বঙ্গভূমির প্রতি
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘বঙ্গভূমির প্রতি’ কবিতা থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
# নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:
সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য
কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য!
ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি
তবু নিশিদিনে ভুলিতে পারি নে সেই
দুই বিঘা জমি।
প্রশ্ন:
ক. বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম কী? ১
খ. কবি জীবনকে নদের সঙ্গে তুলনা করেছেন কেন? বুঝিয়ে লেখো। ২
গ. উদ্দীপকের ভাবানুভূতি ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কীভাবে প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘উদ্দীপকটি “বঙ্গভূমির প্রতি” কবিতার সমগ্র ভাব ধারণ করতে পারেনি’—মন্তব্যটির সত্যতা যাচাই করো। ৪
উত্তর-ক.
বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম মেঘনাদবধ কাব্য।
উত্তর-খ.
কবি জীবনকে নদের সঙ্গে তুলনা করেছেন, কারণ জীবন ও নদ উভয়ই প্রবাহমান।
জীবন কখনো থেমে থাকে না। জীবন তার নিজস্ব গতিতে চলতে থাকে। যত বাধা-বিপত্তি আসুক না কেন, জীবনের গতিপথ কখনো স্থির হয়ে যায় না। তেমনি নদও কখনো স্থির থাকে না। বহমানতাই তার চিরন্তন বৈশিষ্ট্য। আর এ জন্যই কবি জীবনকে নদের সঙ্গে তুলনা করেছেন।
উত্তর-গ.
উদ্দীপকের ভাবানুভূতি ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবির সুগভীর স্বদেশপ্রেমের বর্ণনার মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।
উদ্দীপক থেকে জানা যায়, সন্ন্যাসী বেশে বিভিন্ন দেশে ঘুরে, বিভিন্ন সাধুর শিষ্য হয়েও একজন মানুষ তার দুই বিঘা জমির স্মৃতি ভুলতে পারেনি। শুধু তা-ই নয়, বিদেশের তীর্থস্থান, মনোরম দৃশ্যপটও তার জন্মভূমির দুই বিঘা জমির সমকক্ষ হতে পারেনি। অন্য দেশের পাহাড়, পর্বত, শহর—কোনো কিছুই তার স্বদেশপ্রেমকে ম্লান করতে পারেনি। আবার ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায়ও দেখা যায়, কবি দেশমাতৃকাকে গভীরভাবে ভালোবাসেন। তাই স্বদেশকে তিনি মা বলে সম্বোধন করেছেন।
‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একাগ্রতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে। দেশকে কবি মা হিসেবে কল্পনা করে নিজেকে ভেবেছেন তার সন্তান। আর দেশমাতৃকাকে তিনি ভুলতে পারেন না বলেই দেশমাতৃকার স্মৃতিতে চিরকাল বেঁচে থাকার অভিপ্রায় ব্যক্ত করেছেন। মায়ের কাছে মিনতি করেছেন, সে যেন কবিকে ভুলে না যায়। আর দেশ যদি তাঁকে মনে রাখে, তবে তিনি মরণকেও ভয় পান না। কবি জানেন, তাঁর এমন কোনো গুণ নেই, যার কারণে স্বদেশ তাঁকে মনে রাখবে। তাই আমরা বলতে পারি, উদ্দীপকের ভাবানুভূতি ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় প্রতিফলিত হয়েছে।
উত্তর-ঘ.
উদ্দীপকটি ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার স্বদেশের প্রতি ভালোবাসার দিকটিকে উপস্থাপন করলেও কবির স্মরণীয় হয়ে থাকার ইচ্ছাকে প্রকাশ না করায় তা কবিতাটির সমগ্র ভাব ধারণ করতে পারেনি।
উদ্দীপকে দেখা যায়, সাধুর শিষ্য হয়ে দেশে দেশে ঘুরে বেড়ালেও এবং মনোহর দৃশ্য অবলোকন করলেও নিজের ভিটাকে ভোলা যায় না। তাই দুই বিঘা জমিকে নিশিদিনেও বিস্মৃত হওয়া সম্ভব হয়নি। উদ্দীপকের এ ঘটনার দ্বারা মূলত জন্মভূমির প্রতি মানুষের ভালোবাসার দিকটিকেই তুলে ধরা হয়েছে। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায়ও কবির গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের পাশাপাশি দেশকে ভুলে থাকার দরুন কবির অনুশোচনাবোধ এবং সর্বোপরি দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকার ইচ্ছার দিকটিও প্রকাশ পেয়েছে। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবির মনের অভিব্যক্তিকে তুলে ধরা হয়েছে। কবি স্বদেশ ছেড়ে দূরে থাকায় সর্বদা স্বদেশকে স্মরণ করে কষ্ট পেয়েছেন। স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একাগ্রতা প্রকাশ পেয়েছে এই কবিতায়। এর পাশাপাশি তিনি দেশকে মা হিসেবে কল্পনা করে তাঁর ভুলের জন্য অনুতপ্ত হয়েছেন এবং দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। উদ্দীপকে কবিতায় আলোচ্য দেশাত্মবোধের বিষয়টিই কেবল উপস্থাপিত হয়েছে, অন্যগুলো নয়। তাই বলা যায়, ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় আলোচ্য দেশাত্মবোধের বিষয়টিকেই কেবল উপস্থাপন করায় উদ্দীপকটি এই কবিতার সমগ্র ভাবকে ধারণ করতে পারেনি।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা