সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বাঙালির বাংলা প্রবন্ধ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
পড়ে পাওয়া
# আরিফ ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার এক আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ গাড়ির ভেতরে সে একটি মানিব্যাগ দেখতে পেল। ব্যাগে অনেক টাকা ছিল, কিন্তু কোনো ঠিকানা ছিল না। সে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করল। নিরুপায় হয়ে সে পত্রিকা অফিসে গিয়ে সম্পাদককে একটি বিজ্ঞপ্তি ছাপিয়ে দেওয়ার অনুরোধ জানায়।
প্রশ্ন:
ক. ‘পড়ে পাওয়া’ কী ধরনের রচনা?
খ. ‘ওর মতো কত লোক আসবে’—বিধুর কথাটির অর্থ বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকের আরিফকে কোন যুক্তিতে বিধুদের সঙ্গে তুলনা করা যায়? বুঝিয়ে লেখো।
ঘ. কলেবরে ছোট হলেও আরিফ চরিত্রটি ‘পড়ে পাওয়া’—গল্পের মূল সুরকেই ধারণ করে আছে—মূল্যায়ন করো।
উত্তর-ক.
‘পড়ে পাওয়া’ একটি কিশোর গল্প।
উত্তর-খ.
‘ওর মতো কত লোক আসবে’—বিধুর কথাটির অর্থ, মিথ্যে মালিক সেজে অনেকেই টিনের ক্যাশবাক্সের লোভে আসতে পারে।
‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরেরা একটি টিনের ক্যাশবাক্স কুড়িয়ে পেয়ে তা মালিককে ফেরত দেওয়ার পরিকল্পনা করে পোস্টার লাগায়। ক্যাশবাক্স পাওয়ার লোভে প্রথম দিনই একজন মিথ্যা মালিক সেজে হাজির হয়। তাকে কিছু প্রমাণ দিতে বললে সে যথাযথ প্রমাণ দিতে অপারগ হয়। লোভী এ ভূয়া মালিকের সম্পর্কে বিধু এ উক্তিটি করে।
উত্তর-গ.
উদ্দীপকের আরিফকে নৈতিক মানসিকতার দৃষ্টিকোণ থেকে ‘পড়ে পাওয়া’ গল্পের বিধুদের সঙ্গে তুলনা করা যায়।
উদ্দীপকের আরিফ একজন সাধারণ মানুষ হয়েও পরের জিনিসের প্রতি কোনো প্রকার লোভ দেখায়নি। এখানে তার সৎ ও নির্লোভ মনের পরিচয় পাওয়া যায়। পড়ে পাওয়া গল্পে বিধুর সততাও উদ্দীপকের আরিফের অনুরূপ।
যাকে আমরা নৈতিকতার একটি উৎকৃষ্ট আদর্শ ধরতে পারি। উদ্দীপকের আরিফ মানিব্যাগের মালিককে খঁুজে বের করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে। সে কোনো ঠিকানা জোগাড় করতে না পেরে পত্রিকায় বিজ্ঞাপন দিতে গিয়েছে। বিধু ও তার বন্ধুদের মধ্যে আমরা এমন একটি প্রয়াস লক্ষ করি। তারা অনেক চেষ্টার পর পড়ে পাওয়া টিনের ক্যাশবাক্সটিও মালিককে হস্তান্তর করতে সক্ষম হয়। ‘পড়ে পাওয়া’ গল্পের দিক থেকেই উদ্দীপকের আরিফকে বিধুদের নৈতিক মানসিকতার সঙ্গে তুলনা করা চলে।
উত্তর-ঘ.
কলেবরে ছোট হলেও আরিফ চরিত্রটি ‘পড়ে পাওয়া’ গল্পের মূল সুরকেই ধারণ করে আছে।
‘পড়ে পাওয়া’ গল্পে কিশোর বিধু ও তার বন্ধুরা নির্লোভ মনোভাবের পরিচয় দিয়েছে টিনের বাক্সটি পড়ে পাওয়ার পর তার মালিককে ফেরত দিয়ে। এই দুরন্ত কিশোরেরা নিজের লোভ যেমন সংবরণ করেছে, উদ্দীপকের আরিফও পাওয়া টাকা ফেরত দেওয়ার প্রচেষ্টায় একই মনোভাবে পরিচয় দিয়েছে।
‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরদের মতোই উদ্দীপকের টেক্সিক্যাবচালক আরিফ হঠাৎ অন্যের একটি মানিব্যাগ তার গাড়ির সিটে পড়ে থাকতে দেখতে পায়। তার গাড়িতে একজন আরোহীর ভুল করে রেখে যাওয়া মানিব্যাগটি সঠিকভাবে ফিরিয়ে দেওয়ার ইচ্ছায় পত্রিকা অফিসে ছুটে আসে। এই মনোভাব ‘পড়ে পাওয়া’ গল্পেরই সারাংশ বটে।
অপরের জিনিসের প্রতি মানুষের লোভ না করে কোনো জিনিস পেলে তা ফেরত দেওয়াটাই মানুষের নৈতিক দায়িত্ব। ‘পড়ে পাওয়া’ গল্পে আমরা সেই একই ধরনের নৈতিক দৃষ্টিভঙ্গি দুরন্ত কিশোরদের মধ্যে দেখতে পাই। অন্যদিকে, উদ্দীপকটির কলেবর স্বাভাবিকভাবেই গল্পের তুলনায় ছোট। তবে এরও মূল সুর গল্পের অনুরূপ। আর তা হলো অন্যের সম্পদ আত্মগত না করে তা যথাযথভাবে মালিকের কাছে পৌঁছানোটাই ন্যায়সংগত। এ কারণেই আরিফ মানিব্যাগের মালিককে খঁুজে পেতে আপ্রাণ চেষ্টা চালায়। ওপরের আলোচনা থেকে তাই বলা যায়, উদ্দীপকের কলেবর ছোট হলেও তা গল্পের মূল সুরকেই ধারণ করেছে।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা