হাতি আর শিয়ালের গল্প
প্রশ্ন: শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশু-পাখিদের কী হতো ব্যাখ্যা করো।
উত্তর: শিয়াল কৌশল করে হাতিকে শাস্তি না দিলে বনের পশুপাখিরা শান্তিতে থাকতে পারত না। সারাক্ষণ ভয়ে তটস্থ থাকত। কখন কাকে ধরে হাতি শুঁড়ে তুলে আছাড় দেয়। কখন কাকে পায়ের নিচে পিষে ফেলে। হাতির ভয়ে সবাই সারাক্ষণ শঙ্কিত থাকত, স্বাধীনভাবে কোনো প্রাণী বনে চলাফেরা করতে পারত না।
প্রশ্ন: হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের কোন বিষয়গুলো দায়ী বলে মনে করো?
উত্তর: হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের যে বিষয়গুলো দায়ী তা হলো—
১. নিজের অহংকারীভাবে চলাফেরা
২. তিরিক্ষি মেজাজ
৩. তুলকালাম কাণ্ড বাধিয়ে দেওয়া
৪. নিজেকে বনের রাজা মনে করা
৫. অন্য প্রাণীদের তুচ্ছজ্ঞান করা
৬. নিজের নির্বুদ্ধিতা
৭. প্রচণ্ড হুংকারে বন তোলপাড় করে অত্যাচারী মনোভাব প্রকাশ করা
প্রশ্ন: মানুষ যখন সভ্য হচ্ছে, তখন মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা দেখা দিল কেন?
উত্তর: মিলেমিশে থাকা মানে সুখে-শান্তিতে বসবাস করা। আদিকালে মানুষ যখন বিচ্ছিন্নভাবে থাকত, তখন নানা ধরনের বিপদের মুখোমুখি হতে হতো। তারপর মানুষ যখন একটু একটু করে সভ্য হচ্ছে, তখন তারা ভাবল বিচ্ছিন্নভাবে নয়, দলগত, সমাজবদ্ধ ও গোষ্ঠীগতভাবে একতাবদ্ধ হয়ে থাকলে অনেক বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়া যায়। এই ভাবনা থেকেই মানুষের মধ্যে মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা দেখা দিল।
প্রশ্ন: সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন?
উত্তর: বন্য প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হলো শিয়াল। কৌশল ও চালাকির জন্য শিয়াল বনের সব পশুর কাছে সমাদৃত। তাই সবাই মিলে শেয়ালকে দায়িত্ব দিল হাতিকে শাস্তি দেওয়ার জন্য।
প্রশ্ন: শিয়াল কীভাবে বনের পশুপাখিকে রক্ষা করল?
উত্তর: হাতির অত্যাচারে বনের সবাই ভীত, তটস্থ ও শঙ্কিত হয়ে পড়েছিল। সিংহ, বাঘ, ভালুক, বানর, হরিণ ও বনবিড়ালের পরামর্শে বুদ্ধিমান শিয়ালকে এই বিষয়ে একটা বিহিত ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়। সেই অনুযায়ী একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হয় হাতির আস্তানায়। হাতির আস্তানায় ঢুকে শিয়াল লেজ গুটিয়ে, হাঁটু মুড়ে প্রথমে হাতিকে সালাম দিল। তারপর বলল, আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী। আপনিই আমাদের রাজা। ওই দেখুন, নদীর ওপারে, সবাই উদগ্রীব হয়ে বসে আছে। আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায় সবাই। তারপর হাতিকে কৌশলে নদীর পানিতে ডুবিয়ে শিয়াল বনের পশুপাখিকে রক্ষা করল।