বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরতের কাশবনে শিশুদের আনন্দ উচ্ছ্বাস ছবি: শহীদুল ইসলাম
শরতের কাশবনে শিশুদের আনন্দ উচ্ছ্বাস ছবি: শহীদুল ইসলাম

পাঠ্যবইয়ের কবিতাংশ: স্বদেশ
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের প্রশ্নপত্রে ৬, ৭, ৮ ও ৯ নং প্রশ্ন থাকবে পাঠ্যবইয়ের গদ্যাংশ অথবা কবিতাংশ। আজ থাকছে কবিতাংশ সম্পৃক্ত প্রশ্নোত্তর।
প্রদত্ত কবিতাংশটি পড়ে ৬, ৭, ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:
এই যে নদী
নদীর জোয়ার
নৌকা সারে সারে,
একলা বসে আপন মনে
বসে নদীর ধারে—
এই ছবিটি চেনা।

মনের মধ্যে যখন খুশি
এই ছবিটি আঁকি,
এক পাশে তার জারুল গাছে
দুটি হলুদ পাখি—
এমনি পাওয়া এই ছবিটি
কড়িতে নয় কেনা।
মাঠের পরে মাঠ চলেছে
নেই যেন এর শেষ
নানা কাজের মানুষগুলো
আছে নানান বেশ।
মাঠের মানুষ যায় মাঠে আর
হাটের মানুষ হাটে
দেখে দেখে একটি ছেলের
সারাটি দিন কাটে।
৬। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
ক) ওপরের অনুচ্ছেদটি যে বিষয় নিয়ে লেখা তা হলো—
১. স্বদেশের সৌন্দর্য ২. নদীর সৌন্দর্য
৩. মাঠের সবুজ ৪. মানুষ নিয়ে
খ) দুটি হলুদ পাখি কোথায় ছিল?
১. লিচুগাছে ২. জারুলগাছে ৩. আমগাছে ৪. জামগাছে
গ) ‘নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ’ এখানে— ‘বেশ’ শব্দের অর্থ কী?
১. রকম ২. পোশাক ৩. প্রকৃতি ৪. অবস্থা
ঘ) দেশের মাটির নানা রকম হওয়ার কারণ—
১. ঋতুবৈচিত্র্য ২. মানুষের ভিন্নতা
৩. প্রকৃতির সবুজতা ৪. নদীমাতৃক দেশ
ঙ) ছেলেটির সারাটা দিন কাটে—
১. মাঠের মানুষ দেখে ২. হাটের মানুষ দেখে
৩. বাংলার প্রকৃতি দেখে ৪. নদীর ধারে একলা বসে
৬ নং প্রশ্নের উত্তর:
ক) ১. স্বদেশের সৌন্দর্য খ) ২. জারুলগাছে গ) ২. পোশাক ঘ) ১. ঋতুবৈচিত্র্য ঙ) ৩. বাংলার প্রকৃতি দেখে।

৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
ক) গ্রামবাংলার কোন ছবিটি আমাদের চেনা?
খ) কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না?
গ) কী দেখে ছেলেটির দিন কেটে যায়?
৭ নং প্রশ্নের উত্তর:
(ক)
চিরসবুজের দেশ আমাদের এই বাংলাদেশ। স্নিগ্ধ-শ্যামল প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা এই দেশের গ্রাম। কোথাও অবারিত ফসলের মাঠ, কোথাও বন-পাহাড় আবার কোথাও বা আঁকাবাঁকা নদী, নদীর জোয়ার, নদীতে ভেসে চলা সারি সারি নৌকা। শস্য-শ্যামল আর নদী আঁকা গ্রামবাংলার এই ছবিটি আমাদের চেনা।
(খ)
সুজলা, সুফলা, শস্য-শ্যামল আমাদের এই বাংলাদেশ। এ দেশের মাঠে মাঠে ফলানো নানা ধরনের ফসল, গাছে গাছে পাখপাখালি, আঁকাবাঁকা অসংখ্য বহতা নদী আর বন-পাহাড়ের অপরূপ সৌন্দর্যের ছবি শিল্পী রং-তুলি দিয়ে আঁকেন। শিল্পীর আঁকা এসব ছবি কখনো কখনো বিক্রি হয়। অনেক দাম দিয়ে অনেকে কিনে নেন। কিন্তু শান্ত-শ্যামল প্রকৃতির মনজুড়ানো ছবিটি টাকা দিয়ে কেনা যায় না। এই ছবি চোখ বুজে ও মনের মধ্যে অনুভব করা যায়।
(গ)
রূপে অপরূপা আমাদের এই বাংলাদেশ। দিগন্ত বিস্তৃত ফসলের খেত। বাতাস বয়ে যায় তার ওপর দিয়ে। মনে হয় যেন নদীর ঢেউ মাঠে ছড়িয়ে পড়েছে। অবারিত খোলা সবুজ মাঠ, মাঝেমধ্যে গ্রাম, আবার মাঠ। গ্রাম যেন মাঠের সঙ্গে মিশে যায়। মাঠের পর মাঠ চলে গেছে বহুদূর। কোথাও যেন শেষ হচ্ছে না। জনজীবনের এসব বৈচিত্র্য দেখে ছেলেটির দিন কেটে যায়।

৮। শব্দার্থ লেখো:
জোয়ার, কড়ি, খুশি, আপন, একলা
৮ নম্বর প্রশ্নের উত্তর:
জোয়ার—নদীর পানি বৃদ্ধি।
কড়ি—এক ধরনের ছোট সাদা ঝিনুক।
খুশি—আনন্দ।
আপন—নিজের।
একলা—একাকী।

৯। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখো:
৯ নম্বর প্রশ্নের উত্তর:
বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রা যেন এক সুতায় গাঁথা। বন, পাহাড়, নদী, সমুদ্র সব মিলে এ দেশ একটি ছবির মতন। নদীর জোয়ার, নদীতীরে বেঁধে রাখা নৌকার সারি, গাছে গাছে পাখির কলকাকলি এ দেশের মানুষের মনে নিজ দেশের জন্য মায়া-মমতা ও ভালোবাসার যে অনুভূতি জোগায়, তা অতুলনীয়।
শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা