আমার সন্তান
প্রিয় শিক্ষার্থীরা আজ বাংলা ১ম পত্রের একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
মোগল সম্রাট বাবরের পুত্র কঠিন রোগে আক্রান্ত হন। তিনি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ধন নিজের জীবনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চাইলেন। আল্লাহ তাঁর প্রার্থনা মঞ্জুর করলেন। পিতৃস্নেহের কাছে মরণের পরাজয় ঘটল।
প্রশ্ন:
ক. ভারতচন্দ্রের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী?
খ. কুলবধূ স্বামীর নাম মুখে বলে না কেন?
গ. উদ্দীপকের সঙ্গে ‘আমার সন্তান’ কবিতার ঈশ্বরী পাটুনীর সাদৃশ্য নির্ণয় করো।
ঘ. ‘উদ্দীপক ও আমার সন্তান কবিতার মূল সূর একই’—মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর-ক:
ভারতচন্দ্র রায়ের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম ‘অন্নদামঙ্গল’।
উত্তর-খ:
সামাজিক প্রথা অনুসারে মেয়েরা স্বামীর নাম মুখে আনে না বলে কুলবধূ তার স্বামীর নাম মুখে বলে না।
গ্রামীণ সমাজের মেয়েরা সাধারণত স্বামীর নাম মুখে আনে না। কুলবধূরূপী দেবী মাঝির কাছে তাঁর পরিচয় প্রকাশ করতে চাচ্ছিলেন না। তাই তিনি কৌশলের আশ্রয় নিয়ে মাঝিকে বলেন যে তিনি স্বামীর নাম মুখে বলতে পারবেন না। এর মধ্য দিয়ে সামাজিক প্রথার অন্তরালে অন্নপূর্ণা দেবীর ইচ্ছা ব্যক্ত হয়েছে।
উত্তর-গ:
সন্তানের প্রতি ভালোবাসার দিক থেকে উদ্দীপকের পিতার সঙ্গে আমার সন্তান কবিতার ঈশ্বরী পাটুনীর সাদৃশ্য রয়েছে।
‘আমার সন্তান’ কবিতায় দেবী পাটুনীকে বর চাইতে বলেন। পাটুনী নিজের জন্য কিছু না চেয়ে সন্তানের চিরন্তন সুখ-সমৃদ্ধি কামনা করেন। এভাবে বাঙালির নিজ স্বার্থ উপেক্ষা করে সন্তানের মঙ্গল কামনার চিরন্তন মানসিকতা মুখ্য হয়ে উঠেছে আলোচ্য কবিতায়। পাটুনী ও অন্নপূর্ণা কথোপকথনের মধ্য দিয়ে প্রাচীন বাংলার মানুষের সন্তানের প্রতি স্নেহের বহিঃপ্রকাশ ঘটেছে।
উদ্দীপকের সন্তানের জন্য পিতার ত্যাগ স্বীকারের দৃষ্টান্ত প্রকাশ পেয়েছে। মোগল সম্রাট বাবরের পুত্র কঠিন রোগে আক্রান্ত হয়েছিল। সম্রাট বাবর আল্লাহর কাছে নিজের জীবনের বিনিময়ে পুত্রের জীবন প্রার্থনা করলেন এবং পুত্রের জীবন রক্ষা পেল। সন্তানের প্রতি এই শর্তহীন ভালোবাসা ‘আমার সন্তান’ কবিতায়ও প্রতিফলিত হয়েছে। দেবী অন্নপূর্ণা পাটুনীকে বর দিতে চাইলেন, তখন ঈশ্বরী পাটুনী নিজের বদলে সন্তানের জন্য বর কামনা করলেন। যা উদ্দীপকের পিতার মনোভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
উত্তর-ঘ:
উদ্দীপক ও আমার সন্তান কবিতার মূল সুর একই—মন্তব্যটি যুক্তিযুক্ত। কেননা উভয় স্থানে সন্তানের প্রতি নিঃস্বার্থ ত্যাগ প্রকাশ পেয়েছে।
‘আমার সন্তান’ কবিতায় দেবী পাটুনীর ওপর সন্তুষ্ট হয়ে বর চাইতে বলেন। পাটুনী তাঁর সন্তানের চিরন্তন সুখ-সমৃদ্ধি কামনা করেন। মানুষের সম্পর্কের মধ্যে সবচেয়ে সুদৃঢ় ও প্রাচীন হলো পিতা-মাতার সঙ্গে সন্তানের সম্পর্ক।
পাটুনী ও অন্নপূর্ণা কথোপকথনের মধ্য দিয়ে প্রাচীন বাংলার মানুষের সন্তানের সাথে সম্পর্কের চিরন্তন বহিঃপ্রকাশ ঘটেছে।
উদ্দীপকের সন্তানের জন্য পিতার ত্যাগ স্বীকারের দৃষ্টান্ত প্রকাশ পেয়েছে। মোগল সম্রাট বাবরের পুত্র কঠিন রোগে আক্রান্ত হয়েছিল। সম্রাট বাবর আল্লাহর কাছে নিজের জীবনের বিনিময়ে পুত্রের জীবন প্রার্থনা করলেন এবং পুত্রের জীবন রক্ষা পেল। সন্তানের প্রতি এই শর্তহীন ভালোবাসা ‘আমার সন্তান’ কবিতায়ও প্রতিফলিত হয়েছে।
উদ্দীপক ও ‘আমার সন্তান’ কবিতা পর্যালোচনা করে দেখা যায়, সন্তানের প্রতি পিতার ঐকান্তিক ভালোবাসা আদিম ও পৌরাণিক সত্যরূপে লাভ করেছে। এ কবিতায় সন্তানের প্রতি পিতার ভালোবাসা পৌরাণিক কাহিনির আবেশ লাভ না করলেও সন্তানের প্রতি পিতার ভালোবাসা সমান আবেদন বহন করে। সুতরাং বলা যায় যে আমার সন্তান কবিতায় যে মূল সুর প্রস্ফুটিত হয়েছে, উদ্দীপকেও তা প্রকাশ পেয়েছে সমানভাবে।
সহকারী শিক্ষক
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা