সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘লাল গরুটা’ নামের গল্প থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
# দরিদ্র কৃষক গফুর একটি জরাজীর্ণ বৃদ্ধ বলদ পালন করে। সে তার নাম রেখেছে মহেশ। মহেশকে সে সন্তানের মতো ভালোবাসে, স্নেহ করে। কোনো কারণে মহেশের কোনো সমস্যা হলে তার আর দুঃখের শেষ থাকে না। কিন্তু গফুর মহেশকে ঠিকমতো খেতে দিতে পারে না। এ জন্য তার দুঃখের সীমা নেই।
প্রশ্ন:
ক. লাল গরুটার মন কেমন ছিল?
খ. নিধিরামের গরু বিক্রি করার কারণ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের মহেশের সঙ্গে ‘লাল গরুটা’ গল্পের লাল গরুর কী মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের গফুর ও ‘লাল গরুটা’ গল্পের নিধিরামের মধ্যে চারিত্রিক বৈশিষ্টে্যর যে মিল রয়েছে, তা ব্যাখ্যা করো।
উত্তর-ক.
লাল গরুটা অত্যন্ত সরল ও সাদা মনের ছিল।
উত্তর-খ.
অভাবের সংসারে বুড়ো ও অকেজো গরুটাকে লালনপালন করা নিধিরামের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য ছিল। এই অভাবের সংসারে কীভাবে দুই টাকা আয় হবে, সেটাই ছিল তার নিত্যচিন্তা। লাল গরুটা তার সংসারে অনেক দিন ধরে আছে। কিন্তু বয়স বেশি হয়ে যাওয়ায় এখন সে দুধ দেয় না এবং কাজ করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। এ কারণেই নিধিরাম গরুটা বিক্রি করে দিয়েছিল, যাতে বিক্রির টাকা দিয়ে আরেকটি দুধালো গাই কিনতে পারে।
উত্তর-গ.
সত্যেন সেন তাঁর ‘লাল গরুটা’ গল্পে মানুষের প্রতি গৃহপালিত প্রাণীর আকর্ষণ এবং প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা ও মমতার একটি চিরন্তন চিত্র তুলে ধরেছেন। ‘লাল গরুটা’ গল্পের গরুটি তার যৌবনের সময়গুলো নিধিরামের কৃষি কাজে ব্যয় করেছে। কিন্তু সময়ের পরিক্রমায় গরুটি তার দুধ দেওয়ার এবং কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। নিধিরামের অভাবের সংসারে এই অকেজো গরুটার ভরণপোষণের খরচ একটি বাড়তি চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তাই নিধিরাম চিন্তা করল এই বৃদ্ধ গরুটাকে বিক্রি করে এই টাকা দিয়ে একটি দুধালো গাভি কিনে আনবে। ২০ টাকায় সে গরুটাকে বিক্রি করে দেয়। কিন্তু গরুটা তার নতুন মালিকের কাছে গিয়ে থাকেনি। নিধিরাম ও তার পরিবারের প্রতি ভালোবাসার টানে অবুঝ এ প্রাণীটি সবার চোখ এড়িয়ে চলে আসে নিধিরামের বাড়িতে। পরবর্তী সময়ে নিধিরামের ভুল ভাঙে। গরুটার প্রতি তারও একটা অব্যক্ত ভালোবাসা ছিল। তাই সে ১০ টাকা অতিরিক্ত খরচ করে গরুটিকে পুনরায় কিনে নেয়।
উদ্দীপকের গফুর মিয়াও তার মহেশ নামের বৃদ্ধ বলদটিকে অত্যন্ত ভালোবাসে। মহেশ দীর্ঘদিন থেকে গফুরের কাছে রয়েছে। বৃদ্ধ এই বলদটি এখন অকেজো তবু গফুর মিয়া এটিকে বিক্রি করে দেয়নি। উপরন্তু গফুর মহেশকে ঠিকমতো খাবার দিতে পারে না—সে কষ্টে জর্জরিত। তাই তার দুঃখের সীমা নেই।
সুতরাং বলা যায়, উদ্দীপকের ‘মহেশ’ ও ‘লাল গরুটা’ গল্পের লাল গরুটার মধ্যে যথেষ্ট মিল পরিলক্ষিত হয়।
উত্তর-ঘ.
পশুর প্রতি ভালোবাসার দিক দিয়ে উদ্দীপকের গফুর মিয়ার সঙ্গে ‘লাল গরুটা’ গল্পের নিধিরামের চারিত্রিক বৈশিষ্ট্যগত সাদৃশ্য রয়েছে।
উদ্দীপকে জরাজীর্ণ বৃদ্ধ বলদটির প্রতি দরিদ্র কৃষক গফুর মিয়ার অকৃত্রিম ভালোবাসা প্রকাশ পেয়েছে। অকেজো হয়ে পড়লেও গফুর মিয়া মহেশকে বিক্রি করে দেয়নি। মহেশকে নিজের সন্তানের মতো আগলে রেখেছে। মহেশকে সে চাহিদা অনুযায়ী খাবার দিতে না পেরে মনঃকষ্টে ভোগে। মহেশের এই অনাহারী, অর্ধাহারী অবস্থায় সে বিচলিত হয়ে পড়ে, এটাকে সে নিজের ব্যর্থতা মনে করে। তাই সে মনে মনে চরম ব্যথিত হয়।
অন্যদিকে ‘লাল গরুটা’ গল্পে নিধিরাম লাল গরুটাকে ভালোবাসে। অকেজো হওয়া সত্ত্বেও নিধিরাম গরুটাকে বাড়িতে রাখে। কিন্তু একসময় বুঝতে পারে, গরিব মানুষ হয়ে এই অকেজো গরুটার ভরণপোষণের খরচ বহন করা কষ্টসাধ্য। তাই ভালোবাসাকে উপেক্ষা করে সে গরুটাকে বিক্রি করে দেয়। ক্রেতা গরুটাকে টানতে টানতে নিয়ে যায়। ফলে তার পরিবারে নেমে আসে বিষণ²তা। পরবর্তী সময়ে গরুটি নতুন মালিকের চোখ ফাঁকি দিয়ে নিধিরামের বাড়িতে ফিরে আসলে সবাই অত্যন্ত আনন্দিত হয়। নিধিরাম ১০ টাকা গচ্চা দিয়ে গরুটাকে ফিরিয়ে আনে। এর মাধ্যমে গরুটার প্রতি নিধিরামের গভীর ভালোবাসা প্রকাশ পায়।
পরিশেষে বলা যায়, উদ্দীপকের গফুর ও ‘লাল গরুটা’ গল্পের নিধিরামের মধ্যে চারিত্রিক বৈশিষ্টে্যর দিক দিয়ে যথেষ্ট মিল রয়েছে।
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড
কলেজ, ঢাকা