
পাঠ্যবইয়ের গদ্যাংশ:
কাঁকনমালা আর কাঞ্চনমালা
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের প্রশ্নপত্রে ৬, ৭, ৮ ও ৯ নং প্রশ্ন থাকবে পাঠ্যবইয়ের গদ্যাংশ অথবা কবিতাংশ। আজ থাকছে গদ্যাংশ সম্পৃক্ত প্রশ্নোত্তর।
প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ৬, ৭, ৮ ও ৯ নম্বর প্রশ্নগুলোর উত্তর দাও।
এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের এক রাখাল ছেলের খুব ভাব। দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। রাখাল মাঠে গরু চরায়, রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়, রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে ধরে সেই সুর শোনে। বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়। আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে ওঠে। রাজপুত্র তার রাখাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে, বড় হয়ে সে যখন রাজা হবে, তখন রাখালকে তার মন্ত্রী বানাবে। তারপর একদিন রাজপুত্র রাজা হয়। চারদিকে তার সুখ আর সুখ, এত সুখের দিনে মাঠের রাখালবন্ধুর কথা তার মনেও পড়ে না, মনেও পড়ে না সেই প্রতিজ্ঞার কথা। এদিকে রাখালবন্ধুর খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। বন্ধুর জন্য মন খারাপ হতে থাকে তার। শেষে সে একদিন চলেই আসে নগরে, বন্ধুকে একটুখানি দেখার জন্য। কিন্তু রাজপ্রাসাদের সদর দরজার রক্ষীরা অমন গরিব রাখালকে ভেতরে ঢুকতে দেয় না। মনভরা কষ্ট নিয়ে সারা দিন প্রাসাদের বন্ধ দরজার সামনে রাখালবন্ধু দাঁড়িয়েই থাকে, রাজার দেখা মেলে না।
৬। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
ক) রাজপুত্র গাছতলায় বসে কার জন্য অপেক্ষা করে?
১. রাজকন্যার ২. রাজার ৩. রাখালের ৪. রানির
খ) বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে কে বড় সুখ পায়?
১. রাজা ২. রানি ৩. রাজপুত্র ৪. রাখাল
গ) কারা রাখালকে রাজপ্রাসাদে ঢুকতে দিল না?
১. লোকজনরা ২. রক্ষীরা ৩. রাজা ৪. রাজকুমার
ঘ) রাজপুত্র রাখালকে কী বানানোর প্রতিজ্ঞা করেছিল?
১. মন্ত্রী ২. বন্ধু ৩. গায়ক ৪. বড়লোক
ঙ) রাজপুত্র একদিন রাজা হয়ে কাকে ভুলে গেল?
১. বাবাকে ২. মাকে ৩. রাখালকে ৪. বন্ধুকে।
৬ নম্বর প্রশ্নের উত্তর:
ক) ৩. রাখালের খ) ৪. রাখাল গ) ২. রক্ষীরা
ঘ) ১. মন্ত্রী ঙ) ৩. রাখালকে
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
ক) রাজপুত্র তার বন্ধুর কাছে কী প্রতিজ্ঞা করেছিল?
খ) ছোটবেলায় রাজপুত্র কোথায় বসে রাখালবন্ধুর বাঁশির সুর শুনত?
গ) রক্ষীরা রাখালকে প্রাসাদে ঢুকতে দিল না কেন?
৭ নং প্রশ্নের উত্তর:
(ক)
রাজপুত্র তার রাখালবন্ধুর কাছে প্রতিজ্ঞা করেছিল যে বড় হয়ে সে যখন রাজা হবে, তখন রাখালকে তার মন্ত্রী বানাবে।
(খ)
রাখাল ছেলে আর রাজপুত্র দুই বন্ধু। তারা একে অন্যকে খুব ভালোবাসে। রাখাল ছেলে মাঠে গরু চরায়। রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল ওই গাছতলায় আসে। বাঁশি বাজায়। রাজপুত্র সেই গাছতলায় বসে রাখালবন্ধুর বাঁশির সুর শুনত।
(গ)
রাজপুত্র বড় হয়ে রাজা হওয়ার পর রাখালবন্ধুকে ভুলে যায়। ভুলে যায় প্রতিজ্ঞার কথাও। কিন্তু রাখালবন্ধুর খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। মন খারাপ হয় বন্ধুর জন্য। শেষে একদিন নগরে চলেই আসে রাখালবন্ধু তার বন্ধুকে একটুখানি দেখার জন্য। কিন্তু গরিব বলে রাজপ্রাসাদের সদর দরজার রক্ষীরা রাখালকে প্রাসাদে ঢুকতে দিল না।
৮। শব্দার্থ লেখো:
পরস্পর, অপেক্ষা, প্রতিজ্ঞা, রাজা, কষ্ট
৮ নং প্রশ্নের উত্তর:
পরস্পর—একের সঙ্গে অন্য।
অপেক্ষা—প্রতীক্ষা।
প্রতিজ্ঞা—সংকল্প।
রাজা—সম্রাট।
কষ্ট—বেদনা।
৯। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখো
৯ নম্বর প্রশ্নের উত্তর:
রাজপুত্রের বন্ধু ছিল রাজ্যের রাখাল ছেলে। রাখালবন্ধু রাজপুত্রের জন্য বাঁশি বাজিয়ে সুখ পেত। রাজপুত্রও রাখালবন্ধুর বাঁশির সুরে মুগ্ধ হতো। রাজপুত্র প্রতিজ্ঞা করেছিল বড় হয়ে যখন সে রাজা হবে, তখন রাখালবন্ধুকে মন্ত্রী বানাবে। কিন্তু রাজা হওয়ার পর রাজপুত্র সে অঙ্গীকারের কথা ভুলে যায়। এতে রাখালবন্ধু খুব কষ্ট পায়। মনভরা কষ্ট নিয়েই রাখালবন্ধুর দিন কাটে।
শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা