এক বনে ছিল এক কাঠুরে
অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নগুলোর উত্তর লেখো।
এক বনে ছিল এক কাঠুরে। সে ছিল খুব গরিব। সে রোজ কাঠ কেটে বাজারে বেচত। একদিন সে কাঠ কাটতে নদীর ধারে গেল। সে গাছের একটা ডাল কাটছিল। হঠাৎ তার হাত ফসকে কুড়ালটা নদীর পানিতে পড়ে গেল। নদীতে ছিল অনেক স্রোত। তা ছাড়া ছিল কুমিরের ভয়। তার নতুন কুড়াল কেনার সামর্থ্যও ছিল না। নিরুপায় হয়ে সে মনের দুঃখে কাঁদতে লাগল।
হঠাৎ নদী থেকে এক জলপরি উঠে এসে প্রশ্ন করল, তুমি কাঁদছ কেন?
কাঠুরে বলল, আমি বড় গরিব। আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে।
জলপরি বলল, তুমি কেঁদো না, তোমার কুড়াল এনে দিচ্ছি। জলপরি নদীতে ডুব দিয়ে একখানা সোনার কুড়াল এনে বলল, এটা কি তোমার?
কাঠুরে দেখে বলল, না।
জলপরি আবার ডুব দিয়ে একটা রুপার কুড়াল এনে বলল, এটা কি তোমার?
কাঠুরে দেখে বলল, না, এটাও নয়।
জলপরি আবার ডুব দিয়ে একটা লোহার কুড়াল এনে বলল, এটা কি তোমার?
কাঠুরে কুড়ালটি দেখে বলল, হ্যাঁ, এটাই আমার।
জলপরি কাঠুরের এই সততা দেখে মুগ্ধ হলো।
সে তাকে লোহার কুড়ালটি ফিরিয়ে দিল। আর উপহার হিসেবে দিল সোনার ও রুপার কুড়াল দুটিও। কুড়াল দুটো বিক্রি করে সে অনেক টাকা পেল। তাতেই তার দিন কাটতে লাগল সুখে ও স্বাচ্ছন্দ্যে।
৩. ছকে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া আছে। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো।
শব্দ শব্দার্থ
স্রোত— জলপ্রবাহ।
নিরুপায়— উপায়হীন।
বিক্রি— বেচে দেওয়া।
মুগ্ধ— বিভোর।
উপহার— খুশি হয়ে দেওয়া বস্তু।
ক. নদীতে খুব — ছিল।
খ. কাঠুরে — হয়ে মনের দুঃখে কাঁদতে লাগল।
গ. কাঠুরে কাঠ — করে সংসার চালাত।
ঘ. জলপরি কাঠুরের সততায়— হলো।
ঙ. আমি একটি — পেয়েছি।
৪. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কাঠুরের জীবন নির্বাহের ধরন বর্ণনা
করো।
খ. তোমার জানা পাঁচ ধরনের পেশাজীবীর নাম লেখো।
গ. জলপরি কাঠুরেকে কেন এবং কীভাবে পুরস্কৃত করল? পাঁচটি বাক্যে লেখো।
৩ নম্বর প্রশ্নের উত্তর
ক. নদীতে খুব স্রোত ছিল।
খ. কাঠুরে নিরুপায় হয়ে মনের দুঃখে কাঁদতে লাগল।
গ. কাঠুরে কাঠ বিক্রি করে সংসার চালাত।
ঘ. জলপরি কাঠুরের সততায় মুগ্ধ হলো।
ঙ. আমি একটি উপহার পেয়েছি।
৪ নম্বর প্রশ্নের উত্তর
ক.
কাঠুরে ছিল খুব গরিব। তার জীবন ছিল খুব কষ্টের। তার একমাত্র সম্বল ছিল একটা লোহার কুড়াল। লোহার কুড়াল দিয়ে সে প্রতিদিন বনে কাঠ কাটত এবং সেই কাঠ বাজারে বিক্রি করত। আর এভাবেই কাঠ কেটে বাজারে বিক্রি করে কাঠুরে জীবিকা নির্বাহ করত।
খ.
আমার চেনাজানা পাঁচ ধরনের পেশাজীবীর নাম নিচে লেখা হলো:
১. কৃষক ২. জেলে ৩. কামার ৪. কুমার
৫. তাঁতি।
গ.
কাঠুরে ছিল গরিব। লোহার কুড়াল দিয়ে সে প্রতিদিন কাঠ কেটে বাজারে বিক্রি করত।
কিন্তু তার একমাত্র সম্বল কুড়ালটি নদীতে পড়ে গেলে সে মনের দুঃখে, নদীর পারে বসে কাঁদতে থাকে।
জলপরি পানি থেকে উঠে এসে তাকে সোনার ও রুপার কুড়াল দেখালেও সে তা নেয় না বরং লোহার কুড়াল দেখে সে খুশি হয়। এই সততায় জলপরি খুশি হয়ে লোহার কুড়ালের সঙ্গে তাকে সততার পুরস্কার হিসেবে সোনার ও রুপার কুড়াল দুটিও উপহার দিল।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
লেখক : শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা