সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বাঙালির বাংলা প্রবন্ধ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
পড়ে পাওয়া
# সন্ধ্যায় দেখা গেলো নিজেদের ছাগলের সঙ্গে অন্য কারও একটি ছাগলও গোয়ালে ঢুকছে। এশার নামাজ পার হয়ে গেল, কিন্তু কেউ খোঁজ নিতে এল না। দাদু বললেন, না না, চুপ করে থাকা ঠিক হবে না। এক কাজ করো, রফিক-শফিক বেরিয়ে পড়ো। প্রতিবেশী নাবিল আর তালিমকে সঙ্গে নিয়ে দুজন দুদিকে যেয়ো। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসি। কিছুক্ষণের মধ্যে দুই ভাই দাদুর পরামর্শমতো মাইকে ঘোষণা দিল, একটি ছাগল পাওয়া গেছে। যাদের ছাগল, তারা দয়া করে মতিন শিকদারের বাড়ি থেকে নিয়ে যান।
প্রশ্ন:
ক. বিভূতিভূষণ বন্দ্যােপাধ্যায় কোন ধরনের লেখক হিসেবে সমধিক পরিচিত?
খ. ‘দুজনই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম’—কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে ?
গ. রফিক-শফিকের চোঙ্গা ফোঁকার ঘটনাটি ‘পড়ে পাওয়া’ গল্পের কোন ঘটনার সঙ্গে সংগতিপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের দাদু যেন ‘পড়ে পাওয়া’ গল্পের মূল চেতনারই প্রতিভূ—বিশ্লেষণ করো।
উত্তর-ক.
নির্সগের রূপকার হিসেবে বিভূতিভূষণ বন্দ্যােপাধ্যায় সমধিক পরিচিত।
উত্তর-খ.
টিনের বাক্সে রাখা টাকা নিজেরা না রেখে মালিককে ফেরত দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে এ উক্তিটি করা হয়েছে।
‘পড়ে পাওয়া’ গল্পে বিধু ও তার বন্ধুরা একটি টিনের বাক্স কুড়িয়ে পায়। পরের প্রয়োজনীয় অর্থের কথা ভেবে অধর্ম করা যাবে না বলে তারা তা প্রকৃত মালিককে ফেরত দিতে মনস্থির করে। এই ব্যাপারে উক্ত উক্তিটি করা হয়েছে।
উত্তর-গ.
উদ্দীপকের রফিক-শফিকের মাইকে ঘোষণা দেওয়ার ঘটনাটি ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরদের নদীর ধারের গাছে পোস্টার লাগানোর সঙ্গে সংগতিপূর্ণ ।
উদ্দীপকের রফিক-শফিক-এর দাদু যখন দেখলেন ছাগলটি কেউ নিতে আসছে না, তখন তিনি তাঁর নাতিদেরকে বললেন মসজিদের মাইকে ঘোষণা দিতে। এখানে পরের জিনিসের প্রতি নির্লোভকে নির্দেশ করা হয়েছে। ‘পড়ে পাওয়া’ গল্পে আমরা এমন ঘটনা দেখি টিনের বাক্স ফেরত দেওয়ার ব্যাপারে কিশোরদের বিজ্ঞাপন দেওয়ার বিষয়টি।
‘পড়ে পাওয়া’ সম্পদের মালিককে খুঁজে পেতে চাইলে প্রাপ্তি সংবাদটি সবাইকে জানানোর বিকল্প নেই। ‘পড়ে পাওয়া’ গল্পে কিশোররা বিধুর পরামর্শে নদী তীরের গাছে প্রাপ্তি সংবাদসহ পোস্টার সেঁটে দেয়। উদ্দীপকে ছাগল প্রাপ্তির সংবাদ প্রচারে রফিক-শফিক মসজিদের মাইকে ঘোষণা দিতে বেরিয়ে পড়ে। অন্যের সম্পদের প্রতি নির্লোভের বিষয়টি এভাবেই গল্পে ও উদ্দীপকে ফুটে উঠেছে।
উত্তর-ঘ.
দাদু তাঁর নির্লোভ মানসিকতার পরিচয়ের মাধ্যম দিয়ে পড়ে পাওয়া গল্পের মূলচেতনার প্রতিভু হয়ে উঠেছেন।
‘পড়ে পাওয়া’ গল্পে কিশোররা পরের সম্পদের দিকে লোভ না করে তা ফেরত দেওয়ার মানসিকতার মধ্য দিয়ে যেমন নির্লোভ মানসিকতার পরিচয় দিয়েছে উদ্দীপকের দাদু ঠিক তেমনই মানসিকতার পরিচয় দিয়ে বিধু ও তার কিশোর বন্ধুদের সঙ্গে মিলে গেছে।
‘পড়ে পাওয়া’ গল্পে কিশোরেরা একটি টিনের বাক্স পড়ে পায়, তারা তা প্রকৃত মালিককে ফেরত দেওয়ার উদ্যোগ নেয়। কিশোরদের চেতনা ও কাজকর্মের সঙ্গে উদ্দীপকের দাদু চরিত্রটি মিলে যায়। কেননা, তিনি গোয়ালে ঢোকা অন্য কারও ছাগলটি মালিককে ফিরিয়ে দিতে মনস্থির করেন এবং সে লক্ষ্যেই রফিক-শফিককে সংবাদটি প্রচারের জন্যে বেরিয়ে পড়ার আদেশ দেন।
পরের সম্পদের দিকে লোভ না করা ভালো। ‘পড়ে পাওয়া’ গল্পের এই শিক্ষাই প্রতিফলিত হতে দেখা যায় উদ্দীপকের দাদুর চরিত্রে। অপরের জিনিসের প্রতি তিনি লোভ করেননি। গল্পের কিশোরদের মধ্যেও একই প্রবণতা পাওয়া যায়।
তাই বলা যায়, উদ্দীপকের দাদুর সৎ মানসিকতা গল্পের কিশোরদের নৈতিক মানসিকতারই প্রতিভূ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা