সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বাঙালির বাংলা প্রবন্ধ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। চলতে ওরা চায় না মাটির ছেলে
মাটির পরে চরণ ফেলে ফেলে
আছে অচল আসনখানা মেলে
যে যার আপন উচ্চ বাঁশের মাচায়।
২। অভিযানের বীর সেনাদল!
জ্বালাও মশাল, চল আগে চল!
কুচকাওয়াজের বাজাও মাদল
গাও প্রভাতের গান!
প্রশ্ন:
ক. বাংলার শিয়রে প্রহরীর মতো জেগে আছে কে?
খ. ‘বাংলা বাঙালির হোক’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপক-১-এ ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের আলোকে উদ্দীপক-১-এর সঙ্গে উদ্দীপক-২-এর সম্পর্ক নির্ণয়পূর্বক এর যথার্থতা যাচাই করো।
উত্তর-ক.
বাংলার শিয়রে প্রহরীর মতো জেগে পৃথিবীর শ্রেষ্ঠতম গিরি হিমালয়।
উত্তর-খ.
‘বাংলা বাঙালির হোক’ বলতে বোঝানো হয়েছে, বিদেশি শক্তিকে প্রতিরোধ করে বাঙালি যেন নিজেরাই নিজ শক্তিতে প্রতিষ্ঠিত হয়।
বাংলার মাটিতে বিদেশি শক্তি যুগ যুগ ধরে শিকড় গেড়েছে। তারা সব সময় চাইত এ দেশের সম্পদ তাদের অধীনে নিতে। আমরাও ছিলাম প্রভুত্ব স্বীকার করে নেওয়ার পক্ষপাতী। প্রাবন্ধিক প্রত্যাশা করেছেন, বাঙালি তার ভুল বুঝতে পারবে এবং অধিকারবোধে সচেতন হয়ে নিজেকে চালিত করবে।
উত্তর-গ.
উদ্দীপক-১-এ ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে বর্ণিত বাঙালি জাতির অলসতার দিকটি ফুটে উঠেছে।
‘বাঙালির বাংলা’ প্রবন্ধে দেখানো হয়েছে যে আলস্য ও কর্মবিমুখতার জন্য বাঙালি কীভাবে পিছিয়ে পড়েছে। কথায় আছে গতিই জীবন, স্থিতিই মৃত্যু। বাঙালির অলসতা তাকে পিছে নিয়ে যাচ্ছে। দিন দিন অন্য জাতি থেকে পিছিয়ে পড়ছে। মাটির সন্তান হয়েও মাটির বুকে হেঁটে বেড়ানো তাদের কাছে কঠিন কাজ। নিজেদের গণ্ডিতে অচল পদার্থের মতো তারা বিরাজমান। উদ্দীপক-১-এ যেমন কর্মবিমুখ মানুষের কথা উঠে এসেছে, ঠিক তেমনি কর্মবিমুখ বাঙালির কথা স্পষ্টভাবে ফুটে উঠেছে বাঙালির বাংলা প্রবন্ধে।
উত্তর-ঘ.
উদ্দীপক-১-এর অলসতা বাদ দিয়ে উদ্দীপক-২-এর সাহসিকতা বাঙালিকে আরও উন্নত করতে পারবে বলে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ ‘বাঙালির বাংলা’তে বলা হয়েছে।
উদ্দীপক-১-এর অলসতা বাঙালিকে ফেলেছে আস্তাকুঁড়ে। আর উদ্দীপক-২-এর সাহসিকতা বুকে ধারণ করলে বাঙালি হতে পারেবে আরও আত্মশক্তিতে বলীয়ান। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধেও বলা হয়েছে বাঙালির যাবতীয় সমস্যা হলো তাদের অলসতা। তাদের সাহসী হতে হবে।
অলসতা কোনোভাবেই কোনো মানুষকে জাগিয়ে তুলতে পারে না। অলসতা প্রত্যেক মানুষকে অনেক পেছনে ফেলে দেয়। বাঙালিকে এই অলসতা অনেক পেছনে ফেলেছে বলে প্রাবন্ধিক মনে করেন। তিনি বলেছেন, এই আলসেমি আর নয়, সাহসী হতে হবে এবং লড়াই করে টিকে থাকার মনোবল বৃদ্ধি করতে হবে।
‘বাঙালির বাংলা’ প্রবন্ধ অবলম্বনে আমরা বলতে পারি, জীবনে বড় হতে হলে এবং জাতীয় জীবনে উন্নতি করতে হলে সব রকম অলসতা ত্যাগ করতে হবে। উদ্দীপক-১-এর অলস লোকদের উদ্দীপক-২-এর সাহসী সেনানীদের মতো করে গড়তে পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব। কাজী নজরুল ইসলাম বাঙালির এমন পরিবর্তন চান, যেখানে বাঙালি তার অলসতা ছেড়ে দিয়ে কাজে মনোনিবেশ করবে এবং সাহসিকতার মধ্য দিয়ে তারা জয় করবে আগামী দিনের বাস্তবতাকে। তাই উদ্দীপক-১-এর অলসতা উদ্দীপক-২-এর মতো সাহসিকতায় পরিণত করে বাঙালিকে আপন শক্তিতে ফিরিয়ে আনতে পারলেই বাঙালি উন্নতি লাভ করতে পারবে বলে কাজী নজরুল ইসলাম তাঁর প্রবন্ধ ‘বাঙালির বাংলা’তে মনে করেন।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা