বঙ্গভূমির প্রতি
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘বঙ্গভূমির প্রতি’ কবিতা থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
বাঙালির সনে মিশে প্রাণে প্রাণে
থাকিব সতত জীবনে মরণে
বাঙালি আমার আপনার জন
বাঙালি আমার ভাই
প্রশ্ন:
ক. ‘শমন’ শব্দের অর্থ কী? ১
খ. ‘রেখো মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে’—কবির এ মিনতির কারণ কী? ২
গ. উদ্দীপকের কবিতাংশের প্রত্যাশা ও কবির প্রত্যাশার তুলনামূলক বিচার করো। ৩
ঘ. ‘উদ্দীপকের কবিতাংশ “বঙ্গভূমির প্রতি” কবিতার সামগ্রিক ভাবকে প্রকাশ করেনি’—মন্তব্যটি যুক্তি দিয়ে বিশ্লেষণ করো। ৪
উত্তর-ক.
‘শমন’ শব্দের অর্থ ‘মৃত্যুর দেবতা’।
উত্তর-খ.
দেশের কাছে ভালোবাসার পাত্র হওয়ার অভিপ্রায়ে কবি প্রশ্নোক্ত উক্তিটি করেছেন।
কবি নিজেকে দেশমাতৃকার সেবক হিসেবে কল্পনা করেছেন। তাই তিনি নিজেকে দাস হিসেবে পরিচয় দিয়েছেন। সঙ্গে সঙ্গে নিজ কৃত ভুলের কারণে দেশমাতৃকার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। দেশমাতৃকা যেন কবিকে ভুলে না যায়। অনুতপ্ত কবি দেশমাতৃকার কাছে এই মিনতি করেছেন।
উত্তর-গ.
উদ্দীপকের কবিতাংশের প্রত্যাশা ও ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার কবির প্রত্যাশা হলো বাঙালির হূদয়ে চিরকাল বেঁচে থাকা।
উদ্দীপকের কবিতাংশে বাঙালিকে আপনজন ও ভাই বলে সম্বোধন করা হয়েছে। সর্বোপরি বাঙালির হূদয়ে, বাঙালির জীবনে-মরণে সব সময় মিশে থাকার কথা ব্যক্ত হয়েছে। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি প্রবাসে থাকা সত্ত্বেও নিজের জন্মভূমিকে ভুলতে পারেননি। জন্মভূমির প্রতি তাঁর যে গভীর মমতা ও প্রেম তা, একটুও কমেনি। তিনি জন্মভূমিকে মা বলে সম্বোধন করে নিজেকে তার সন্তান বলে পরিচয় দিয়েছেন। কবি বলেন যে তাঁর দোষগুলো যেন দেশমাতৃকা ঠিক সেভাবেই ক্ষমা করে দেন, যেভাবে একজন মা তাঁর সন্তানের দোষত্রুটি ক্ষমা করে থাকেন। কবি তাঁর স্বদেশের মানুষের বুকে স্মরণীয় হয়ে থাকতে চান। আবার বিনয়ের সঙ্গে এও বলেছেন, তাঁর এমন কোনো গুণ নেই, যে কারণে তিনি স্মরণীয় হতে পারেন। তাই বলা যায়, উদ্দীপকের কবিতাংশের প্রত্যাশা ও কবির প্রত্যাশা একই বৃন্তে এসে মিলেছে।
উত্তর-ঘ.
উদ্দীপকের কবিতাংশ ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার সামগ্রিক ভাবকে প্রকাশ করেনি। কারণ উদ্দীপকে বাঙালির সঙ্গে মিশে থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় স্বদেশের প্রতি শ্রদ্ধা ও একাগ্রতা তীব্রভাবে প্রকাশ করেছেন।
উদ্দীপকের কবিতাংশে বাঙালির প্রাণের সঙ্গে মিশে থাকার প্রত্যাশা ব্যক্ত হয়েছে। জীবনে-মরণে সর্বদা বাঙালির সঙ্গেই থাকার কথা বলা হয়েছে। বাঙালিকে নিজের আপনজন ও নিজের ভাই হিসেবে কল্পনা করা হয়েছে। কথাগুলোর মধ্য দিয়ে প্রধানত যে ভাবের প্রকাশ ঘটেছে, তা হলো বাঙালির হূদয়ে স্মরণীয় হয়ে থাকার বাসনা। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার কবিমনে প্রবাসের ঐশ্বর্য ও জৌলুশ সত্ত্বেও নিজ দেশের প্রতি গভীর আগ্রহবোধ জন্মে। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি দেশকে মা বলে ভেবেছেন আর নিজেকে দেশের সন্তান বলে ভেবেছেন। কবি দেশমাতৃকার কাছে ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন। মা যেভাবে তাঁর সন্তানের অপরাধ মার্জনা করে থাকেন, দেশমাতৃকাও যেন কবিকে তাঁর সন্তান মনে করে ক্ষমা করে দেন। তাহলে কবি যদি দৈবক্রমে প্রবাসে মারাও যান, তাতে তাঁর কোনো ক্ষোভ থাকবে না। কবি এও ব্যক্ত করেছেন, যদি দেশ তাঁকে মনে রাখে, তবে তিনি মৃত্যুকেও ভয় পান না। কবি বিনয়ের সঙ্গে বলেন, দেশ যে তাঁকে মনে রাখবে, সে রকম কোনো গুণ তাঁর নেই। তবু তিনি দেশের মানুষের স্মৃতিতে অমর হয়ে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। দেশের বুকে পদ্মফুল হয়ে বেঁচে থাকার ইচ্ছাও তিনি প্রকাশ করেছেন। উদ্দীপকে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার কবির স্মরণীয় হয়ে থাকার যে বাসনা তা ফুটে উঠলেও অন্য দিকগুলো অনুপস্থিত। তাই এ কথা স্বতঃসিদ্ধ যে উদ্দীপকের কবিতাংশে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার সামগ্রিক ভাব প্রকাশ পায়নি।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা