বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেনাপাওনা

প্রিয় শিক্ষার্থীরা আজ বাংলা ১ম পত্রের একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

# উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
উচ্চশিক্ষিত বেকার সালমানের সঙ্গে বিয়ে হয় মৌসুমীর। বিয়ের পর অনেক দিন জামাইয়ের হাতখরচ চালিয়েছেন মৌসুমীর বাবা। এভাবে কয়েক বছর কেটে যায়। একদিন সরকারি চাকরি পায় সালমান। চাকরিতে যোগ দিয়ে সালমান তার শ্বশুরের কাছে যৌতুক দাবি করে। সালমানের বাবা বলেন, ‘আমার সরকারি চাকুরে সোনার ছেলেকে অন্যত্র বিয়ে দিলে বউয়ের শরীর সোনায় ভরিয়ে দেবে।’ যৌতুকের জন্য মৌসুমীর ওপর চাপ দিতে থাকে সালমান। মৌসুমী মুক্তির পথ খোঁজে আত্মবিসর্জনের মধ্য দিয়ে।
প্রশ্ন:
ক. নিরুপমার স্বামী পেশায় কী ছিলেন?
খ. নিরুপমার পক্ষে তার শ্বশুরবাড়ি শরশয্যা হয়ে উঠল কেন?
গ. উদ্দীপকটি ‘দেনাপাওনা’ গল্পের যে দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো।
ঘ. ‘মৌসুমী মুক্তির পথ খোঁজে আত্মবিসর্জনের মধ্য দিয়ে’—দেনাপাওনা গল্পের আলোকে মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর-ক.
নিরুপমার স্বামী পেশায় ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন।

উত্তর-খ.

.
.

যৌতুকের ১০ হাজার টাকা শোধ করতে না পারায় নিরুপমার পক্ষে তার শ্বশুরবাড়ি শরশয্যা হয়ে উঠল।
নিরুপমার শাশুড়ি তাকে উঠতে বসতে খোটা দেন, পিতৃগৃহের নিন্দা করেন। দাস-দাসী ও কর্তা-গৃহিণীদের অনুগ্রহ নিয়ে সে শ্বশুরবাড়ি বসবাস করতে থাকে। বাপের বাড়ির আত্মীয়দের সঙ্গে নিরুপমার সাক্ষাত্কার সম্পূর্ণ নিষেধ হয়ে গেল। যৌতুকের টাকা রামসুন্দর পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় নিরুপমার পক্ষে শ্বশুরবাড়ি শরশয্যা হয়ে উঠল।
উত্তর-গ.
উদ্দীপকটি ‘দেনাপাওনা’ গল্পের যৌতুকের কুফল নির্ণয়ের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
নিম্নমধ্যবিত্ত পরিবারের রামসুন্দর মিত্র বনেদি বংশের ছেলের সঙ্গে একমাত্র মেয়ে নিরুপমার বিয়ে দেন। বরপক্ষের দাবিকৃত ১০ হাজার টাকার মধ্যে ছয়-সাত হাজার টাকা বাকি পড়ে। সময়মতো টাকা পরিশোধ করতে না পারায় নিরুপমার শাশুড়ি তাকে উঠতে বসতে খোটা দেন। দাস-দাসীরাও তার সঙ্গে ভালো আচরণ করে না। বাপের বাড়ির আত্মীয়দের সঙ্গে নিরুপমার সাক্ষাত্ বন্ধ হয়ে যায়। ফলে মানসিক চাপ সহ্য করতে না পেরে সে মৃত্যুমুখে পতিত হয়।
উদ্দীপকের যৌতুক প্রত্যাশী জামাই সালমান কর্তৃক যৌতুক দাবি করা নৈতিকতাবিরোধী। যৌতুক দেওয়ার সামর্থ্য না থাকায় মৌসুমীকে আত্মাহুতি দিতে হয়েছে। মৌসুমীর মতো পরিণতি দেখা যায় ‘দেনাপাওনা’ গল্পে। এখানে শ্বশুর-শাশুড়ির যৌতুক লিপ্সার কারণেই নিরুপমাকে অকালে দুনিয়া থেকে চিরবিদায় নিতে হয়েছে। ‘দেনাপাওনা’ গল্প ও উদ্দীপক উভয় ক্ষেত্রেই যৌতুকের বলি হয়েছে দুজন নারী। এদিক উভয়ের মধ্যে সাদৃশ্য বিদ্যমান।

উত্তর-ঘ.
‘মৌসুমী মুক্তির পথ খোঁজে আত্মবিসর্জনের মধ্য দিয়ে’ মন্তব্যটির সঙ্গে আমি একমত পোষণ করছি। কেননা উভয়েই যৌতুকের বলি হয়েছে।
‘দেনাপাওনা’ গল্পে রামসুন্দর মিত্রের একমাত্র মেয়ে নিরুপমাকে বনেদি বংশের ছেলের সঙ্গে বিয়ে দেন। বরপক্ষের দাবিকৃত ১০ হাজার টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় নিরুপমার শাশুড়ি তাকে উঠতে বসতে কথা শোনান। বাড়ির দাস-দাসিরাও তার সঙ্গে ভালো আচরণ করে না। বাপের বাড়ির আত্মীয়দের সঙ্গে নিরুপমার সাক্ষাত্ বন্ধ হয়ে যায়। ফলে মানসিক চাপে সে মৃত্যুমুখে পতিত হয়।
অন্যদিকে উদ্দীপকের সালমান সরকারি চাকরি পাওয়ার পর তার শ্বশুরের নিকট যৌতুক দাবি করে। যৌতুকের দাবিতে মৌসুমীর ওপর চাপ বাড়াতে থাকে সালমান। এই অনৈতিক দাবির কারণে মৌসুমীর পরিবারকে একসময় চরম মূল্য দিতে হয়। যৌতুক দেওয়ার সামর্থ না থাকায় মৌসুমী লজ্জায়-অপমানে আত্মাহুতির পথ বেছে নেয়। মৌসুমীর মতো পরিণতি দেখা যায় ‘দেনাপাওনা’ গল্পে। সেখানে শ্বশুর শাশুড়ির যৌতুক লিপ্সার কারণেই নিরুপমা অকালে মৃত্যুমুখে পতিত হয়।
উদ্দীপক ও ‘দেনাপাওনা’ গল্প পর্যালোচনা করে দেখা যায়, আত্মবিসর্জনের মধ্য দিয়ে মৌসুমীর মুক্তির পথের অনুসন্ধান যথার্থভাবে মিলে গেছে নিরুপমার পরিস্থিতির সঙ্গে। উদ্দীপকের মৌসুমীর মতোই শেষ পরিণতি ঘটেছে দেনাপাওনা গল্পের নিরুপমার জীবনে। যৌতুক নামক ঘাতকের জাঁতাকলে পিষ্ট হয়ে নিরুপমা ও মৌসুমী পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে। সুতরাং বলা যায়, মৌসুমী মুক্তির পথ খোঁজে আত্মবিসর্জনের মধ্য দিয়ে’ মন্তব্যটি যথার্থ।
সিনিয়র সহকারী শিক্ষক, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা