বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘উপদেশ’ কবিতা থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

উপদেশ
# রাতিন বড়দের সম্মান করে এবং ছোটদের স্নেহ করে। বড়দের কথা মেনে চলে। কখনো মা-বাবার কথার অবাধ্য হয় না। তাই পাড়া-প্রতিবেশীরা সবাই রাতিনকে ভালোবাসে। সবাই তার পড়ালেখা ও সুবিধা-অসুবিধায় খোঁজ-খবর রাখে।

প্রশ্ন:
ক. ‘উপদেশ’ কবিতাটির কবির নাম কী?
খ. সুমিষ্ট বচন বলতে কী বোঝানো হয়েছে?
গ. ‘উদ্দীপকের রাতিনকে উদ্দীপকের আলোকে সুজন বলা যায়’—ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকটি ‘উপদেশ’ কবিতার আংশিক বিষয়বস্ত্তকে ধারণ করে—বিশ্লেষণ করো।
উত্তর-ক.
‘উপদেশ’ কবিতাটির কবির নাম স্বর্ণকুমারী দেবী।
উত্তর-খ.
‘সুমিষ্ট বচন’ বলতে মিষ্টি কথোপকথন বা মিষ্টি ভাষাকে বোঝানো হয়েছে। মানুষের ভাবের বাহন হলো ভাষা। ভাষার মাধ্যমেই মানুষ তার মনের ভাব প্রকাশ করে। মিষ্টি কথা বলে মানুষ একে অপরের মন জয় করতে পারে, তৈরি হয় আন্তরিক সম্পর্ক। সুতরাং বলা যায়, যে কথা শ্রুতিমধুর, তাকেই সুমিষ্ট বচন বলে।
উত্তর-গ.
সুজন মানে ভালো লোক। ভালো মানুষ হতে হলে শৈশব-কৈশোরেই মন দিয়ে পড়া লেখা করতে হয়। পিতা-মাতা ও গুরুজনদের মান্য করতে হয়। তাদের উপদেশ শুনতে হয়। ক্রোধ, দ্বন্দ্ব, কলহ সম্পূর্ণরূপে পরিহার করতে হয়। ধনী-গরিবনির্বিশেষে সব মানুষকে ভালোবাসতে হয়। ভাইবোন, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সবার সঙ্গে সুমিষ্ট ব্যবহার করতে হয়। সমাজের মানুষের মঙ্গলের জন্য নিজের স্বার্থকে প্রাধান্য না দিয়ে নিজেকে উজাড় করে দিতে হয়।
বিশিষ্ট কবি স্বর্ণকুমারী দেবী রচিত ‘উপদেশ’ কবিতার আলোকে রাতিনকে সুজন বলা যায়। ভালো মানুষ মানেই সুজন। ‘উপদেশ’ কবিতায় কবি শিশু-কিশোরদের সুজন হতে বলেছেন। কবির মতে, যারা সময়মতো নিজেদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে, বড়দের কথা মেনে চলে, বড়দের শ্রদ্ধা করে এবং ছোটদের স্নেহ করে, সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখে, তারাই সুজন। উদ্দীপকের রাতিনের মধ্যে এসব গুণ পরিলক্ষিত হয়। সে পাড়া-প্রতিবেশী সবার সঙ্গে সুমিষ্ট বচনে কথা বলে। এ জন্য সেও সবার কাছে প্রিয়। পাড়া-প্রতিবেশীরা তার খোঁজ-খবর রাখে। অর্থাৎ, বলা যায়, তার মধ্যে ‘উপদেশ’ কবিতায় বর্ণিত সুজনের গুণাবলি ফুটে উঠেছে। তাই তাকে সুজন বলা যায়।
উত্তর-ঘ.
কবি স্বর্ণকুমারী দেবী ‘উপদেশ’ কবিতার মাধ্যমে প্রকৃত ও পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার জন্য বিভিন্ন বিষয়ে উপদেশ দান করেছেন। কিন্তু উদ্দীপকটিতে উপদেশ কবিতার সম্পূর্ণ ভাব ফুটে ওঠেনি। কবিতায় কবি ভালো মানুষ হয়ে ওঠার জন্য নানা বিষয়ে উপদেশ দিয়েছেন। তিনি বড় হতে রাগ ও দ্বন্দ্ব পরিহার করতে বলেছেন।
কবি বলেছেন, মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। সংসারে যারা গুরুজন, তাদের কথা শুনতে হবে। গুরুজনদের ভক্তি করতে হবে। তাদের উপদেশ অনুযায়ী চলতে হবে। তিনি আরও বলেছেন, আমাদের শক্তি জোগানের উৎস খাদ্য হজম করতে যেমন বায়ুর প্রয়োজন, তেমনি পড়াশোনাকে আনন্দদায়ক ও মনে রাখার জন্য খেলাধুলা আবশ্যক। পরিহার করতে হবে যাবতীয় কলহ-দ্বন্দ্ব। ভালোবাসতে হবে পৃথিবীকে নিজেকে উজাড় করে দিতে হবে সমাজের জন্য, মানুষের কল্যাণের জন্য। নিজের স্বার্থকে কখনো বড় করে না দেখে অন্যের কল্যাণের দিকে নজর দিতে হবে।
উপদেশ কবিতায় কবি পাঁচটি উপদেশ দিয়েছেন। কিন্তু উদ্দীপকের হাসানের চরিত্রে একটি মাত্র উপদেশ প্রতিফলিত হয়েছে। সুতরাং, যথার্থ বলা হয়েছে, ‘উদ্দীপকটি উপদেশ কবিতার আংশিক বিষয়বস্ত্তকে ধারণ করে।’
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক কলেজ, ঢাকা