পাঠ্যবইয়ের গদ্যাংশ:

বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের প্রশ্নপত্রে ৬, ৭, ৮ ও ৯ নং প্রশ্ন থাকবে পাঠ্যবই সংশ্লিষ্ট গদ্যাংশের অনুচ্ছেদ/ কবিতাংশ থেকে। আজ থাকছে নির্বাচিত গদ্যাংশের প্রশ্নোত্তর।
অনুচ্ছেদটি পড়ে ৬, ৭, ৮ ও ৯ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও:
ডিসেম্বরের ১০ তারিখ। মুক্তিযুদ্ধ শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ আর পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে। পরবর্তী লক্ষ্য খুলনা দখল করা। খুলনার দিকে ধেয়ে আসছে তারা। ভৈরব নদী বেয়ে জাহাজ দুটি খুলনা শিপইয়ার্ডের কাছাকাছি আসতেই একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির ওপর বোমা এসে পড়ে। রুহুল আমিন বিএনএস পলাশ থেকে ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পাড়ে উঠলেন। বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন, কিন্তু রাজাকারদের হাতে মৃত্যু হলো তাঁর। নদীর তীরে তখন রাজাকার-আলবদররা অবস্থান করছিল। তারাই তাঁকে নির্মমভাবে হত্যা করে। তিনি শহীদ হন। খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন এই বীর মুক্তিযোদ্ধা।
৬। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১) খুলনা দখল করার লক্ষ্য কাদের ছিল?
ক. মুক্তিযোদ্ধাদের খ. রাজাকারদের
গ. পাকিস্তানি বাহিনীর ঘ. আল-শামসদের
২) মুক্তিযোদ্ধাকে খতম করার জন্য পাকিস্তানি বাহিনী—
ক. জাহাজের ওপর বোমা নিক্ষেপ করে
খ. রাজাকারদের ইন্ধন জোগায়
গ. গুলিবর্ষণ করে
ঘ. জাহাজে আগুন ধরিয়ে দেয়
৩) কোন তারিখটিকে আমরা বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মৃত্যুবার্ষিকী হিসেবে পালন করি?
ক. ৫ই সেপ্টেম্বর খ. ১০ই ডিসেম্বর
গ. ১৪ই ডিসেম্বর ঘ. ১৫ই ডিসেম্বর
৪) রুহুল আমিন কাদের হাতে শহীদ হন?
ক. পাকিস্তানি বাহিনী খ. পাকিস্তানি সৈন্য
গ. আল-শামস ঘ. রাজাকার, আলবদর
৫) ১৯৭১ সালে দেশের শত্রু হয়ে যারা পাকিস্তানি বাহিনীর দোসর সেজেছিল, তাদের এক কথায় কী বলে?
ক. আল-বদর খ. আল-শামস
গ. রাজাকার ঘ. খুনি।
৬ নং প্রশ্নের উত্তর:
১) ক. মুক্তিযোদ্ধাদের
২) ক. জাহাজের ওপর বোমা নিক্ষেপ করে
৩) খ. ১০ই ডিসেম্বর
৪) ঘ. রাজাকার, আলবদর ৫) গ. রাজাকার।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
ক. ‘মুক্তিযুদ্ধ’ বলতে তুমি কী বুঝ?
খ. রুহুল আমিন কোন নৌজাহাজ নিয়ে নদী বেয়ে খুলনার দিকে আসছিলেন? নদীটির নাম কী?
গ. রুহুল আমিন কীভাবে শহীদ হন?
৭ নং প্রশ্নের উত্তর:
ক.
পাকিস্তান সরকারের শাসনামলে বাংলাদেশের মানুষ সবদিক থেকে অধিকার বঞ্চিত, শোষিত, নিপীড়িত, নির্যাতিত হতে থাকে। দেশের জনগণ এই শোষণ-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে অধিকার প্রতিষ্ঠায় বিক্ষুব্ধ হয়ে ফেটে পড়ে। ১৯৭১ সালে বাঙালিরা স্বাধীনতা অর্জনের জন্য যে যুদ্ধ করে তাই মুক্তিযুদ্ধ।
খ.
রুহুল আমিন বিএনএস পলাশ ও পদ্মা নামে দুটি নৌজাহাজ নিয়ে নদী বেয়ে খুলনার দিকে আসছিলেন। নদীটির নাম ছিল ভৈরব।
গ.
রুহুল আমিন যে নৌজাহাজে করে খুলনার দিকে আসছিলেন, পাকিস্তানি বাহিনী সেই নৌজাহাজে বোমা হামলা করে। রুহুল আমিন নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পাড়ে ওঠেন। নদীর তীরে রাজাকার-আলবদররা অবস্থান করছিল। তারাই তাঁকে নির্মমভাবে হত্যা করে। বোমার হাত থেকে রক্ষা পেয়েও রাজাকারের হাতে শহীদ হন তিনি।
৮. শব্দার্থ লেখো:
ক. নিদ্রা খ. নির্মম গ. দখল ঘ. শায়িত
ঙ. মুক্তিযোদ্ধা।
৮ নং প্রশ্নের উত্তর:
ক. নিদ্রা—ঘুম খ. নির্মম—নিষ্ঠুর
গ. দখল—অধিকার
ঘ. শায়িত—শুয়ে আছে এমন
ঙ. মুক্তিযোদ্ধা—দেশের মুক্তির জন্য যাঁরা যুদ্ধ করেন।
৯. অনুচ্ছেদটির মূলভাব লেখো:
৯ নং প্রশ্নের উত্তর:
মুক্তিযুদ্ধ শেষ হওয়ার মাত্র কয়েক দিন আগে রুহুল আমিন খুলনা দখলের জন্য নৌজাহাজ নিয়ে ভৈরব নদী বেয়ে আসছিলেন। পাকিস্তানি বাহিনী জাহাজে বোমা নিক্ষেপ করলে তিনি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে তীরে ওঠেন। সেখানে রাজাকার, আলবদররা তাঁকে নির্মমভাবে হত্যা করে। খুলনা শিপইয়ার্ডের কাছেই এই বীর মুক্তিযোদ্ধাকে সমাহিত করা হয়।
শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা