পাঠ্যবইয়ের কবিতাংশ: শব্দদূষণ

প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের প্রশ্নপত্রে ৬, ৭, ৮ ও ৯ নং প্রশ্ন থাকবে পাঠ্যবই সংশ্লিষ্ট গদ্যাংশের অনুচ্ছেদ/কবিতাংশ থেকে। আজ থাকছে কবিতাংশের প্রশ্নোত্তর।
প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ৬, ৭, ৮ ও ৯ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও:
শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে
ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে।
সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন
দরজায় বেল বাজে, কান পেতে শোন।
গলিপথে ফেরিঅলা হাঁকে আর হাঁটে
ছোটদের হইচই ইশকুল মাঠে।
পল্লির সেই সুরে ভরে যায় মন
শহুরে জীবন জ্বালা—শব্দদূষণ।
৬। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১) শহরের জীবনযাত্রার উল্লেখযোগ্য সমস্যা কোনটি?
ক. পানিদূষণ খ. বায়ুদূষণ গ. পরিবেশ ঘ. শব্দদূষণ
২) শহরের গলিপথে কে হাঁটে?
ক. ফেরিঅলা খ. কাবুলিঅলা গ. মুটে ঘ. সবজিঅলা
৩) শহরের বাড়িতে কী কী চলে?
ক. সিডি, টিভি খ. রেডিও, টিভি
গ. টিভি, ভিসিআর ঘ. গ্রামোফোন, রেডিও
৪) ‘শব্দদূষণ’ কী?
ক. নীরবতা খ. শব্দহীন এলাকা গ. অত্যন্ত কোলাহল ঘ. শব্দের মিশ্রণ
৫) শহরের রাস্তায় বেশি শব্দদূষণ ঘটায় কোনটি?
ক. গাড়ির চাকা খ. গাড়ির হর্ন গ. মানুষের পায়ের শব্দ ঘ. ফেরিওয়ালা।
৬ নং প্রশ্নের উত্তর:
১) ঘ. শব্দদূষণ ২) ক. ফেরিঅলা ৩) ক. সিডি, টিভি ৪) গ. অত্যন্ত কোলাহল ৫) খ. গাড়ির হর্ন।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
ক. আমরা গ্রামে কোন পাখির গান শুনি?
খ. পল্লির কোন সুরে আমাদের মন ভরে যায়?
গ. ‘শহুরে জীবন জ্বালা—শব্দদূষণ।’ বুঝিয়ে লেখো।
৭ নং প্রশ্নের উত্তর:
ক.
উত্তর: গ্রামে নানা রকম পাখি বাস করে। এসব পাখি নানা সুরে নানা রকম গান গায়। আমরা গ্রামে ঘুঘু আর টুনটুনির গান শুনি।
খ.
উত্তর: এ দেশের গাছে গাছে নানা জাতের পাখি দেখা যায়। এসব পাখির ডাকও নানা রকম। গ্রামে গরু, হাঁস, কবুতর ডাকে। ভোরে ডাকে মোরগ। দোয়েল, চড়ুই ডাকে কিচিরমিচির করে। ঘুঘু, টুনটুনি মধুর সুরে গান গায়। গ্রামের এসব সুর আমাদের মাতিয়ে তোলে। আমাদের মন ভরে যায়।
গ.
উত্তর: এ দেশের শহরে নানা রকম যান্ত্রিক শব্দ শোনা যায়। শহরে সারা দিন সিডি, টিভি চলে। টেলিফোন, বেল বাজে। গলিতে গলিতে ফেরিঅলারা চিৎকার করে। আর ছোট বাচ্চারা স্কুল মাঠে হইচই করে। শহরের এত শব্দ আমাদের কানে কর্কশ লাগে। শব্দদূষণের সৃষ্টি করে। শহুরে জীবনকে করে জ্বালাময়।
৮। প্রদত্ত কবিতাংশটির মূলভাব লেখো:
৮ নং প্রশ্নের উত্তর:
শহরে শান্তিতে বসবাস করা মুশকিল। কারণ সেখানে ঝাঁকে ঝাঁকে পাতিকাকের কর্কশ চিৎকার, গাড়ির হর্ন, সিডি, টিভি, টেলিফোন আর কলিং বেলের শব্দ, ফেরিঅলার হাঁকডাক কান ঝালাপালা করে দেয়। কিন্তু গ্রামে শব্দ অনেক কম হওয়ায় শান্তি বজায় থাকে এবং আরামে ঘুমানো যায়।
৯। শব্দার্থ লেখো।
ক. পল্লি খ. দূষণ গ. জ্বালা ঘ. শহর ঙ. হাঁক।
৯ নং প্রশ্নের উত্তর:
ক. পল্লি—গ্রাম। খ. দূষণ—ক্ষতি করা
গ. জ্বালা—যন্ত্রণা ঘ. শহর—নগর।
ঙ. হাঁক— ডাক।
শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা