভুত পাথরের সন্ধান পাওয়া যায়?
ক. ম্যাগনেশিয়া খ. মালয়েশিয়া গ. ম্যাগলেশিয়া ঘ. ম্যাগনোশিয়া।
১ নং প্রশ্নের উত্তর
১. খ. অদ্ভুত পাথর ২. গ. জ+ঞ ৩. ঘ. পাথরটির ছিল আশ্চর্য ক্ষমতা ৪. গ. উত্তর-দক্ষিণমুখী ৫. ক. ম্যাগনেশিয়া।
২। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো:
শব্দ শব্দার্থ
অদ্ভুত বিস্ময়কর
সন্ধান খোঁজ করা
আশ্চর্য অবাক
চমত্কার তাক লাগায় এমন
কৌতূহল জানার তীব্র ইচ্ছা
অদৃশ্য চোখে দেখা যায় না এমন
ক) ছেলেটির বুদ্ধি দেখে আমি— হলাম।
খ) গ্রামের চারদিকের দৃশ্য কী—!
গ) গন্ডার দেখতে— প্রাণী।
ঘ) অজানাকে জানতে ভাবুক ছেলেটির—ছিল।
ঙ) ডুবুরিরা ডুবে যাওয়া লঞ্চটি—করছে।
২ নং প্রশ্নের উত্তর
ক. আশ্চর্য খ. চমত্কার গ. অদ্ভুত ঘ. কৌতূহল ঙ. সন্ধান।
৩। নিচের যুক্তবর্ণগুলো ভেঙে একটি করে শব্দ তৈরি করো এবং তৈরিকৃত শব্দ দিয়ে একটি করে নতুন বাক্য লেখো:
ন্ধ, ত্ত, ঙ্গ, হ্ন, হ্ম
৩ নং প্রশ্নের উত্তর
যুক্তবর্ণ যে যে বর্ণ দিয়ে তৈরি গঠিত শব্দ
ন্ধ ন্+ধ সন্ধ্যা
ত্ত ত্+ত উত্তর
ঙ্গ ঙ্+গ মঙ্গল
হ্ন হ্+ন মধ্যাহ্ন
হ্ম হ্+ম ব্রাহ্মণবাড়িয়া
বাক্যে প্রয়োগ:
ক. সন্ধ্যা হলে পড়তে বস।
খ. উত্তম চরিত্রের অধিকারীকে সবাই ভালোবাসে।
গ. আমি তোমার মঙ্গল কামনা করি।
ঘ. অনুষ্ঠানের মধ্যাহ্ন বিরতি চলছে।
ঙ. ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের একটি জেলা।
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
ক. পাথরটি দেখে মানুষ কৌতূহলী হলো কেন?
খ. অদ্ভুত পাথরটি কীভাবে আবিষ্কার করা হয়?
গ. অদ্ভুত পাথরের যে গুণ রয়েছে তা বর্ণনা করো।
৪ নং প্রশ্নের উত্তর
(ক)
এশিয়া মহাদেশের ম্যাগনেশিয়াতে মানুষ এক অদ্ভুত পাথরের সন্ধান পেয়েছিল। এই পাথরের আশ্চর্য কিছু গুনাগুণ ছিল। পাথরটির কাছে লোহার টুকরা নিয়ে গেলে পাথরটি লোহার টুকরাকে কাছে টেনে নিত। বারবার পাথরটির এ ক্ষমতা দেখে সবাই কৌতূহলী হলো। পাথরের এ অদৃশ্য ক্ষমতা আগে কখনো দেখেনি বলেই পাথরটি নিয়ে মানুষ এত কৌতূহলী হয়েছিল।
(খ)
এশিয়া মহাদেশের ম্যাগনেশিয়া নামক জায়গায় এ অদ্ভুত পাথরের সন্ধান পাওয়া যায়। কৌতূহলী মানুষ সেই পাথরটির কাছে লোহার টুকরা নিয়ে গেলে লোহার টুকরা পাথরটির গায়ে লেপ্টে যায়। পাথরটির এ গুণ মানুষকে অবাক করে দেয়। অন্য কোনো পাথরে এ গুণ লক্ষ করা যায় না। আর এভাবেই অদ্ভুত পাথরটি আবিষৃ্কত হয়।
(গ)
এশিয়া মহাদেশের ম্যাগনেশিয়াতে পাওয়া অদ্ভুত পাথরটির আশ্চর্য গুনাগুণ রয়েছে। লোহার টুকরাকে পাথরটির কাছে নিলে পাথরটি লোহার টুকরাকে আকর্ষণ করে। বিজ্ঞানী আর্কিমিডিস অদ্ভুত পাথরের এ আকর্ষণশক্তিকে কাজে লাগিয়ে আবিষ্কার করেছিলেন দিকনির্দেশক যন্ত্র। পাথরটির এ অদৃশ্য শক্তির কারণেই এটি বিজ্ঞানীদের কাছে অপরিহার্য।
৫। মনে করো তোমার নাম অপু/অধরা। তুমি ঢাকায় থাক। তোমার বন্ধু অন্তু/পিয়া। সে থাকে চট্টগ্রামে এখন, তুমি কোথাও পড়েছ কিংবা কারো কাছে শুনেছ এমন একটি আবিষ্কারের কাহিনীর কথা জানিয়ে তোমার বন্ধু অন্তু/পিয়ার কাছে একটি চিঠি লেখো।
৫ নং প্রশ্নের উত্তর
২৫.০৮.২০১৪
১৭০/বি কমলাপুর, ঢাকা।
প্রিয় অন্তু/পিয়া,
শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। তুমি তো জানো গত ১৪.০৮.২০১৪ আমার জন্মদিন ছিল। জন্মদিনে আমার বাবা আমাকে একটি বই উপহার দিয়েছেন। বইটির নাম ‘আবিষ্কারের কথা’ সেখানে দারুন এক মজার আবিষ্কারের কাহিনী পড়লাম। এখন সে সম্পর্কে তোমাকে জানাচ্ছি।
আবিষ্কারের কাহিনীরগুলোর মধ্যে আমাকে সবচেয়ে অবাক করেছে চুম্বক পাথর আবিষ্কারের কথা। এই পাথরটি সম্পর্কে আগে কারোরই কিছু জানা ছিল না। অনেককাল আগে এশিয়া মহাদেশের ম্যাগনেশিয়া নামের একটা জায়গায় মানুষ প্রথম এই পাথরটির সন্ধান পায়। সেই এলাকার লোকজন দেখল এই পাথরটির লোহার টুকরো টেনে ধরার চমত্কার ক্ষমতা রয়েছে। পাথরটির এ অদৃশ্য আকর্ষণ শক্তি দেখে মানুষ অবাক হলো। আর এভাবেই আবিষ্কৃত হলো চুম্বর পাথর। ম্যাগনেশিয়াতে এ পাথর পাওয়া গেছে বলে সে জায়গার নাম অনুসারে এই পাথরের নাম ম্যাগনেটাইট রাখা হয়েছে। কী দারুন! তাই না?
আবিষ্কারের অন্য কোনো কাহিনী তোমার জানা থাকলে আমাকে জানিও। আজ আর নয়। ভালো থেকো।
ইতি
তোমারই বন্ধু,
অপু/অধরা।
শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা