
পাঠ্যবই সম্পৃক্ত অনুচ্ছেদ: ফেব্রুয়ারির গান
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ৬, ৭, ৮ ও ৯ নং প্রশ্ন থাকবে পাঠ্যবই সংশ্লিষ্ট গদ্যাংশের অনুচ্ছেদ/কবিতাংশ থেকে। আজ থাকছে গদ্যাংশের অনুচ্ছেদ সম্পৃক্ত প্রশ্নোত্তর।
প্রদত্ত কবিতাংশ পড়ে ৬, ৭, ৮ ও ৯ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও:
ফুল পাখি নই, নইকো পাহাড়
ঝরনা সাগর নই
মায়ের মুখের মধুর ভাষায়
মনের কথা কই।
বাংলা আমার মায়ের ভাষা
শহিদ ছেলের দান
আমার ভাইয়ের রক্তে লেখা
ফেব্রুয়ারির গান।
৬। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১) কবিতাংশটি যে বিষয় নিয়ে লেখা—
ক. ফুলপাখি খ. ২১ শে ফেব্রুয়ারি গ. ঝর্ণা-সাগর ঘ. পাহাড় ও অরণ্য
২) আমার মায়ের ভাষা কী?
ক. বাংলা খ. উর্দু গ. ফারসি ঘ. হিন্দি
৩) বাংলা ভাষা কার দান?
ক. শহিদ মাতার খ. শহিদ পিতার গ. শহিদ মেয়ের ঘ. শহিদ ছেলের
৪) কোন ভাষাকে ‘মধুর ভাষা’ বলা হয়েছে?
ক. মিষ্টি ভাষা খ. বাংলা ভাষা গ. আপন ভাষা ঘ. নিজের ভাষা
৫) ভাষা-আন্দোলনের সঙ্গে যে তারিখটি জড়িত?
ক. ৭ই মার্চ খ. ২১ শে ফেব্রুয়ারি গ. ২৬শে মার্চ ঘ. ১৬ই ডিসেম্বর।
৬ নং প্রশ্নের উত্তর
১) খ. ২১ শে ফেব্রুয়ারি, ২) ক. বাংলা
৩) ঘ. শহিদ ছেলের, ৪) খ. বাংলা ভাষা
৫) খ. ২১ শে ফেব্রুয়ারি।
৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো:
ক) কবি মায়ের ভাষাকে মধুর ভাষা বলেছেন কেন?
খ) ফেব্রুয়ারি মাসে কীভাবে বাংলার ছেলেরা শহিদ হন?
গ) ‘পাখিদেরও ভাষা রয়েছে’—কথাটি বুঝিয়ে লেখো।
৭ নং প্রশ্নের উত্তর
(ক)
আমরা ছোটবেলা থেকে মায়ের ভাষায় কথা বলতে শিখি। আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা। বাংলা ভাষায় মাকে মা ডাকার মধ্যে যে নিবিড় অনুভূতি ও বন্ধন লুকিয়ে আছে তা অন্য কোনো ভাষায় নেই। এ কারণে কবি এ ভাষাকে মধুর ভাষা বলেছেন।
(খ)
বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে বাংলার দামাল ছেলেরা আন্দোলন শুরু করে। ২১ শে ফেব্রুয়ারি তারিখে এ আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর পাকিস্তানি পুলিশ গুলি চালায়। বাংলার অনেক দামাল ছেলে সেদিন পুলিশের গুলিতে শহিদ হন।
(গ)
আমাদের মতো পাখিরাও তাদের মনের ভাব প্রকাশ করে থাকে। তাদেরও ভাষা রয়েছে। মাতৃভাষা বাংলা ভাষায় আমরা যেমন মনের ভাব প্রকাশ করি। তেমনি পাখিরাও গানে গানে তাদের ভাষার বহিঃপ্রকাশ ঘটায়।
৮। প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো।
ক. সাগর খ. শহিদ গ. মধুর ঘ. ভাষা ঙ. ঝরনা।
৮ নং প্রশ্নের উত্তর
ক. সাগর—সমুদ্র
খ. শহিদ—ন্যায়ের জন্য যাঁরা জীবন দেন
গ. মধুর—অত্যন্ত মিষ্ট
ঘ. ভাষা—মনের ভাব প্রকাশের সংকেত
ঙ. ঝরনা—ফোয়ারা।
৯। প্রদত্ত কবিতাংশের মূলভাব লেখো:
৯ নং প্রশ্নের উত্তর
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্রসমাজ এ দিনে তীব্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালালে অনেকে শহিদ হন। শহিদের রক্তের বিনিময়ে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়।
দীদার চৌধুরী, শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা