বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বিঘা জমি
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের দুই বিঘা জমি কবিতা থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

*সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব অত্যন্ত সত্ ও ন্যায়পরায়ণ ব্যক্তি। তিনি সবাইকে সমান চোখে দেখেন। এমনকি বাড়ির চাকর মকবুলকেও নিজের ছেলের মতো জামাকাপড় কিনে দেন, একসঙ্গে বসে খাবার খান। এ জন্য অনেকে ভুল করে মকবুলকে চেয়ারম্যানের নিকট আত্মীয় বলে মনে করেন।
প্রশ্ন: ক. ‘দুই বিঘা জমি’ কবিতার উত্স কী? ১
খ. ‘চোখে আসে জল ভরে’ কেন? বুঝিয়ে লেখো। ২
গ. চেয়ারম্যানের সঙ্গে কবিতার জমিদারের চারিত্রিক বৈসাদৃশ্য কী? ব্যাখ্যা করো। ৩
ঘ. কবিতার জমিদার যদি উদ্দীপকের চেয়ারম্যানের মতো হতেন, তবে উপেনের পরিণতি এমন হতো না। বিশ্লেষণ করো। ৪
উত্তর: ক.
‘দুই বিঘা জমি’ কবিতার উত্স হলো কথা ও কাহিনী কাব্যগ্রন্থ।
উত্তর: খ.
অনেক বছর পর ফিরে এসে নিজের মাতৃসম গ্রামকে দেখে উপেনের চোখ ভরে জল আসে।
ভূস্বামীর অত্যাচারে সর্বস্বান্ত হয়ে উপেন একদা সন্ন্যাসীজীবন বেছে নেয়। পনেরো-ষোলো বছর পর নিজ গ্রামে এসে স্নিগ্ধ বাতাস, নদীর তীর, অবারিত মাঠ, নিবিড় বনানী দিঘির কালো জল প্রভৃতি দেখে উপেন অভিভূত হয়। চোখে তার জল ভরে আসে।
উত্তর: গ.
উদ্দীপকের চেয়ারম্যান সত্ ও ন্যায়পরায়ণ ব্যক্তি আর ‘দুই বিঘা জমি’ কবিতার জমিদার একজন লুটেরা, অন্যায়কারী ও অত্যাচারী—এদিক থেকে উভয়ের মধ্যে বৈসাদৃশ্য বিদ্যমান।
উদ্দীপকে উল্লিখিত সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব অত্যন্ত সত্ ও ন্যায়পরায়ণ ব্যক্তি। তাঁর দৃষ্টিতে সবাই সমান। তাঁর বাড়ির চাকর মকবুলকেও তিনি নিজের ছেলের মতো জামাকাপড় কিনে দেন, একসঙ্গে খাওয়াদাওয়া করেন। এসব দেখে অনেকেই মকবুলকে চেয়ারম্যান সাহেবের ঘনিষ্ঠ আত্মীয় বলে মনে করেন। পক্ষান্তরে ‘দুই বিঘা জমি’ কবিতায় আমরা যেই জমিদারের পরিচয় পাই, তাঁর চরিত্র কলুষিত। তিনি একজন ভূমি দখলকারী, প্রতারক ও অত্যাচারী। তাঁর অত্যাচারের করালগ্রাস থেকে সামান্য পরিমাণ জমির মালিক উপেন পর্যন্ত রক্ষা পায়নি। পূর্বপুরুষের ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় জমিদার তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে নিঃস্ব করে দেন। বাড়ি ছেড়ে গিয়ে বহু বছর পর উপেন বাড়িতে ফিরে এসে নিজের আমগাছ থেকে ঝরে পড়া দুটি আম কুড়িয়ে আনতে গেলে ভূস্বামী তাকে চোর সাব্যস্ত করেন। তাই বলা যায়, উদ্দীপকের চেয়ারমান সচ্চরিত্রের অধিকারী আর কবিতার জমিদার কুস্বভাবের অধিকারী।
উত্তর: ঘ.
‘দুই বিঘা জমি’ কবিতার জমিদার যদি উদ্দীপকের চেয়ারম্যানের মতো হতেন, তবে উপেনের খারাপ পরিণতি হতো না—কথাটি বাস্তবিকই সত্য।
উদ্দীপকে উল্লিখিত চেয়ারম্যান সাহেব অত্যন্ত সত্ ও ন্যায়পরায়ণ ব্যক্তি। সমাজের সব শ্রেণির মানুষের মর্যাদা তাঁর কাছে সমান। এমনকি বাড়ির চাকর মকবুলকেও তিনি নিজের ছেলের মতো দেখভাল করেন। অন্যদিকে ‘দুই বিঘা জমি’ কবিতার জমিদার একজন নিষ্ঠুর লোক।
কবিতায় আমরা যেই জমিদারের পরিচয় পাই, তিনি ভোগ দখলকারী। নিজের বাগানের পরিধি বাড়ানোর জন্য তিনি উপেনের একমাত্র সম্বল দুই বিঘা জমি দখল করে নিতে চান। কিন্তু উপেন সে জমি দিতে চায় না। এতে অত্যাচারী জমিদার উপেনের নামে মিথ্যা মামলা দিয়ে জমিটুকু দখল করে নেন। ভিটেছাড়া হয়ে উপেন বাধ্য হয় পথে নামতে। পনেরো-ষোলো বছর পর গ্রামে ফিরে এসেও সে জমিদারের দ্বারা অত্যাচারিত হয়। নিজের লাগানো আমগাছের দুটি আম কুড়িয়ে নিতে গেলে জমিদার উপেনকে চোর সাব্যস্ত করেন।
মানবসমাজে এক শ্রেণির লুটেরা বিত্তবান প্রবল প্রতাপ নিয়ে বাস করে। তারা সাধারণ মানুষের ধন সম্পদ লুট করে, জোরপূর্বক কেড়ে নিয়ে সম্পদশালী হয়। অর্থ ও শক্তির জোরে অবাধে অন্যায় অত্যাচার করে যায়। তারা সাধারণ মানুষের ওপর অবিচার করে অর্থ সম্পদ গড়ে তুলেছেন। কবিতায় দেখা যায়, অত্যাচারের খড়্গ উপেন নামক গরিব লোকটিকেও ছাড়েনি। তাকে পথের ভিখারি হতে বাধ্য করেছে। জমিদার যদি উদ্দীপকের চেয়ারম্যানের মতো সত্, আদর্শবান ও ভালো মানুষ হতেন, তাহলে কৃষক উপেনকে এই নির্মম পরিণতি ভোগ করতে হতো না।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা