মাটির নিচে যে শহর
প্রশ্ন: বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে রচনা লেখো।
উত্তর: ময়নামতি একটি ঐতিহাসিক স্থান। রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির নামানুসারে এই স্থানের নাম রাখা হয়। এটি বাংলাদেশের পূর্বাঞ্চলে একটি উঁচু ভূমিতে অবস্থিত। ময়নামতি এলাকায় ১৯৫৫ সালে আনন্দবিহার আবিষ্কৃত হয়। বৌদ্ধসভ্যতা ও হিন্দুধর্মের বহু নিদর্শন এ এলাকায় আবিষ্কৃত হয়েছে।
কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে কোটবাড়ী এলাকায় ময়নামতি আনন্দবিহার অবস্থিত। বিহারটি নির্মিত হয় অষ্টম শতাব্দীতে।
অষ্টম শতাব্দীর কোনো এক সময় প্রথম দেববংশের তৃতীয় শাসক আনন্দ দেব এটি নির্মাণ করেন।
আনন্দবিহারে বৌদ্ধসভ্যতার নিদর্শন ও হিন্দুধর্মের বহু নিদর্শন পাওয়া গেছে। এগুলো সংরক্ষণের জন্য এখানে একটি সুন্দর জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। এর বাইরের প্রাচীর ও ভেতরে বারান্দার দেয়াল নকশা করা ইট দিয়ে তৈরি। এখানে পাওয়া গেছে অসংখ্য রৌপ্যমুদ্রা, ব্রোঞ্জের মূর্তি, পোড়ামাটির ভাস্কর্য, ফলক, মৃত্পাত্রসহ আরও অনেক কিছু।
আনন্দবিহার বাংলার তথা বিশ্বের প্রাচীন ইতিহাসকে উপস্থাপন করে। সে জন্য এর গুরুত্ব অনেক। ময়নামতির আনন্দবিহার আন্তর্জাতিক ঐতিহাসিক পুরাকীর্তি ও নিদর্শনের অন্তর্ভুক্ত। পৃথিবীর প্রতিটি দেশের ইতিহাস নির্ভর করে তার পুরাতন সভ্যতা, পুরাকীর্তি ও নিদর্শনের ওপর। এটি আবিষ্কৃত হওয়ার পর বাংলার প্রাচীন ইতিহাস আরও বেশি সমৃদ্ধ হয়েছে।
প্রশ্ন: এককথায় প্রকাশ করে উত্তরপত্রে লেখো।
১. যেখানে জনগণ বসবাস করে
২. ছাপ দ্বারা অঙ্কিত
৩. যা বহুকাল পূর্বের
৪. রূপা দিয়ে নির্মিত মুদ্রা
৫. বিশেষ যে উদাহরণ
উত্তর:
১. যেখানে জনগণ বসবাস করে—জনপদ
২. ছাপ দ্বারা অঙ্কিত—ছাপাঙ্কিত
৩. যা বহুকাল পূর্বের—প্রাচীন
৪. রূপা দিয়ে নির্মিত মুদ্রা— রৌপ্যমুদ্রা
৫. বিশেষ যে উদাহরণ—নিদর্শন
প্রশ্ন: নিচের বাক্যগুলোর দাগ দেওয়া শব্দের বিপরীত শব্দ লেখ।
ক. গতকাল ভারী ভূমিকম্প অনুভূত হয়েছে।
খ. লোহার সামনের অংশটুকু ছিল চোখা।
গ. ডান পথটি ছিল আমাদের শহর থেকে অনেকটা দূরে।
ঘ. আমাদের এলাকার মাটি খুব শক্ত নয়।
ঙ. লোকটি আসলেই উঁচু মনের মানুষ।
উত্তর: ক. হালকা, খ. ভোঁতা, গ. কাছে,
ঘ. নরম, ঙ. নিচু
প্রশ্ন: নিচের প্রতিটি শব্দের একটি করে সমার্থক শব্দ লেখো।
প্রাচীন, মৃত্তিকা, নদী, মাঠ, বন্যা।
উত্তর:
প্রাচীন—পুরোনো
মৃত্তিকা—মাটি
নদী—তটিনী
মাঠ—প্রান্তর
বন্যা—বান
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা