বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: রাঁচি ভ্রমণ
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘রাঁচি ভ্রমণ’ গল্প থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

# শাম্মী তার বাবা-মা, ভাইবোনদের সঙ্গে কুমিল্লার ময়নামতিতে বেড়াতে গিয়েছে। সেখানে গিয়ে সে প্রাচীন পুরাকীর্তি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করে। ভ্রমণে এসে শালবন বিহার, আনন্দ বিহার, কুটিল মুরা, চারপত্র মুরা, ভোজবিহার, ময়নামতি প্রাসাদ টিলা, রূপবান মুরা, ইটাখোলা মুরা, ময়নামতি টিলা ইত্যাদিসহ এখানকার খুঁটিনাটি সম্পর্কে জানতে পারল, যা তার এ সম্পর্কিত জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে। এই ভ্রমণের মধ্য দিয়েই সে বুঝতে পেরেছে, প্রাচীন বৌদ্ধ সভ্যতা কতটা সমৃদ্ধ ও ঐতিহ্যশালী ছিল।
প্রশ্ন: ক. কুমিল্লার ময়নামতি কিসের প্রতীক?
খ. ভ্রমণে যাওয়ার উপকারিতা কী?
গ. শাম্মীর ভ্রমণের সঙ্গে রাঁচি ভ্রমণের মিল-অমিল কী?
ঘ. আমরা ভ্রমণ করব কেন? রাঁচি ভ্রমণের আলোকে বর্ণনা করো।
উত্তর-ক: কুমিল্লার ময়নামতি প্রাচীন বাংলার বিভিন্ন বৈশিষ্ট্য ও ঐতিহ্য বহনকারী একটি প্রত্নতাত্ত্বিক স্থান।
উত্তর-খ: ভ্রমণ একটি আনন্দদায়ক বিষয়। ভ্রমণ করে মানুষ নতুন জায়গা পরিদর্শন করে, নতুন মানুষের সঙ্গে পরিচিত হয়ে আনন্দ পায়। এছাড়া পরিবেশ, ইতিহাসসহ গুরুত্বপূর্ণ নিদর্শন জানার অন্যতম মাধ্যম হলো ভ্রমণ। মানুষ কোনো স্থান ভ্রমণ করলে সেই ভ্রমণকাহিনি ও অভিজ্ঞতা সারা জীবনের জন্য তার মধ্যে স্থায়ীভাবে গেঁথে থাকে। কোনো এলাকা সম্পর্কে জানার উৎকৃষ্ট মাধ্যম হলো ভ্রমণ। সুতরাং ভ্রমণের উপকারিতা অপরিসীম।
উত্তর-গ: শাম্মী কুমিল্লা জেলার ময়নামতি ভ্রমণ করেছে। অন্যদিকে এস ওয়াজেদ আলী ভ্রমণ করেছেন ভারতের ঝাড়খন্ডের রাঁচি শহর। এই দুই ভ্রমণের মধ্যে গরমিল থাকলেও ভ্রমণের উদ্দেশ্য ছিল এক ও অভিন্ন। শাম্মী তার পরিবারের সদস্যদের নিয়ে ময়নামতি ভ্রমণে যায়, আবার লেখকও তার পরিবার নিয়ে রাঁচি ভ্রমণে যান। লেখক রাঁচি ভ্রমণের মাধ্যমে প্রাকৃতিক দৃশ্যাবলির সৌন্দর্য উপভোগ করেছেন। অন্যদিকে শাম্মী প্রাচীন ঐতিহ্য ও সভ্যতার নিদর্শন সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করেছে। উভয় ক্ষেত্রের উদ্দেশ্যই ছিল আনন্দ লাভ ও অভিজ্ঞতা অর্জন।
প্রাচীন বাংলার বৌদ্ধ সভ্যতার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো কুমিল্লার ময়নামতি। ময়নামতি ভ্রমণের মাধ্যমে শাম্মী ও তার পরিবার শালবন বিহার, আনন্দ বিহার, কুটিল মুরা, চারপত্র মুরা, ভোজবিহার, ময়নামতি প্রাসাদ টিলা, রূপবান মুরা, ইটাখোলা মুরা, ময়নামতি টিলা ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছে। তা ছাড়া এ ভ্রমণের মাধ্যমে বৌদ্ধ সভ্যতার উদ্ভব, বিকাশ ও ধ্বংসের ইতিহাস জানা সম্ভব হয়েছে। অন্যদিকে লেখক ও তাঁর পরিবার রাঁচি ভ্রমণের মাধ্যমে পর্যটনকেন্দ্রগুলো দর্শন করেছেন। তাঁরা প্রাকৃতিক শোভার পাশাপাশি মনুষ্য নির্মিত সৌন্দর্য উপভোগ করেছেন। সমতল ভূমি থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড় তাঁদের দুজনকেই বিমোহিত করেছে।
পরিশেষে বলা যায়, রাঁচি ভ্রমণে লেখক পরিবার রাঁচির নয়নাভিরাম পর্যটনকেন্দ্র ও মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলি দেখে আত্মতৃপ্ত হন। অন্যদিকে শাম্মী ও তাঁর পরিবার ময়নামতি ভ্রমণের মাধ্যমে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন ও ঐতিহ্য সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভে সন্তুষ্ট।
উত্তর-ঘ: পৃথিবীতে যতভাবে আনন্দ পাওয়ার উপায় রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ও অন্যতম উপায় হচ্ছে ভ্রমণ। ভ্রমণ মানুষের অভিজ্ঞতাকে সমৃদ্ধ ও পূর্ণ করে তোলে। বই পড়ে, গল্প শুনে, ছবি দেখেও আমরা অনেক কিছু জানতে পারি। কিন্তু নিজ চোখে দেখার অনুভূতি সব মানুষের নিজস্ব। যে কারণে নতুন মানুষ, পরিবেশ, ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন প্রভৃতি জানার এক চমৎকার অভিজ্ঞতা হলো ভ্রমণ। ভ্রমণের মাধ্যমে মানুষ অন্য সমাজ, সমাজের মানুষ ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারে।
ভ্রমণে বায়ু পরিবর্তন হয়। প্রচুর আনন্দ পাওয়া যায়। এতে অনেক সময় অসুস্থ মানুষ সুস্থতা লাভ করে। ঐতিহাসিক স্থান পরিদর্শনে ইতিহাস সম্পর্কে অভিজ্ঞ হতে পারে। শিল্পকারখানা পরিদর্শনে ব্যবহারিক অভিজ্ঞতা অনেক গুণ বেড়ে যায়। ‘রাঁচি ভ্রমণ’ রচনায় লেখখ এস ওয়াজেদ আলী রাঁচি শহরের খুঁটিনাটি বর্ণনা করেছেন। লেখক ভ্রমণের পর বাস্তব অভিজ্ঞতার আলোকেই সেখানকার বিচিত্র মানুষ, পরিবেশ ও প্রকৃতির বর্ণনা দিয়েছেন। লেখক ও তাঁর পরিবার বন্ধুর ও দুর্গম পথ অতিক্রম করে রাঁচি পৌঁছায়। তারা যাওয়ার পথে উচ্চ জঙ্গল, সমাকীর্ণ পাহাড়, প্রাকৃতিক দৃশ্যাবলি এবং দশহরা উপলক্ষে মেলায় মানুষের সমাগম আর নাচগানের দৃশ্যাবলি অবলোকন করেন। রাঁচির চারদিকে সুন্দর সুন্দর পাহাড়, পাহাড়ের চূড়ায় সুদৃশ্য মণ্ডপ ইত্যাদি দেখে লেখক ও তাঁর পরিবার মুগ্ধ। লেখক হয়তো বই পড়ে, পত্রপত্রিকায় কিংবা মানচিত্র থেকে রাঁচি সম্পর্কে জেনে থাকতে পারেন। কিন্তু তাঁর জানা এত সমৃদ্ধ ও পরিপূর্ণ ছিল না।
পরিশেষে বলা যায়, ভ্রমণের মাধ্যমে মানুষ সংশ্লিষ্ট প্রতিটি বিষয় গভীরভাবে উপলব্ধি ও পর্যবেক্ষণ করতে পারে। তাই কোনো জায়গা অথবা বিষয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভের ক্ষেত্রে ভ্রমণের উপকারিতা অপরিসীম।
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা