দুই বিঘা জমি
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের দুই বিঘা জমি কবিতা থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
পলাশপুর গ্রামের ধনাঢ্য ব্যক্তি জাহিদ চৌধুরীর বাড়ির পাশে বাস করে রিকশাচালক দবির উদ্দীন। দবিরের মেয়ের বিয়ের খরচ জোগাড় করতে বসতভিটা চৌধুরী সাহেবের কাছে বিক্রি করতে যায়। সব শুনে চৌধুরী সাহেব বলেন, ‘প্রয়োজনে তোমার মেয়ের বিয়ের সব খরচ আমি দেব। তবু তোমার শেষ আশ্রয়টুকু হারানোর দরকার নেই। এ প্রস্তাব শুনে দবিরের চোখে জল আসে।
প্রশ্ন: ক. উপেন গ্রামে ফিরতে কোনটিকে বাঁ পাশে ফেলে আসে? ১
খ. জমিদার উপেনের জমি নিতে চায় কেন? ২
গ. উদ্দীপকের চৌধুরী সাহেবের মানসিকতার সঙ্গে ‘দুই বিঘা জমি’ কবিতার জমিদারের মানসিকতার বৈসাদৃশ্য নির্ণয় কর। ৩
ঘ. ‘জমিদার যদি চৌধুরী সাহেবের মতো হতেন, তবে “দুই বিঘা জমি” কবিতার চিত্র ভিন্ন হতে পারত’—মন্তব্যটির সত্যতা যাচাই করো। ৪
উত্তর: ক.
উপেন গ্রামে ফিরতে রথতলা বাঁয়ে ফেলে আসে।
উত্তর: খ.
জমিদার তাঁর শখের বাগান তৈরি করতে উপেনের জমি কিনতে চেয়েছিলেন।
দরিদ্র কৃষক উপেন অভাব-অনটনে বন্ধক দিয়ে তাঁর প্রায় সব জমি হারিয়েছে। বাকি ছিল দুই বিঘা জমি। তাও জমিদার তার বাগান বানানোর জন্য দখল নিতে চান।
উত্তর: গ.
উদ্দীপকের চৌধুরী সাহেবের মানসিকতার সঙ্গে ‘দুই বিঘা জমি’ কবিতার জমিদারের মানসিকতা সম্পূর্ণ বিপরীতধর্মী। চৌধুরী সাহেব উদার প্রকৃতির মানুষ আর জমিদার অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির মানুষ।
উদ্দীপকের চৌধুরী সাহেব গরিব দবিরের দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়েছেন। দবির তার বসতবাড়ি বিক্রি করতে চাইলে তিনি তা কিনতে রাজি হননি। বরং তাকে বলেছেন, তোমার শেষ আশ্রয়টুকু হারানোর দরকার নেই। আর দবিরের মেয়ের বিয়ের সমস্ত খরচও তিনি নিজে বহন করার আশ্বাস দিয়েছেন। অর্থাত্ জাহিদ চৌধুরী নিঃসন্দেহে একজন ভালো মানুষ। অপর দিকে ‘দুই বিঘা জমি’ কবিতায় দেখা যায়, জমিদার একজন হীন প্রকৃতির মানুষ। গরিব উপেনের শেষ সম্বলটুকু কেড়ে নিতে তার এতটুকু খারাপ লাগেনি। বরং উপেন জমি বিক্রি করতে না চাইলে মিথ্যা মামলা দিয়ে জমিদার সেই জমি দখল করে নেন। অবশেষে ভিটেছাড়া হয়ে উপেন বাধ্য হয় পথে বেরোতে। সাধু হয়ে সে গ্রাম-গ্রামান্তরে ঘোরে। জমিদার অত্যন্ত স্বার্থপর শ্রেণির মানুষ। তাই তিনি উপেনকে বাস্তুহারা করতে পেরেছিলেন। তাই বলা যায়, উদ্দীপকের জাহিদ চৌধুরীর মানসিকতার সঙ্গে আলোচ্য কবিতার জমিদারের মানসিকতার বৈসাদৃশ্য রয়েছে।
উত্তর: ঘ.
জমিদার যদি চৌধুরী সাহেবের মতো হতেন, তাহলে ‘দুই বিঘা জমি’ কবিতার উপেনকে বাস্তুহারা হতে হতো না এবং কবিতার চিত্রেও নির্লোভ মানসিকতার সঙ্গে গরিবের প্রতি ধনীর উদার দৃষ্টিভঙ্গি দেখা যেত।
উদ্দীপকে দেখা যায়, ধনাঢ্য জাহিদ চৌধুরীর জন্য দবিরের শেষ আশ্রয়টুকু রক্ষা পায়। চৌধুরী সাহেব এমন উদার না হলে দবিরকেও ‘দুই বিঘা জমি’ কবিতার উপেনের মতো পথে পথে ঘুরতে হতো। চৌধুরী সাহেব মহত্ হূদয়ের মানুষ বলেই তিনি দবিরের মেয়ের বিয়ের খরচ বহন করেন। ‘দুই বিঘা জমি’ কবিতায় দেখা যায়, দরিদ্র কৃষক উপেন অভাব-অনটনে বন্ধক দিয়ে তার প্রায় সব জমি হারিয়েছে। বাকি ছিল মাত্র দুই বিঘা জমি। জমিদার তাঁর বাগান বাড়ানোর জন্য সেই জমিও দখল নিতে চান। অবশেষে জমিদার মামলা দিয়ে সেই জমি দখল করেই ছাড়েন। ফলে উপেন বাধ্য হয় সাতপুরুষের স্মৃতিবিজড়িত জমি ছাড়তে। একদিন গ্রামে ফিরে এসে দেখে, সবকিছু ঠিক থাকলেও তার ভিটে আজ নিশ্চিহ্ন। সে লক্ষ করে, তার ছোটবেলার স্মৃতিবিজড়িত সেই আমগাছটি এখনো আছে। হঠাত্ বাতাসে দুটো আম পড়লে সে তা তুলে নেয়। এতে তার ভাগ্যে জোটে চোরের অপবাদ। সমাজে এক শ্রেণির লুটেরা বিত্তবান অর্থ, শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে। কবিতার জমিদার এদেরই সার্থক প্রতিনিধি। উপেন জমিদারের অমানবিক নির্যাতনে নিষ্পেষিত। জমিদারের কারণে সে তার জমি হারায়। শেষ পর্যন্ত জমিদার তাকে চোর বলে মিথ্যা অপবাদ দেয়। উদ্দীপকের জাহিদ সাহেবের মানসিকতার মতো যদি কবিতার জমিদার উদার হতেন, তাহলে কবিতার পুরো প্রেক্ষাপট পাল্টে যেত
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা