বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাহিত্যের রূপ ও রীতি
প্রিয় শিক্ষার্থীরা আজ বাংলা ১ম পত্রের একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# উদ্দীপকটি পড়ো ও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষায়, নিজের জিনিসকে বিশ্বমানবের ও ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলাই সাহিত্যের কাজ।
ক. নাটকে কয়টি অঙ্ক আছে?
খ. শেষ হয়েও হইল না শেষ’—কথাটি বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকের সঙ্গে ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের কোন দিকটির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের আলোকে উদ্দীপকের মূল বিষয়বস্তুর মূল্যায়ন করো।
উত্তর-ক.
নাটকে সাধারণত পাঁচটি অঙ্ক থাকে।
উত্তর-খ.
শেষ হয়েও হইল না শেষ’—এই অতৃপ্তির মধ্য দিয়েই ছোটগল্পের সমাপ্তি হয়।
ছোটগল্প জীবনের যে অংশ আমাদের দেখায় তা যেমন তার আরম্ভ নয়, তেমনি শেষও হয় না। জীবন-কাহিনির মাঝখান থেকেই ছোটগল্পের সূচনা। ছোটগল্পের সূচনা জীবনের আরম্ভ নয়। মাঝখান থেকে শেষ হয় বলে একটা মধুর অতৃপ্তি মনে থেকে যায়। এ জন্যই বলা হয় শেষ হয়েও হইল না শেষ।
উত্তর-গ.
উদ্দীপকে ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের মূল ভাবটি প্রকাশ পেয়েছে।
‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধে সাহিত্যের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সাহিত্যের রূপ এবং রীতি আসলে কী সে বিষয়টি লেখক বোঝাতে চেয়েছেন। সাহিত্যের রূপ অর্থাত্ সাহিত্যের বিভিন্ন শাখা যেমন কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোটগল্প, উপন্যাস, রম্যরচনা ইত্যাদি। আর রীতি হলো ওই শাখাগুলো কীভাবে নির্মিত হয়েছে, তারই পর্যবেক্ষণ এবং আলোচনা। এই প্রবন্ধে অতি সংক্ষেপে বিচিত্র সাহিত্য রীতির স্পষ্ট পরিচয় ফুটে উঠেছে।
উদ্দীপকে সাহিত্যের সমগ্র ভাবটি প্রতিফলিত হয়েছে। সাহিত্য জগত্ ও জীবনকে সুন্দর করে এবং কোনো কোনো সময় সত্যকে পাঠকের নিকট প্রত্যক্ষ করে আনন্দ দান করে। অপূর্ব রসমূর্তিতে পাঠকের নিকট অন্তরের জিনিসকে বাইরে প্রকাশ করে এবং ভাবের জিনিসকে অত্যন্ত দক্ষতার সঙ্গে ভাষায় রূপদান করে। এভাবে লেখকেরা তাঁদের নিজের জিনিসকে বিশ্বমানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করে তোলেন। উদ্দীপক ও সাহিত্যের রূপ ও রীতি রচনার মূল ভাবগত দিকের সাদৃশ্য রয়েছে।
উত্তর-ঘ.
‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধে সংক্ষেপে বিচিত্র সাহিত্যরূপ ও রীতির পরিচয় দিয়েছেন।
কবিতা, ছোটগল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি হলো সাহিত্যের অন্যতম শাখা। ছন্দোময় ভাষায় যা লিখতে হয় সেটিই মূলত কবিতা। কবিতার দুটি প্রধান ভাগ: মহাকাব্য ও গীতিকবিতা। মহাকাব্যে অতিশয় দীর্ঘ কাহিনি-কবিতা, যেটি গদ্যে না লিখে পদ্যে লেখা হয়। গীতিকবিতা সংক্ষিপ্ত আকারের কবিতা। এখানে কবির অনুভূতিটাই প্রধান। ছোটগল্পে জীবনের স্বল্প পরিসর বর্ণিত হয় এবং উপন্যাসে জীবনের বৃহত্তর অংশ উঠে আসে। নাটকে জীবনের রূপায়ণ ঘটে এবং তা দৃশ্যরূপে অভিনীত হয়ে দর্শকের দৃষ্টিগোচর হয়। আর সৃজনীশক্তির পরস্ফুিটনের মাধ্যমে প্রবন্ধ রচিত হয়ে থাকে।
উদ্দীপকে সাহিত্যিকের চিরকালীন সাহিত্যের রূপের আভাস পাওয়া যায়। সাহিত্যের বিভিন্ন রূপের মধ্যে দিয়ে সাহিত্যিক তাঁর কর্মকে প্রকাশ করেন। শিল্পীর বুননে রূপের অদল-বদলের মাধ্যমে সাহ্যিত্য হয় সর্বজনীন। সাহিত্য জগত্ ও জীবনকে সুন্দর করে এবং কোনো কোনো সময় সত্যকে পাঠকের নিকট প্রত্যক্ষ করে আনন্দ দান করে।
সাহিত্যের রূপরীতি প্রবন্ধের আলোকে বলা যায়, মানুষের জীবনের দুঃখ-বেদনা, হাসি-কান্না ও বিচিত্র সমস্যা যে সাহিত্যের উপকরণ সে সম্বন্ধে সন্দেহ নেই। সাহিত্যের এই বিচিত্র রস, আঙ্গিক গঠনের মধ্য দিয়ে পূর্ণতা লাভ করে এবং বিচিত্র রূপের মধ্য দিয়ে উদ্ভাসিত হয়। উদ্দীপকেও এই বিষয়টি ফুটে উঠেছে। সুতরাং বলা যায়, ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের বিষয়বস্তু ও উদ্দীপকের মূলভাবে প্রত্যক্ষ।
সিনিয়র সহকারী শিক্ষক
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা