আবার আসিব ফিরে
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘আবার আসিব ফিরে’ কবিতা থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
আজকে সকালে এই গ্রাম দেখে
পলক পড়ে না চোখে
নদীর কিনারে, ঘন বনের ধারে
অমাবস্যার দিঘির পাড়ে,
আম জাম কাঁঠালের মিনারে মিনারে,
ধান ক্ষেত ঘেরা সীমাহীন মাঠে মাঠে
এই সব ছোট ছোট গ্রাম,
আমার দেশের নাম খোদা তার সোনার ফলকে
আমার সোনার দেশ
সোনা হল এই সব গ্রামে গ্রামে।
ক. লক্ষ্মীপেঁচা কোথায় ডাকছে? ১
খ. ‘খইয়ের ধান’ শিশু উঠানে ছড়ায় কেন? ২
গ. কবিতাংশে বর্ণিত ‘আবার আসিব ফিরে’ কবিতার আলোকিত দিকটি চিহ্নিত করো। ৩
ঘ. ‘উদ্দীপকে ‘আবার আসিব ফিরে’ কবিতাটির মুখ্য বিষয় প্রকাশ পেয়েছে।’—বিশ্লেষণ করো। ৪
উত্তর-ক. লক্ষ্মীপেঁচা শিমুলের ডালে ডাকছে।
উত্তর-খ. শিশু মনের আনন্দে ‘খইয়ের ধান’ উঠানে ছড়ায়।
শিশুরা মনের আনন্দেই সবকিছু করে থাকে। কবি জীবনানন্দ দাশের ভাষায়, ‘হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে।’ কবির এই উক্তির মাধ্যমে কবিমনের ইচ্ছা ও শিশুমনের আনন্দের প্রকাশ ঘটেছে।
উত্তর-গ. উদ্দীপকের কবিতাংশে ‘আবার আসিব ফিরে’ কবিতার আলোকিত যে দিকটি চিহ্নিত করা যায়, তা হলো বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনার মধ্য দিয়ে দেশপ্রেম প্রকাশ করা।
উদ্দীপকের কবি বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কবির চোখে বাংলার রূপ-ঐশ্বর্যের মধ্যে তাঁর দেশের নাম সোনার ফলকে খোদাই করা আছে। বাংলার গ্রাম গড়ে উঠেছে নদীর কিনারে, ঘন বনের ধারে অমাবস্যার দিঘির পাড়ে, গাছগাছালির মাঝে। এসব গ্রামের চারদিক ধানখেত আর সীমাহীন মাঠে ঘেরা। কবির মতে তাঁর সোনার দেশ, অর্থাত্ বাংলাদেশ সোনার দেশ হলো এসব গ্রামের জন্যই। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি তাঁর প্রিয় জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিসগুলো সুন্দর দৃষ্টিতে দেখেছেন। তিনি ভোরের কাক, লক্ষ্মীপেঁচা, শঙ্খচিল, শালিক, হাঁস এমনকি সন্ধ্যার আকাশে উড়তে থাকা সুদর্শন—কোনো কিছুকেই তাঁর বর্ণনা থেকে বাদ দেননি। এ ছাড়া নদী, কুয়াশা, কাঁঠালের ছায়াসহ প্রকৃতির আরও কিছু উপাদানকে কবি তাঁর কবিতায় স্থান দিয়ে বাংলার প্রকৃতির রূপসৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দিয়েছেন বহু গুণে।
উত্তর-ঘ. প্রকৃতিপ্রেমের সঙ্গে সঙ্গে দেশপ্রেমগত বিচারে উদ্দীপকটি ও ‘আবার আসিব ফিরে’ কবিতাটির মুখ্য বিষয় প্রকাশ পেয়েছে।
উদ্দীপকের কবিতাংশে গ্রামবাংলার প্রকৃতিকে নিয়ে এক অনুপম বর্ণনা উপস্থাপন করা হয়েছে। এখানে কবি গ্রামবাংলার সৌন্দর্যে অভিভূত। গ্রামকে ঘিরে কবি যে সৌন্দর্যের ছবি এঁকেছেন, তা এ রকম—ধানখেত ঘেরা সীমানাহীন মাঠে এসব ছোট গ্রাম। গ্রামগুলো গড়ে উঠেছে নদীর কিনারে, ঘন বনের ধারে, অমাবস্যার দিঘির পাড়ে। আম, জাম আর কাঁঠালের মিনারে মিনারে। অর্থাত্ ছায়াসুনিবিড় পরিবেশে গ্রামের অবস্থান। কবি বলেন, এ দেশ সোনার দেশ হয়েছে গ্রামগুলোর জন্যই। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি জীবনানন্দ দাশ গ্রামবাংলার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার মাধ্যমে দেশের প্রতি তাঁর যে অগাধ প্রেম তা প্রকাশ করেছেন।
‘আবার আসিব ফিরে’ কবিতার মুখ্য বিষয় হচ্ছে বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্য ও দেশের প্রতি মমত্ববোধ প্রকাশ। কবি জীবনানন্দ দাশ তাঁর এ কবিতায় প্রকৃতির অপরূপ বর্ণনা তুলে ধরার মাধ্যমে দেশপ্রেমের চমত্কার পরিচয় দিয়েছেন। কবি মনে করেন তাঁর মৃত্যুর পরেও দেশের সঙ্গে তাঁর মমতার বাঁধন ছিন্ন হবে না। তিনি বাংলার নদী, মাঠ, ফসলের খেতকে ভালোবেসে শঙ্খচিল বা শালিকের বেশে এ দেশে ফিরে আসবেন। কখনো কাঁঠালের তলায় ভোরের কাক হয়ে কুয়াশায় মিশে যাবেন। এই বাংলার প্রকৃতিকে ভালোবেসে কবি হাঁস হয়ে সারা দিন কলমির গন্ধে ভরা বিলের পানিতে ভেসে বেড়াবেন। কবি আরও বলেন, দিনের শেষে যে সাদা বকের দল মেঘের কোল ঘেঁষে নীড়ে ফিরে আসে, তাদের মধ্যেও তাঁকে খুঁজে পাওয়া যাবে। এভাবে মৃত্যুর পরেও তিনি বাংলার সৌন্দর্যে ভরা প্রকৃতিতে মিশে যেতে চান। উদ্দীপকে ‘আবার আসিব ফিরে’ কবিতার মুখ্য বিষয় গ্রামবাংলার প্রাকৃতিক সৌন্দর্য ও দেশের প্রতি মমত্ববোধ প্রকাশ পেয়েছে।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা